Originally posted in আমাদের সময় on 26 November 2026

অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ। তিনি বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে (বিআইডিএস) দীর্ঘ ২৫ বছর কাজ করেছেন। পরবর্তী সময়ে তিনি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিতে (ইউএনডিপি) যোগ দেন; সেখানে ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ইকোনমিস্ট হিসেবে দুই বছর এবং নিউইয়র্কে সংস্থাটির পলিসি অ্যাডভাইজার হিসেবে তিন বছর দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত। নাজনীন আহমেদ মূল্যস্ফীতি, বিনিয়োগের স্থবিরতা, ব্যাংকিং খাতের দুর্বলতা ও আয়বৈষম্য, বিনিয়োগবান্ধব পরিবেশ, কর্মসংস্থান সৃষ্টি, ব্যাংকিং খাতে সুশাসন এবং মানবসম্পদ উন্নয়ন, ঋণখেলাপি, এলডিসি উত্তরণ, তরুণ উদ্যোক্তা, শ্রমিকের ন্যায্য মজুরিকাঠামোসহ নানা বিষয় নিয়ে দৈনিক আমাদের সময়ের সঙ্গে কথা বলেছেন। সাক্ষাৎকার নিয়েছেন রণজিৎ সরকার
আমাদের সময় : মূল্যস্ফীতি, বিনিয়োগের স্থবিরতা, ব্যাংকিং খাতের দুর্বলতা ও রাজস্ব ঘাটতি- সব মিলিয়ে বাংলাদেশের অর্থনীতি নানা চাপে রয়েছে। এই সংকট থেকে উত্তরণে সরকারের সবচেয়ে জরুরি পদক্ষেপ কী হওয়া উচিত?
নাজনীন আহমেদ : অর্থনীতির সংকট মোকাবিলায় সরকারকে সমন্বিত উদ্যোগ নিতে হবে। প্রথমেই বাজেট বাস্তবায়ন ও রাজস্ব আদায়ে গুরুত্ব দিতে হবে। উন্নয়ন কার্যক্রম পরিচালনা এবং অর্থনীতির বিভিন্ন সমস্যা সমাধানে সরকারের অর্থের প্রয়োজন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রানীতির বিষয়টিও পুনর্বিবেচনা করা জরুরি। সাধারণত মূল্যস্ফীতি বাড়লে সংকোচনমূলক মুদ্রানীতি নেওয়া হয়। কিন্তু বাংলাদেশের বর্তমান মূল্যস্ফীতির বড় কারণ সরবরাহব্যবস্থার সমস্যা, চাহিদা বৃদ্ধি নয়। তাই শুধু সংকোচনমূলক মুদ্রানীতি কার্যকর হচ্ছে না। বরং উচ্চ সুদের কারণে বিনিয়োগ কমছে, কর্মসংস্থান বাধাগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় সম্প্রসারণমূলক মুদ্রানীতির দিকে যাওয়ার বিষয়টি বিবেচনা করা প্রয়োজন। পাশাপাশি জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে এবং উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। এসব প্রকল্পে মানুষের কর্মসংস্থান হয়, আয় বাড়ে এবং অর্থনীতিতে অর্থের প্রবাহ তৈরি হয়। তাই রাজস্ব আদায় বৃদ্ধি, জ্বালানি নিরাপত্তা এবং উন্নয়ন প্রকল্পের সময়মতো বাস্তবায়ন এখন সরকারের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হওয়া উচিত।
আমাদের সময় : অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা বলা হলেও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমছে না, কর্মসংস্থানও প্রত্যাশা অনুযায়ী বাড়ছে না। প্রবৃদ্ধি ও মানুষের জীবনমানের মধ্যে এই ব্যবধানের কারণ কী?
নাজনীন আহমেদ : আমরা দীর্ঘদিন উন্নয়নকে শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি দিয়ে পরিমাপ করেছি। কিন্তু প্রবৃদ্ধি বাড়লেই যে তার সুফল সব মানুষের কাছে পৌঁছাবে, তা নয়। এ জন্য আয় ও সম্পদের বৈষম্য দেখতে হবে। বাংলাদেশে বৈষম্য বাড়ছে এবং সম্পদের বড় অংশ উচ্চ আয়ের মানুষের হাতে পুঞ্জীভূত হচ্ছে। ফলে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন। প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়াতে হবে। শুধু শিক্ষার সুযোগ নয়, মানসম্মত শিক্ষা এবং স্বাস্থ্যসেবা প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছেও পৌঁছে দিতে হবে। শহরের শিক্ষার্থীরা প্রযুক্তি ও ইন্টারনেটের যে সুবিধা পায়, গ্রামের অনেক শিক্ষার্থী তা পায় না। আবার দরিদ্র পরিবারের সন্তানদের সুযোগ আরও সীমিত। এই বৈষম্য দূর করা জরুরি। মানুষকে শিক্ষা ও দক্ষতা দিতে পারলে তারা দেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবে, পাশাপাশি বিদেশেও ভালো কাজ পাবে। দক্ষ জনশক্তি বিদেশে পাঠাতে পারলে রেমিট্যান্স আয়ও বাড়বে। তাই আয়বৈষম্য কমানোর পাশাপাশি সুযোগের বৈষম্য দূর করতে হবে।
আমাদের সময় : দেশে বেসরকারি বিনিয়োগে প্রত্যাশিত গতি নেই, বাড়ছে শিক্ষিত বেকারত্ব। বিনিয়োগ ও কর্মসংস্থান- দুই ক্ষেত্রেই স্থবিরতা কাটাতে সরকারের করণীয় কী?
নাজনীন আহমেদ : বেসরকারি বিনিয়োগ কমে যাওয়ার অন্যতম কারণ সুদের উচ্চ হার। এর ফলে বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমেছে। বর্তমানে ঋণ প্রবৃদ্ধি প্রায় ৪ দশমিক ৫ শতাংশ, যা খুবই কম। বিনিয়োগ বাড়াতে ঋণের সুদের হার সহনীয় পর্যায়ে আনা প্রয়োজন। আরেকটি বড় সমস্যা নীতির ধারাবাহিকতার অভাব। একজন উদ্যোক্তা দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে বিনিয়োগ করেন। কিন্তু মাঝপথে কর, শুল্ক বা প্রণোদনার নীতিতে পরিবর্তন এলে তিনি সমস্যায় পড়েন। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য এটি বড় বাধা। গুরুত্বপূর্ণ কর ও শুল্কনীতির ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের স্থিতিশীলতা নিশ্চিত করা প্রয়োজন। এ ছাড়া জ্বালানি, সড়ক যোগাযোগ ও বন্দর ব্যবস্থাপনার উন্নতি জরুরি। ব্যবসাবান্ধব পরিবেশ না থাকলে উৎপাদন খরচ বেড়ে যায়। এতে স্থানীয় ও আন্তর্জাতিক- দুই বাজারেই প্রতিযোগিতা কঠিন হয়। চাঁদাবাজি দূর করা এবং বন্দরের দক্ষতা বাড়ানোও প্রয়োজন। জ্বালানি নিরাপত্তায় সরকারের যেসব উদ্যোগ রয়েছে, সেগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে।
আমাদের সময় : আয়বৈষম্য বাড়ছে, চাপে পড়ছে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণি। অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাতে করব্যবস্থা ও সামাজিক নিরাপত্তায় কী পরিবর্তন প্রয়োজন?
নাজনীন আহমেদ : সামাজিক নিরাপত্তা কর্মসূচির উদ্দেশ্য হলো দরিদ্র মানুষকে দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়া থেকে রক্ষা করা এবং যারা দরিদ্র, তাদের সেই অবস্থা থেকে বের করে আনা। তবে শুধু মানুষকে টিকিয়ে রাখাই লক্ষ্য হওয়া উচিত নয়। তাদের আয় করার সুযোগ তৈরি করতে হবে। এ জন্য শিক্ষা, স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়নের পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দিতে হবে। মোবাইলভিত্তিক আর্থিক সেবার মাধ্যমে ৫০০ বা এক হাজার টাকার মতো ছোট ঋণ দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। অতি ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এ ধরনের অর্থায়ন কার্যকর হতে পারে। দরিদ্র পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিত করাও জরুরি। মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা দিতে হবে। পাশাপাশি কারিগরি শিক্ষায় বেশি বিনিয়োগ করা প্রয়োজন, যাতে তরুণেরা দ্রুত কর্মসংস্থানের উপযোগী দক্ষতা অর্জন করতে পারে। সবাইকে নির্বিচারে উচ্চশিক্ষার সুযোগ দেওয়ার চেয়ে মেধা ও আগ্রহ অনুযায়ী উচ্চশিক্ষা এবং কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা বেশি কার্যকর। শুধু ডিগ্রি অর্জন করলেই কর্মসংস্থান নিশ্চিত হয় না। বাস্তবমুখী দক্ষতা প্রয়োজন। বিশেষ করে নারীদের এমন দক্ষতা অর্জনের সুযোগ দিতে হবে, যাতে তারা নিজের সুবিধা অনুযায়ী কাজ করে আয় করতে পারেন। প্রযুক্তি ও ই-কমার্সের মাধ্যমেও তাদের আয়ের সুযোগ তৈরি করা সম্ভব।
আমাদের সময় : দেশে খেলাপি ঋণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। ঋণ অনিয়ম, প্রভাবশালী ঋণগ্রহীতাদের দায়মুক্তি এবং অর্থ পাচারের কারণে ব্যাংকিং খাতে আস্থার সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে কী ধরনের সংস্কার প্রয়োজন এবং খেলাপি ঋণ আদায়ে সরকারের করণীয় কী?
নাজনীন আহমেদ : ব্যাংকিং ব্যবস্থা বাংলাদেশের অর্থনীতির অন্যতম বড় দুর্বলতা। ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা জরুরি। সম্প্রতি সরকার ব্যাংকের পরিচালনা পর্ষদ ও বাংলাদেশ ব্যাংকের তদারকি নিয়ে যেসব পরিবর্তনের উদ্যোগ নিয়েছে, সেগুলো ইতিবাচক। তবে সব ঋণখেলাপিকে একইভাবে বিবেচনা করা ঠিক হবে না। কেউ ইচ্ছাকৃতভাবে ঋণ পরিশোধ করেননি, আবার কেউ ব্যবসায়িক বা অর্থনৈতিক পরিস্থিতির কারণে ব্যর্থ হয়েছেন। এই দুই ধরনের ঋণগ্রহীতাকে আলাদা করে চিহ্নিত করতে হবে। যারা ইচ্ছাকৃতভাবে ঋণখেলাপি হয়েছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং আত্মসাৎ করা অর্থ আদায়ের উদ্যোগ নিতে হবে। ব্যাংকগুলোর উচিত খেলাপি ঋণের কারণ বিশ্লেষণ করা। কত শতাংশ ঋণ ইচ্ছাকৃতভাবে এবং কত শতাংশ ব্যবসায়িক কারণে খেলাপি হয়েছে, তা চিহ্নিত করতে হবে। এতে ভবিষ্যতে খেলাপি ঋণ কমানোর কার্যকর নীতি গ্রহণ করা সম্ভব হবে। সরকারের সংস্কার উদ্যোগের যথাযথ বাস্তবায়নই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আমাদের সময় : তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ বাড়লেও পুঁজি, ঋণ, প্রশিক্ষণ ও বাজার সংযোগের অভাবে অনেক উদ্যোগ টেকসই হচ্ছে না। তরুণ উদ্যোক্তা তৈরিতে রাষ্ট্রের ভূমিকা কেমন হওয়া উচিত?
নাজনীন আহমেদ : তরুণ উদ্যোক্তাদের সহায়তায় সরকার অতীতেও বিভিন্ন উদ্যোগ নিয়েছে। স্টার্টআপ খাতের জন্য তহবিলও গঠন করা হয়েছিল। এখন প্রথমে মূল্যায়ন করতে হবে, সেই অর্থ কীভাবে ব্যবহার হয়েছে, কতজন উদ্যোক্তা সহায়তা পেয়েছেন এবং তাদের উদ্যোগ কতটা সফল হয়েছে। আগের উদ্যোগের অভিজ্ঞতা কাজে না লাগালে একই ভুল আবারও হতে পারে। তরুণ উদ্যোক্তাদের বড় সমস্যা হলো প্রয়োজনীয় তথ্যের অভাব। কোথায় আবেদন করতে হবে, কী কাগজপত্র লাগবে, কোন প্রতিষ্ঠান থেকে ঋণ বা প্রশিক্ষণ পাওয়া যাবে- এসব তথ্য অনেকের কাছে স্পষ্ট নয়। তাই উদ্যোক্তাদের জন্য তথ্যপ্রাপ্তি সহজ করতে হবে। নতুন উদ্যোক্তাদের শুধু অভিজ্ঞতা নেই বলে যেন ঋণ বা সহায়তা থেকে বঞ্চিত করা না হয়। তাদের ব্যবসায়িক পরিকল্পনা ও সম্ভাবনা যথাযথভাবে মূল্যায়ন করে অর্থায়নের ব্যবস্থা করতে হবে।
আমাদের সময় : বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীকে জনমিতিক সুবিধা হিসেবে কাজে লাগানো যাচ্ছে না। নতুন উদ্যোক্তা তৈরি, স্টার্টআপ এবং প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান বাড়াতে কী ধরনের নীতিগত পরিবর্তন প্রয়োজন?
নাজনীন আহমেদ : তরুণ জনগোষ্ঠীকে জনমিতিক সুবিধায় পরিণত করতে হলে দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিতে হবে। দেশে কর্মসংস্থান কিংবা বিদেশের শ্রমবাজার- দুই ক্ষেত্রেই দক্ষতা জরুরি। উদ্যোক্তা তৈরি ও প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের জন্যও প্রয়োজন উপযুক্ত প্রশিক্ষণ। সরকার আগে স্টার্টআপের জন্য প্রায় ৫০০ কোটি টাকার তহবিল গঠনের উদ্যোগ নিয়েছিল। সেই অর্থ কোথায় গেছে এবং কী ফলাফল এসেছে, তা মূল্যায়ন করা দরকার। ভবিষ্যতে নতুন তহবিল গঠনের আগে আগের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। সব তরুণ উদ্যোক্তা হবেন না। অনেকে চাকরি করবেন, আবার অনেকে বিদেশে কাজের সুযোগ খুঁজবেন। তাই তাদের চাহিদা অনুযায়ী দক্ষতা উন্নয়নের ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে নার্সিং খাতের সম্ভাবনা রয়েছে। আমাদের দেশের নার্সদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে শুধু প্রশিক্ষণ দিলেই হবে না; ভাষাগত দক্ষতা, যোগাযোগের সক্ষমতা, নিরাপত্তা এবং বিদেশে যাওয়ার প্রক্রিয়াও সহজ করতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক শ্রমবাজারে নার্সদের চাহিদা বিবেচনায় নিতে হবে। প্রশিক্ষণের সঙ্গে কর্মসংস্থানের সরাসরি সংযোগ তৈরি করতে হবে। তরুণদের উদ্যোক্তা হওয়ার সুযোগ, প্রযুক্তিগত দক্ষতা অর্জন এবং বিদেশে কর্মসংস্থানের পথ সহজ করতে পারলেই দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে অর্থনীতির শক্তিতে পরিণত করা সম্ভব হবে।
আমাদের সময় : মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বাড়লেও অনেক শ্রমিকের প্রকৃত আয় বাড়ছে না। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে মজুরি নির্ধারণের ক্ষেত্রে কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া প্রয়োজন?
নাজনীন আহমেদ : মজুরি নির্ধারণের ক্ষেত্রে সব খাতকে একভাবে বিবেচনা করার সুযোগ নেই। বড় ও গুরুত্বপূর্ণ খাতগুলোর জন্য আলাদা ব্যবস্থা প্রয়োজন। বিশেষ করে বাংলাদেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পের মজুরি নির্ধারণে আলাদা মজুরি বোর্ড রয়েছে। এবারও মজুরি বোর্ড গঠন এবং মালিক-শ্রমিকের দরকষাকষির মাধ্যমে ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে মজুরি নির্ধারণের ক্ষেত্রে শুধু দরকষাকষিই যথেষ্ট নয়। শ্রমিকের প্রকৃত জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, উৎপাদনশীলতা, ব্যবসার অবস্থা এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিতে হবে। ২০০৬ সালের শ্রম আইনে ন্যূনতম মজুরি নির্ধারণের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনার কথা বলা হয়েছে, সেগুলোর প্রতিটির হালনাগাদ তথ্য মজুরি বোর্ডের কাছে থাকা জরুরি।
আমাদের সমস্যা হলো, মজুরি বোর্ড গঠন করা হলেও অনেক সময় প্রয়োজনীয় তথ্য-উপাত্ত পর্যাপ্ত থাকে না। ফলে অল্প সময়ের মধ্যে দরকষাকষি করে মজুরি নির্ধারণ করতে হয়। এতে মালিক ও শ্রমিক- কোনো পক্ষই পুরোপুরি সন্তুষ্ট হতে পারেন না। অথচ অর্থনীতি যখন চাপের মধ্যে থাকে, মূল্যস্ফীতির কারণে শ্রমিকরা জীবনযাত্রার ব্যয় সামলাতে হিমশিম খান এবং ব্যবসায়ীরাও নানা সংকটে থাকেন, তখন তথ্যভিত্তিক সিদ্ধান্ত আরও বেশি জরুরি। তাই মজুরি বোর্ড গঠনের অনেক আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। শ্রমিকের জীবনযাত্রার ব্যয়, বাজারদর, মূল্যস্ফীতি, উৎপাদনশীলতা ও শিল্পের আর্থিক সক্ষমতা সম্পর্কে নিয়মিত তথ্য সংগ্রহ এবং হালনাগাদ রাখতে হবে। শুধু মজুরি বোর্ড গঠন করলেই দায়িত্ব শেষ হয় না; নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে যাতে তারা সিদ্ধান্ত নিতে পারে, সেটি নিশ্চিত করতে হবে।
আমাদের সময় : শুধু মজুরি বাড়ালেই কি শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নত হবে, নাকি এক্ষেত্রে সরকার ও আন্তর্জাতিক ক্রেতাদেরও দায়িত্ব রয়েছে?
নাজনীন আহমেদ : শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে শুধু মজুরি বাড়ানোই যথেষ্ট নয়। রাষ্ট্রেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। তৈরি পোশাকশিল্পের শ্রমিকরা যেসব এলাকায় বসবাস করেন, সেখানে তাদের জন্য হাসপাতাল ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা প্রয়োজন। তাদের সন্তানদের জন্য ভালো স্কুল, স্বাস্থ্যবীমা এবং দুর্ঘটনা বা অন্য কোনো ঝুঁকিতে পড়লে আর্থিক সুরক্ষার ব্যবস্থা থাকলে জীবনযাত্রার চাপ অনেকটাই কমবে। অর্থাৎ শ্রমিকের কল্যাণে রাষ্ট্রীয় সেবার পরিধি বাড়াতে হবে।
এক্ষেত্রে আন্তর্জাতিক ক্রেতাদের দায়িত্বও এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। তারা যে দামে পোশাক কেনার প্রস্তাব দেন, তার সঙ্গে উৎপাদন ব্যয়, শ্রমিকের ন্যায্য মজুরি ও শিল্পের টেকসই সক্ষমতার বিষয়গুলো যুক্ত থাকা প্রয়োজন। দরকষাকষির সময় এসব বিষয় নিয়ে আলোচনা হওয়া জরুরি। সরকারকেও এক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে হবে, যাতে আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে আলোচনায় শ্রমিকের ন্যায্য মজুরি ও শিল্পের স্বার্থ যথাযথভাবে গুরুত্ব পায়। মালিক, শ্রমিক, সরকার ও আন্তর্জাতিক ক্রেতা- সব পক্ষের দায়িত্ব ও সক্ষমতা বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে হবে। শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসা, শিক্ষা, বীমা ও সামাজিক সুরক্ষার সুযোগ বাড়াতে পারলে তাদের জীবনমানের প্রকৃত উন্নয়ন সম্ভব হবে।
আমাদের সময় : এলডিসি উত্তরণের সময় বাড়তি তিন বছর পাওয়া বাংলাদেশের জন্য কতটা সুযোগ তৈরি করেছে? এ সময়ের মধ্যে অর্থনীতির কাঠামোগত দুর্বলতা কাটিয়ে রপ্তানি সক্ষমতা ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকার প্রস্তুতি কতটা নেওয়া সম্ভব?
নাজনীন আহমেদ : এলডিসি উত্তরণের জন্য বাড়তি তিন বছর পাওয়া বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ। তবে এটি আর সময় বাড়ানোর নিশ্চয়তা নয়; ২০২৯ সালে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ করবে। এরপরও ইউরোপের বাজারে আরও তিন বছর শুল্কমুক্ত সুবিধা পাওয়া যাবে। কিন্তু সেই সময় শেষ হলে শুল্কসুবিধা হারানোর ঝুঁকি তৈরি হবে। বিশেষ করে ভারত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি করায় বাংলাদেশের প্রতিযোগিতা আরও কঠিন হতে পারে। তাই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিতে হবে। পাশাপাশি আগের সরকারের সময়ে প্রণীত স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি ধরে এগোনো হবে, নাকি প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে- সে সিদ্ধান্ত দ্রুত নিতে হবে। রাজস্ব আদায় বাড়ানো, বন্দর ও যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন, দক্ষ জনশক্তি তৈরি এবং আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় সক্ষমতা বাড়ানো জরুরি। এই তিন বছরে এসব ক্ষেত্রে ব্যতিক্রমী প্রস্তুতি নিতে পারলেই এলডিসি-পরবর্তী বিশ্বে বাংলাদেশের রপ্তানি সক্ষমতা ও প্রতিযোগিতার অবস্থান ধরে রাখা সম্ভব হবে।
আমাদের সময় : সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
নাজনীন আহমেদ : ধন্যবাদ।


