বিনিয়োগ না বাড়লে কাজ বাড়বে না – মোস্তাফিজুর রহমান

Originally posted in বাংলাদেশ প্রতিদিন on 5 September 2026

দেশের অর্থনীতিতে বিনিয়োগের স্থবিরতা ও ব্যবসাবাণিজ্যে চাঙাভাব না ফেরায় অভ্যন্তরীণ শ্রমবাজারে এর গভীর নেতিবাচক প্রভাব পড়েছে। বিদ্যমান প্রেক্ষাপটে নতুন বিনিয়োগ বৃদ্ধি ও বেসরকারি খাতকে চাঙা করা না গেলে বেকারত্ব সংকট নিরসন করা সম্ভব নয় বলে মনে করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ড. মোস্তাফিজুর রহমান বলেন, দেশে প্রতিবছর প্রায় ২১ থেকে ২২ লাখ নতুন মানুষ শ্রমবাজারে প্রবেশ করছেন। সে অনুপাতে কর্মসংস্থান তৈরি হচ্ছে না। বরং কারখানা বন্ধ ও মন্দার কারণে বহু মানুষ চাকরি হারাচ্ছেন। সরকারি তথ্যের বরাত দিয়ে তিনি জানান, গত তিন বছরে দেশে প্রায় ৪০০টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। এতে বোঝা যায়, শ্রমবাজার কতটা সংকুচিত হয়েছে। তবে গত কয়েক বছরে গড়ে ১০ লাখ মানুষ বিদেশে যাওয়ায় শ্রমবাজারে কিছুটা স্বস্তি বজায় রয়েছে। এই সংকট কাটাতে সুনির্দিষ্ট কিছু নীতিগত সুপারিশ তুলে ধরেন এ অর্থনীতিবিদ। বলেন, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে সবার আগে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে হবে। পাশাপাশি ব্যাংকিং খাতে জরুরি সংস্কার করে সুদের হার কমিয়ে আনা প্রয়োজন। যাতে বেসরকারি খাত সহজে ঋণ নিয়ে বিনিয়োগ বাড়াতে পারে। ব্যবসা পরিচালনার খরচ কমিয়ে আনলেও বিনিয়োগে গতি ফিরবে। সরকারি শূন্যপদ ও কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, সরকারি চাকরিতে বিপুল শূন্যপদ থাকলেও রাজস্ব আয় না বাড়িয়ে হুট করে নিয়োগ দিলে অর্থনীতিতে মারাত্মক ঋণের চাপ তৈরি হবে। তাই আগে রাজস্ব আহরণ চাঙা করতে হবে। এ ছাড়া শিক্ষিত তরুণদের কর্মসংস্থান তৈরিতে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের ওপর জোর দেন তিনি। একই সঙ্গে আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠাতে আরও আগ্রাসি এবং কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান সিপিডির এই সম্মাননীয় ফেলো।

Get CPD's latest research, policy insights, publications, and event updates.