Originally posted in ইনকিলাব on 10 November 2026
তৈরী পোশাক খাত
ক্রেতাদের শর্তে বাড়তি খরচের পরও মিলছে না দাম
সারাবিশ্বে তৈরি পোশাক খাতের বাজার এক হাজার ২০০ বিলিয়ন ডলারের। বাংলাদেশ এ খাতে শক্তিশালী অবস্থান তৈরি করলেও প্রতিযোগী দেশগুলোর চেয়ে পোশাক বিক্রি করে কম দাম পাচ্ছে। হাইস্কেলের পোশাক তৈরি করতে না পারা। ক্রেতাদের (বায়ার) নানা শর্ত পূরণ করতে গিয়ে বাড়তি খরচ। ব্যয়বহুল হলেও পরিবেশবান্ধব পোশাক কারখানা তৈরি করেছেন পোশাকমালিকেরা।
সাধারণ কারখানার তুলনায় এর নির্মাণ খরচ ২০ থেকে ৩০ শতাংশ বেশি। এই বাড়তি অর্থ মূলত ব্যয় হয় বিদ্যুৎ সাশ্রয়ী ভবন নকশা, পানি পুনর্ব্যবহারযোগ্য ব্যবস্থা, উন্নত বর্জ্য ব্যবস্থাপনা, আধুনিক ভেন্টিলেশন ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের পেছনে। তবে এই বিশাল বিনিয়োগের পরও বাড়তি দাম পাচ্ছেন না পোশাকমালিকেরা।
এছাড়া পণ্যের বৈচিত্র্যে সীমাবদ্ধতা। অবকাঠামোর দুর্বলতা। প্রয়োজনীয় উপাদানের অভাব। মানসম্মত ডিজাইনারের ঘাটতি। অনেক বেশি লিড টাইম। রাজনৈতিক অস্থিতিশীলতা। এর প্রভাবে ভিয়েতনাম বা ভারতের চেয়ে বিশ্ববাজারে কমেছে মেইড ইন বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালু। সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে শ্রমিকদের উস্কানি দিয়ে আন্দোলনের মাঠে নামিয়েছে। শ্রমিকদের যৌক্তিক দাবি বিবেচনায় নমনীয় আচরণ করেছে সরকার। মধ্য প্রাচ্য যুদ্ধে প্রভাবে জাহাজের খরচ, তেল-গ্যাস, উৎপাদন খরচ বাড়লেও বিদেশি ক্রেতারা পোশাকের দাম বাড়ায়নি। উল্টো বিভিন্ন সংস্থা উদ্বেগ প্রকাশ করে বার্তা দিয়েছে। রাজনৈতিকবিশ্লেষণ
অর্থনীতিবিদ ও খাত সংশ্লিষ্টরা বলছেন, বিশ্বব্যাপী প্রতিযোগিতা সক্ষমতা টিকিয়ে রাখতে ব্যবসার খরচ কমানো, রাজনৈতিক স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি একটা গুরুত্বপূর্ণ ইস্যু। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে বৈশ্বিক মূল্যষ্ফীতিতে চাহিদা কমায় ক্রয়াদেশ কমেছে। তবে অভ্যন্তরীণ প্রতিযোগিতার কারনে কমদামে ক্রেতাদের পণ্য দিতে বাধ্য হচ্ছেন পোশাক মালিকেরা।
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) বাংলাদেশের রপ্তানি করা পোশাকের একক মূল্য ভিয়েতনামের তুলনায় অর্ধেকেরও কম। ইউরোস্ট্যাটের তথ্য বলছে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে বাংলাদেশ থেকে রপ্তানি করা পোশাকের গড় একক মূল্য গত বছরের একই সময়ের তুলনায় আট দশমিক ৪৭ শতাংশ কমে প্রতি কেজি ১৩ দশমিক ৮০ ইউরোতে দাঁড়িয়েছে। একই সময়ে ভিয়েতনামের পোশাকের গড় একক মূল্য ১১ দশমিক ৭৫ শতাংশ বেড়ে প্রতি কেজি ২৯ ইউরো হয়েছে। অন্যদিকে, চীনের পোশাকের দাম সামান্য দুই দশমিক ১৮ শতাংশ কমেছে।
ইউরোপীয় ইউনিয়নে পোশাক সরবরাহকারী প্রধান দেশগুলোর মধ্যে চীন, ভিয়েতনাম, ভারত ও কম্বোডিয়ার তুলনায় বাংলাদেশের রপ্তানি পণ্যের একক মূল্য দ্বিতীয় সর্বনিম্ন। কেবল পাকিস্তানের পোশাকের একক মূল্য বাংলাদেশের চেয়ে কম।
অন্যদিকে আন্তর্জাতিক পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান ও ব্র্যান্ডগুলো কম দামে পণ্য কেনার জন্য চাপ দিয়ে থাকে। তাদের যুক্তি, বাংলাদেশে শ্রমিকের মজুরি কম, উৎপাদনশীলতা তুলনামূলক কম, কারখানার কমপ্লায়েন্স ঘাটতি রয়েছে ও এখানকার অধিকাংশ পোশাকই সাধারণ বা নিম্নমূল্যের ক্যাটাগরির।
তৈরি পোশাক খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান ইভেন্স গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী বলেন, ভিয়েতনাম উচ্চমূল্যের পোশাক রপ্তানি করে, বাংলাদেশ কমমূল্যের পণ্য রপ্তানি করে। সুতরাং হাইপার মার্কেটের প্রাইসটা একরকম হবে, আর যারা মিডিয়াম, আপার মিডিয়াম ও টপ-তাদের প্রাইস রেঞ্জ আলাদা। বাংলাদেশ সব প্রোডাক্ট করতে পারে না, ভিয়েতনাম সব প্রোডাক্ট করতে পারে। মানচিত্রদেখুন
তিনি বলেন, প্রোডাক্টের বৈচিত্র্যে বাংলাদেশে অনেক সীমাবদ্ধতা আছে। এজন্য যে ধরণের অবকাঠামো দরকার সেগুলো নেই। বাংলাদেশে সব ধরণের উপাদান পাওয়া যায় না। দেশে ডিজাইনার থেকে শুরু করে সবকিছু অনেক দুর্বল। ভিয়েতনাম উন্নত হওয়ার পেছনের কারন চীন। চীনের সঙ্গে তাদের অংশীদারত্ব ও সেখানেই সব প্রোডাক্ট ডেভেলপমেন্ট হচ্ছে। এটা বাংলাদেশে কঠিন। এছাড়া বাংলাদেশের লিড-টাইমও অনেক বেশি। ভিয়েতনাম থেকে ইউরোপ-আমেরিকায় যেতে লাগে ১০-১২ দিন, বাংলাদেশ থেকে লাগে প্রায় ২৮ দিন। এসবকিছুর ওপর নির্ভর করে দাম পাওয়া ও না পাওয়া।
আনোয়ার উল আলম চৌধুরী বলেন, বিশ্বব্যাপী মেইড ইন বাংলাদেশের কান্ট্রি ব্র্যান্ড ভ্যালু ভিয়েতনাম বা ভারতের থেকে অনেক কম। অবকাঠামো থেকে শুরু করে সবকিছু ডেভেলপ হওয়ায় ভারতও এগিয়ে যাবে। ওরা আপার মার্কেট নিয়ে বেশি কাজ করে। ছোট ছোট কোয়ান্টিটি করার মতন ইনফ্রাস্ট্রাকচার আছে, যেটা বাংলাদেশে নেই। গত চার বছরে বিদেশে বার্তা গিয়েছে-বাংলাদেশ স্থিতিশীল না। এই খাতে প্রতিবছরই একটা গন্ডগোল হবে। এটা ক্রেতাদের কাছেও একটা নেতিবাচক প্রভাব ফেলছে। মানচিত্রদেখুন
বিদেশি ক্রেতাদের বিভিন্ন শর্ত প্রসঙ্গে তিনি বলেন, সব ক্রেতাই ভালো ফ্যাক্টরি থেকে পণ্য কিনতে চায়। বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যা হলো ফ্যাক্টরিগুলোকে ‘এ’ গ্রেডের হতে হয়। ভারতে জাতীয়তাবাদ অনেক শক্তিশালী। তারা তাদের দুর্বলতাকে সামনে আনে না। অন্যদিকে আমরা চাই কার কত ত্রুটি ধরা যায়। আমাদের মানসিকতা অনেক নেতিবাচক। আরএসসির অডিটে বাঙালি ছেলেগুলোই কোন ফ্যাক্টরিকে পারফেক্ট বলে না। নানাভাবে খুঁত ধরার চেষ্টা করে। এ কারনে বায়ারদের বিভিন্নভাবে বোঝাতে হয়। অন্যদিকে চীনে দিনের বেলায় গার্মেন্টস চলে, রাতে শুকর চরায়। কিন্তু এই জিনিসগুলো কখনো সামনে আসে না।
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) তথ্য অনুযায়ী, চীনে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৪৮২ ডলার। ভিয়েতনামে অঞ্চলভেদে এই মজুরি ১৮০ থেকে ২৫০ ডলার। ইন্দোনেশিয়ায় আঞ্চলিক হারে ১৪৫ থেকে ২৫৩ ডলার এবং কম্বোডিয়ায় ১৯২ ডলার। ভারতে ন্যূনতম মজুরি ৯০ ডলার থেকে ২০০ ডলারের বেশি। পাকিস্তানে এই মজুরি ৯২ থেকে ১২৮ ডলারের মধ্যে। অন্যদিকে বাংলাদেশে ২০২৩ সালে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি বিনিময় হার অনুযায়ী মাত্র ৭৫ থেকে ১১৫ ডলারের সমান।
ফতুল্লা অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফজলে শামীম এহসান বলেন, শ্রমিক আন্দোলনের কারণে দেশের ভাবমর্যাদা ক্ষুন্ন হচ্ছে। এর প্রভাব তাৎক্ষণিকভাবে বোঝা না গেলেও দীর্ঘ মেয়াদে ক্রয়াদেশ কমে যেতে পারে। আমাদের দেশের ইমেজ নষ্ট হচ্ছে। ভবিষ্যতে ক্রেতারা বাংলাদেশকে আরও বেশি ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বিবেচনা করবেন। কোনো দেশের ঝুঁকির মাত্রা যত বেশি হয়, সেই দেশে পণ্যের দাম তত কম দেওয়া হয়। ভালো ভ্যালু বা বেশি মুনাফার পণ্য দিতে চায় না। স্বল্পমেয়াদি ক্রয়াদেশ দিতে চায়। আমরা আস্তে আস্তে সেই জায়গা থেকে দূরে সরে যাচ্ছি।
ফজলে শামীম এহসান বলেন, ক্রেতারা এক দোকান থেকে আরেক দোকানে গিয়ে পণ্য কেনার মতো করে ক্রয়াদেশের সিদ্ধান্ত নেন না। তারা দীর্ঘ মেয়াদে ব্যবসায়িক কৌশল নির্ধারণ করেন। এ ধরনের ঘটনার পর তারা বাংলাদেশের ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে ভবিষ্যৎ কৌশল ঠিক করবেন। ফলে ধীরে ধীরে বাংলাদেশে ক্রয়াদেশ কমতে পারে।
বিদেশি ক্রেতাদের কাছে ফ্যাক্টরি নিবন্ধিত হতে গেলে আরএসসি বা নিরুপনের মতো সংস্থার সনদ নিতে হয়। তাদের কাছে প্রতিষ্ঠানের সনদের আবেদন করা হলে তাদের সময় পাওয়া যায় না বলে অভিযোগ করেছেন একজন ব্যবসায়ী। তিনি বলেন, তাদের ফোন করা হলে তারা বলে শিডিউল নেই। কয়েক মাস পার হয়ে গেলেও তাদের শিডিউল পাওয়া যায় না। তারপর অডিটে আসলে বিভিন্ন ধরণের খুত ধরে সময়ক্ষেপন করে। এজন্য ব্যবসায়ীরা ইউনিফাইড কমফ্লায়েন্স চায়। এভাবে ব্যবসা করা কঠিন হয়ে গেছে।
বায়ারদের প্রত্যাশার কারনে ব্যয়বহুল হলেও পরিবেশবান্ধব পোশাক কারখানা তৈরি করেছেন পোশাকমালিকেরা। সাধারণ কারখানার তুলনায় এর নির্মাণ খরচ ২০ থেকে ৩০ শতাংশ বেশি। এই বাড়তি অর্থ মূলত ব্যয় হয় বিদ্যুৎ সাশ্রয়ী ভবন নকশা, পানি পুনর্ব্যবহারযোগ্য ব্যবস্থা, উন্নত বর্জ্য ব্যবস্থাপনা, আধুনিক ভেন্টিলেশন ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের পেছনে। তবে এই বিশাল বিনিয়োগের পরও বাড়তি দাম পাচ্ছেন না পোশাকমালিকেরা।
স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম বলেন, লিড বর্তমানে বাণিজ্যিক সুবিধার চেয়ে একটি বিপণন কৌশলে পরিণত হয়েছে। একটি কারখানা কেবল লিড সার্টিফাইড বলেই ক্রেতারা এক পয়সাও বাড়তি দাম দিতে রাজি হয় না। আন্তর্জাতিক ক্রেতাদের তুলনায় আমরাই লিড সনদকে অনেক বেশি বাণিজ্যিক গুরুত্ব দিয়ে ফেলেছি।
সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) বিশেষ ফেলো ড. ফাহমিদা খাতুন বলেন, আমাদের প্রতিযোগিতা সক্ষমতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ভিয়েতনাম বা কম্বোডিয়ার তুলনায় বাংলাদেশের উৎপাদনশীলতা কম। আন্তর্জাতিক বাজারে আমাদের মূল প্রতিযোগিতামূলক সক্ষমতা হলো শ্রমিকের মজুরিসহ সামগ্রিক উৎপাদন ব্যয় তুলনামূলক কম হওয়া। বিদেশি ক্রেতা ও বিনিয়োগকারীদের কাছে রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় ধরে রাজনৈতিক অস্থিতিশীলতা চলতে থাকলে যথাসময়ে রপ্তানি আদেশের পণ্য সরবরাহে (ডেলিভারি) সমস্যা তৈরি হতে পারে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে শুধু বাংলাদেশ নয়, যুক্তরাষ্ট্রের বাজারে সব দেশেরই রপ্তানি কমেছে। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির কারণে এমনটি হয়েছে। মধ্যপ্রাচ্যের সংকটের ফলে ভোক্তাদের চাহিদা কমেছে। তবে এ পরিস্থিতিতে আত্মতুষ্টির সুযোগ নেই। আমাদের নিয়মিতভাবে প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতা বাড়াতে হবে। ব্যবসার খরচ কমানো, রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এ ছাড়া, আমরা ক্রমেই কম দামে পণ্য সরবরাহের প্রতিযোগিতায় (লো-প্রাইস রেস) জড়িয়ে পড়ছি। গত কয়েক বছরে জ্বালানিসহ বিভিন্ন খাতে উৎপাদন ব্যয় বাড়লেও ক্রেতারা পণ্যের দাম বাড়াননি। ফলে রপ্তানি আদেশ পাওয়ার ক্ষেত্রে নিজেদের মধ্যে প্রতিযোগিতা আরও তীব্র হচ্ছে। একজন রপ্তানিকারক একটি দাম প্রস্তাব করলে অন্যজন তার চেয়ে কম দাম প্রস্তাব করছেন।
এসব ছাড়াও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে আঞ্চলিক প্রতিযোগীদের অগ্রাধিকারমূলক বাজারসুবিধা নিশ্চিত করার উদ্যোগ। বাংলাদেশ যখন ইউরোপীয় বাজারে নিজেদের অবস্থান ধরে রাখার চ্যালেঞ্জে রয়েছে, তখন প্রতিযোগী দেশগুলো শুল্কমুক্ত বাণিজ্যসুবিধা আদায়ে এগিয়ে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভিয়েতনামের চুক্তি ও ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চুক্তির আলোচনাও প্রভাব ফেরতে পারে বাণিজ্যে। সংশ্লিষ্টরা মনে করেন, বাংলাদেশ যদি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এফটিএ স্বাক্ষর করতে না পারে কিংবা দ্রুত জিএসপি প্লাস সুবিধা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে ২০২৯ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর বাংলাদেশের রপ্তানিকারকদের ১২ দশমিক ৫০ শতাংশ শুল্ক দিতে হতে পারে। অথচ তখন ভারত ও ভিয়েতনাম শুল্কমুক্ত বাণিজ্যসুবিধা ভোগ করতে পারে।


