ডেঙ্গু মোকাবেলায় কার্যকর নীতিমালা ও জনসচেতনতা বৃদ্ধি জরুরি – ফাহমিদা খাতুন

Originally posted in ইনকিলাব on 10 November 2026

সিটি করপোরেশনের মশকনিধনকর্মীরা অভিযান পরিচালনা করলেও ব্যক্তিগত বাড়ির ছাদ ও নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করতে পারে না, ফলে বাড়ির ভেতরে বা ছাদে মশার প্রজনন চলতে থাকলেও বাইরে ও নর্দমায় ওষুধ ছিটিয়ে চলে আসে

ঘরে ঘরে ডেঙ্গুর বাসা

রাজধানী ঢাকায় ডেঙ্গুর বিস্তারের বড় কারণ হয়ে উঠেছে বাসাবাড়ি, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, নির্মাণাধীন ভবন ও বিভিন্ন স্থাপনায় জমে থাকা পানি। ডেঙ্গু সংক্রমণের জন্য দায়ী এডিস মশা তুলনামূলক পরিষ্কার ও জমে থাকা পানিতেই বংশবিস্তার করে। ফলে ঘরের ভেতরে বা বাড়ির আশপাশে পড়ে থাকা ফুলের টব, বালতি, ড্রাম, পানির ট্যাংক, পরিত্যক্ত পাত্র, এসির পানি জমার ট্রে, ছাদ বাগানের টব, নির্মাণাধীন ভবনের জলাধার হয়ে উঠছে এডিস মশার প্রজননক্ষেত্র। মানচিত্রদেখুন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৬০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৪৬৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নভেম্বরে প্রথম সপ্তাহে মারা গেছেন ৪৪ জন। এছাড়া অক্টোবরে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ১৭৩ জনে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৪৫ হাজার ৫৯৩ জন। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ১ হাজার ৭৭ জন। এছাড়া চট্টগ্রামে ২৬৫ জন, খুলনায় ২৭৭ জন, বরিশালে ২৪৩ জন, রাজশাহীতে ১৭৭ জন, ময়মনসিংহে ১১১ জন, রংপুরে ৮৩ জন এবং সিলেট বিভাগে ১৬ জন রোগী ভর্তি হয়েছেন। ২০২৫ সালেও এক লাখের বেশি মানুষ আক্রান্ত হন এবং প্রাণ হারান ৪১৩ জন। মানচিত্রদেখুন

বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার অধিকাংশ এলাকায় ভবনের ঘনত্ব, অপরিকল্পিত নির্মাণকাজ, পরিচ্ছন্নতার ঘাটতি মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি করছে। যেসব বাড়িতে নিয়মিত পানি জমে থাকা পাত্র পরিষ্কার করা হয় না, সেসব স্থানে এডিস মশার লার্ভা জন্মানোর আশঙ্কা থাকে। অনেক ক্ষেত্রে বাসার সদস্যরা বিষয়টি জানতেও পারেন না। চোখের আড়ালে থাকা ছোট্ট একটি পাত্রে জমে থাকা পানিই কয়েক দিনের মধ্যে মশার প্রজননক্ষেত্রে পরিণত হচ্ছে। ছাদবাগানের বাড়িতে গাছের টব, ট্রে ও অন্যান্য পাত্রে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করা হচ্ছে না। গাছে পানি দেওয়ার পর অতিরিক্ত পানি টবের নিচে জমে থাকে। সেই পানি থেকে যায়। পরিত্যক্ত ড্রাম ও বালতিতে পানি জমে থাকে। এসব স্থানে এডিস মশার বংশবিস্তার হচ্ছে। প্লাস্টিকের বোতলের মুখ, ভাঙা পাত্র, পরিত্যক্ত টায়ার, পানির ড্রাম, বালতি, ছাদের নালা, পানির ট্যাংক কিংবা ছোট কোনো গর্তে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়তে পারে। অনেক সময় সিটি করপোরেশনের মশকনিধনকর্মীরা বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করলেও ব্যক্তিগত বাড়ির ছাদ, পানির ট্যাংক কিংবা ছাদবাগানে প্রবেশ করতে না পারলে সম্ভাব্য প্রজননক্ষেত্র শনাক্ত ও নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। ফলে বাড়ির ভেতরে বা ছাদে মশার প্রজনন চলতে থাকলেও বাইরের রাস্তায় ও নর্দমায় ওষুধ ছিটিয়ে চলে আসেন কর্মীরা। অনেক পরিবার ঘরের মেঝে, রান্নাঘর-বাথরুম পরিষ্কার করলেও ফুলের টবের নিচে জমে থাকা পানি, ছাদের কোণে পড়ে থাকা বালতির দিকে নজর দেয় না। গৃহকর্মী, নিরাপত্তাকর্মীরাও নিয়মিত খেয়াল করেন না। কোনো কোনো ভবনে বাড়ির মালিক বা ব্যবস্থাপনা কমিটি নিয়মিত ছাদ পরিদর্শন করে না। ভাড়াটিয়ারাও মনে করেন, ছাদ ও পানির ট্যাংক পরিষ্কারের দায়িত্ব বাড়ির মালিকের। এই সুযোগে বিভিন্ন স্থানে পানি জমে থাকে।

সাম্প্রতিক সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের ২ হাজার ২৫৫টি বাড়িতে জরিপ শেষে ভয়াবহ তথ্য উঠে এসেছে। ৫৭টি ওয়ার্ডে মশার উপস্থিতি আশঙ্কাজনক। এর মধ্যে ২৯টি ওয়ার্ড অতি ঝুঁকিপূর্ণ বা রেড জোনে। হটস্পট চিহ্নিত হতেই মাঠে নামে দক্ষিণের মশক নিধন কর্মীরা। এডিসের লার্ভা ধ্বংস ও ওষুধ ছিটানোর কাজ শুরু হয় জোরেশোরে। এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, আমরা যেসব বাসাবাড়ি ও ভবনে ডেঙ্গুর প্রজননস্থল পেয়েছি সেখানকার বাসিন্দারা আরো সচেতন হলে নিশ্চয়ই প্রভাব কমে আসত। আমরা চাই, সবাই নিজ নিজ দায়িত্ব পালন করুক। ডেঙ্গু নিয়ন্ত্রণে আমাদের দায়িত্ব ৫০ থেকে ৫০। অর্থাৎ, সিটি করপোরেশনের দায়িত্ব ৫০ শতাংশ এবং জনগণের দায়িত্ব বাকি ৫০ শতাংশ। মানচিত্রদেখুন

সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. ফাহমিদা খাতুন বলেন, ডেঙ্গু মোকাবেলা ও জনস্বাস্থ্য সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধি ও কার্যকর নীতিমালা গ্রহণ করতে হবে। গত দুই দশকে দেশে ডেঙ্গুর প্রকোপ, তীব্রতা ও স্থায়িত্ব বেড়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে আগামী দিনে ডেঙ্গুর ঝুঁকি আরো বাড়তে পারে। এ জন্য যেমন সরকারের পদক্ষেপ প্রয়োজন, তেমনি জনসচেতনতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরিচ্ছন্নতা, জমে থাকা পানি ও পানিবদ্ধতা এডিস মশার প্রজননের সুযোগ তৈরি করে। জনস্বাস্থ্য বিষয়ে সচেতনতা সৃষ্টি করা অত্যন্ত জরুরি।

আইইডিসিআর-এর সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মোহাম্মদ মুশতাক হোসেন বলেন, নিজেদের সমস্যা সমাধানের সক্ষমতা তৈরি করতে হবে। মানুষ যখন নিজের উদ্যোগে প্রয়োজনীয় কাজ করার মতো জ্ঞান, উপকরণ ও সামর্থ্য পাবে, তখনই যোগাযোগ কার্যক্রম সফল হবে। জনগণকে সক্ষম করে তোলাই বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। এজন্য গণমাধ্যমের পাশাপাশি কমিউনিটি পর্যায়েও কাজ করতে হবে।

আইসিডিডিআর,বি সিনিয়র সায়েন্টিস্ট ড. মো. শফিউল আলম বলেন, ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কমিয়ে আনতে হলে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। মশা নিয়ন্ত্রণে নতুন ও উদ্ভাবনী পদ্ধতি নিয়েও কাজ করতে হবে। সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর চলমান কার্যক্রমের সঙ্গে গবেষণা ও নতুন প্রযুক্তির সমন্বয় ঘটানো জরুরি। রোগ নজরদারি থেকে শুরু করে মশা নিয়ন্ত্রণ, গবেষণা ও চিকিৎসা কার্যক্রমকে সমন্বিত ব্যবস্থার আওতায় আনতে হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ ও গবেষক প্রফেসর ড. কবিরুল বাশার বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে নানা কার্যক্রম চললেও কাক্সিক্ষত ফল পাওয়া যাচ্ছে না। এর অন্যতম কারণ এডিস মশার প্রকৃত প্রজননস্থলগুলোতে যথাযথ নজর দেয়া হচ্ছে না। এডিস মশার উল্লেখযোগ্য অংশ বাসাবাড়ি, পানির ড্রাম, ট্যাংক, পার্কিংয়ের স্থান এবং বিভিন্ন পাত্রে জমে থাকা পানিতে জন্মায়। এসব স্থানে সিটি করপোরেশনের মশা নিয়ন্ত্রণ কার্যক্রম পৌঁছানো কঠিন। তাই ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের পাশাপাশি জনগণকেও দায়িত্ব নিতে হবে। বাসাবাড়ি ও আঙিনায় পানি জমতে না দেয়া এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনায় মশার প্রজননস্থল ধ্বংস করা জরুরি। কোথায় মশার প্রজনন হচ্ছে তা শনাক্ত করে সেসব স্থানে লক্ষ্যভিত্তিক ব্যবস্থা নিতে হবে।

Get latest updates of CPD's research, policy discourse, publications, and events.