Originally posted in সমকাল on 9 November 2026
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির অনেক কিছু স্পষ্ট নয়
যুক্তরাষ্ট্রের সঙ্গে গত বছরের ফেব্রুয়ারি মাসে সই হওয়া পারস্পরিক বাণিজ্য চুক্তির (এআরটি) কিছু ক্ষেত্রে বৈষম্যমূলক শর্ত রয়েছে। চুক্তির অনেক কিছু স্পষ্ট নয়। চুক্তির পূর্ণ স্পষ্টতা থাকা উচিত। এ ধরনের বাণিজ্য চুক্তি মানেই হলো উভয় পক্ষের জন্য লাভজনক পরিস্থিতি সৃষ্টি করা। কিন্তু বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের মতো ছোট অর্থনীতির দেশের পক্ষেও লাভজনক পরিস্থিতি সৃষ্টি করা সহজ নয়। কারণ উৎপাদনশীলতা, শ্রমমান উন্নয়ন যুক্তরাষ্ট্রের বাজারের উপযোগী কমপ্লায়েন্স বা নিয়মকানুন পরিপালনের মতো সক্ষমতা অর্জনে অনেক পিছিয়ে আছে বাংলাদেশ।
গতকাল শনিবার ‘বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্যের পরিবর্তনশীল প্রবণতা’ শিরোনামের এক সেমিনারে এমন পর্যবেক্ষণ জানিয়েছেন অর্থনীতিবিদ ও উদ্যোক্তারা। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত মার্কিন পণ্যের প্রদর্শনী ‘ইউএস ট্রেড শো’ উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ-অ্যামচেম ও ঢাকার মার্কিন দূতাবাস যৌথভাবে ট্রেড শোর আয়োজন করে। তিন দিনের আয়োজন গতকাল শেষ হয়েছে।
সেমিনারে বক্তব্য রাখেন গবেষণা সংস্থা সিপিডির সম্মাননীয় ফেলো ড. ফাহমিদা খাতুন, এপেক্স ফুটওয়্যারের এমডি সৈয়দ নাসিম মঞ্জুর, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি ও শাশা ডেনিমসের এমডি শামস মাহমুদ এবং কটন ইউএসএর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আলী আরসালান। স্বাগত বক্তব্য দেন অ্যামচেম সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেটলাইফ বাংলাদেশের সিইও আলা উদ্দিন আহমদ। সেমিনার সঞ্চালনা করেন এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব উর রহমান।
ড. ফাহমিদা খাতুন বলেন, এআরটির কিছু ক্ষেত্রে অবশ্যই অসমান বা বৈষম্যমূলক শর্ত রয়েছে। কিন্তু বাণিজ্য মানেই হলো উভয় পক্ষের লাভজনক পরিস্থিতি। বাংলাদেশ কেবল তখনই এই লাভজনক পরিস্থিতিতে থাকতে পারবে যখন নিজেদের সক্ষমতা ও পরিধি উন্নত করা সম্ভব হবে। মানচিত্র দেখুন
এআরটির সঙ্গে স্বল্পোন্নত দেশের কাতার থেকে উত্তরণের সম্পর্ক তুলে ধরে ড. ফাহমিদা খাতুন বলেন, এআরটির আলোচনার সঙ্গে এলডিসির উত্তরণেও কিছু অগ্রগতি দেখা যাচ্ছে। এই দুটি ঘটনাই একে অপরের পরিপূরক। কারণ এআরটির সুবিধা নিতে চাইলে কমপ্লায়েন্স পরিপালন করতে হবে। বাংলাদেশকে এখন আরও উৎপাদনশীল হতে হবে। চুক্তিটি কেবল তখনই অর্থবহ হতে পারে যদি এটি ব্যবসায়ে রূপান্তরিত হয়, রপ্তানি আদেশ বাড়ে এবং বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হয়।
সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, ‘যতক্ষণ পর্যন্ত চুক্তিতে সুযোগগুলো কী আছে, ঝুঁকি বা ফাঁদগুলো কী– তা বুঝতে না পারি, ততক্ষণ এটির সুফল আমরা নিতে পারব না। ফলে আমাদের আরও খোলামেলা আলোচনা করতে হবে। আমি মনে করি না, এটি কোনো নিষিদ্ধ বিষয় হওয়া উচিত। এটি আমাদের কীভাবে প্রভাবিত করে, আমাদের কোথায় নিয়ে যাচ্ছে এবং সুযোগগুলো কোথায়– তা নিয়ে আমাদের কথা বলা দরকার।’
তিনি বলেন, একবার যদি কোনো দেশের সঙ্গে নির্দিষ্ট মাত্রার একটি চুক্তি হয়ে যায়, তখন অন্যান্য দেশের জন্যও একটি ভিত্তি হয়ে দাঁড়ায়। তারাও তখন একই ধরনের সুযোগ বা অগ্রাধিকার দাবি করবে। তাই চুক্তির বিষয়ে পূর্ণ স্বচ্ছতা থাকা উচিত। তবে চুক্তিটি বাংলাদেশের প্রবৃদ্ধির একটি বড় চালিকাশক্তি হতে পারে। মানচিত্র দেখুন
শামস মাহমুদ বলেন, প্রায় এক বছর আগে বাণিজ্য চুক্তি সই হয়েছে। কিন্তু চুক্তির ফলে যে প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের রপ্তানিকারকরা উপকৃত হবেন, সে বিষয়ে খুব কমই আলোচনা হয়। এমনকি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোও রপ্তানিকারক বা অ্যাসোসিয়েশনের সঙ্গে কোনো কথা বলছে না।
আলী আরসালান বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র বাংলাদেশের বাণিজ্য প্রসঙ্গে কিছু তথ্য উল্লেখ করেছে। সেখানে শুল্কহার, কোটা কিংবা পোশাকে মার্কিন তুলা ব্যবহারের ওপর ভিত্তি করে সম্পূর্ণ শুল্ক ছাড়ের কথা বলা হয়েছে। তবে এই ব্যবস্থা কীভাবে কাজ করবে, সেটি এখনও স্পষ্ট নয়। মূল প্রবন্ধে চুক্তির ফলে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বিভিন্ন সম্ভাবনার কথা তুলে ধরা হয়।


