এলডিসি উত্তরণের বাড়তি তিন বছর কাজে লাগাতে না পারলে ঝুঁকিতে পড়বে অর্থনীতি – ড. ফাহমিদা খাতুন

Originally posted in জাতীয় অর্থনীতি on 15 November 2026

ড. ফাহমিদা খাতুন বাংলাদেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো। তিনি ২০১৭ থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত গবেষণা প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ছিলেন। সামষ্টিক অর্থনীতি, মূল্যস্ফীতি, রাজস্ব ও মুদ্রানীতি, জ্বালানি, আর্থিক খাত, বাণিজ্য এবং উন্নয়ননীতি নিয়ে তার দীর্ঘদিনের গবেষণা ও বিশ্লেষণ রয়েছে। দেশের অর্থনৈতিক সংকট, নীতি প্রণয়ন ও সাধারণ মানুষের ওপর বিভিন্ন অর্থনৈতিক সিদ্ধান্তের প্রভাব নিয়ে তিনি নিয়মিতভাবে গবেষণা ও মতামত দিয়ে আসছেন। সাক্ষাৎকার নিয়েছেন সানজিদুল ইসলাম

জাতীয় অর্থনীতি: এলডিসি থেকে উত্তরণের সময় বাড়ানোর সিদ্ধান্ত কি বাংলাদেশের প্রস্তুতির ঘাটতির প্রতিফলন? সামগ্রিক প্রস্তুতিকে কীভাবে মূল্যায়ন করবেন?

ড. ফাহমিদা খাতুন: সময় বাড়ানোর সিদ্ধান্তকে বাংলাদেশের প্রস্তুতির ঘাটতির প্রতিফলন হিসেবে দেখা যায়। তবে এটিই একমাত্র কারণ নয়। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, আন্তর্জাতিক বাণিজ্যে পরিবর্তন এবং দেশের সামষ্টিক অর্থনৈতিক দুর্বলতাও বিবেচনায় নিতে হবে। বাংলাদেশ আয়, মানবসম্পদ ও অর্থনৈতিক ঝুঁকিসংক্রান্ত সূচকে এলডিসি উত্তরণের যোগ্যতা অর্জন করেছে; কিন্তু যোগ্যতা অর্জন আর উত্তরণের পর প্রতিযোগিতামূলক অর্থনীতিতে টিকে থাকার সক্ষমতা এক বিষয় নয়।

বাংলাদেশের প্রস্তুতি এখনও সন্তোষজনক নয়। রপ্তানি বহুমুখীকরণ, উৎপাদনশীলতা বৃদ্ধি, বাণিজ্য চুক্তি, রাজস্ব সংস্কার, ব্যাংকিং খাতের দুর্বলতা দূর করা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে যথেষ্ট অগ্রগতি হয়নি। ২০২৫ সালে গৃহীত স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজিতে ১৫৭টি কার্যক্রম চিহ্নিত করা হলেও বাস্তবায়ন ধীরগতির। অতিরিক্ত তিন বছরকে তাই উত্তরণ পিছিয়ে দেওয়ার সুযোগ নয়, বরং প্রস্তুতির ঘাটতি পূরণের নির্দিষ্ট সময়সীমা হিসেবে দেখতে হবে। প্রতিটি সংস্কারের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান, বাস্তবায়নের সময় ও অগ্রগতি মূল্যায়নের ব্যবস্থা থাকতে হবে।

জাতীয় অর্থনীতি: শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা হারালে প্রধান রপ্তানি বাজারগুলোতে প্রতিযোগিতা ধরে রাখা কতটা কঠিন হবে? সবচেয়ে বড় ঝুঁকি কোন খাতে?

ড. ফাহমিদা খাতুন: সবচেয়ে বড় ঝুঁকি তৈরি পোশাকশিল্পে। বাংলাদেশের মোট পণ্য রপ্তানির ৮০ শতাংশের বেশি আসে এ খাত থেকে। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের অন্যতম প্রধান বাজার। বর্তমানে এলডিসি হিসেবে বাংলাদেশ সেখানে শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা পায়। উত্তরণের পর ইউরোপীয় ইউনিয়নের বিদ্যমান নিয়ম অনুযায়ী আরও তিন বছর এই সুবিধা অব্যাহত থাকবে। এরপর বিকল্প অগ্রাধিকারমূলক সুবিধা নিশ্চিত করতে না পারলে পোশাক রপ্তানিতে উল্লেখযোগ্য শুল্ক আরোপের ঝুঁকি থাকবে। এতে বাংলাদেশের পণ্যের দাম বাড়বে এবং ভিয়েতনামসহ প্রতিযোগী দেশগুলোর তুলনায় অবস্থান দুর্বল হতে পারে। তবে শুধু শুল্কই সমস্যা নয়। উৎপাদন ব্যয়, জ্বালানির অনিশ্চয়তা, দীর্ঘ সরবরাহ সময় এবং শ্রম ও পরিবেশগত মান বজায় রাখার খরচও গুরুত্বপূর্ণ। সরকার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা শুরু করেছে। এই আলোচনা তাড়াতাড়ি সমাপ্ত করতে হবে। জিএসপি প্লাস সুবিধার যোগ্যতা অর্জন ও বিকল্প বাণিজ্যব্যবস্থা নিয়ে কাজ করতে হবে। পাশাপাশি অন্যান্য বাজারে প্রবেশাধিকার বাড়াতে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির উদ্যোগ নিতে হবে।

জাতীয় অর্থনীতি: পোশাকশিল্পে উৎপাদনশীলতা, প্রযুক্তি, শ্রমিকের দক্ষতা ও পণ্যের বৈচিত্র্য বাড়ানোর অগ্রগতি কতটা সন্তোষজনক?

ড. ফাহমিদা খাতুন: কিছু বড় পোশাক কারখানায় আধুনিক প্রযুক্তি, পরিবেশবান্ধব উৎপাদন এবং উন্নত ব্যবস্থাপনায় অগ্রগতি হয়েছে। বাংলাদেশ পরিবেশবান্ধব পোশাক কারখানার ক্ষেত্রেও আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। কিন্তু এই অগ্রগতি সব কারখানায় সমানভাবে হয়নি। বেশির ভাগ রপ্তানি এখনো তুলনামূলক কম দামের পোশাকের ওপর নির্ভরশীল।

উচ্চমূল্যের পোশাক, কৃত্রিম তন্তুভিত্তিক পণ্য, ডিজাইন ও প্রযুক্তিনির্ভর উৎপাদনে সক্ষমতা আরও বাড়ানো প্রয়োজন। অনেক ছোট ও মাঝারি কারখানার আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ করার সামর্থ্য সীমিত। শ্রমিকদের দক্ষতা উন্নয়নেও বড় ঘাটতি রয়েছে। শুধু নতুন যন্ত্রপাতি কিনলেই উৎপাদনশীলতা বাড়বে না। শ্রমিক, ব্যবস্থাপক ও প্রযুক্তিবিদদের প্রশিক্ষণ দিতে হবে। সরকারের উচিত প্রযুক্তি উন্নয়ন, দক্ষতা প্রশিক্ষণ এবং সহজ শর্তে বিনিয়োগ অর্থায়নের ব্যবস্থা করা। উদ্যোক্তাদেরও গবেষণা, পণ্যের মান ও উৎপাদন ব্যবস্থাপনায় বিনিয়োগ বাড়াতে হবে।

জাতীয় অর্থনীতি: মেধাস্বত্ব-সংক্রান্ত সুবিধা হারালে জেনেরিক ওষুধ উৎপাদন ও রপ্তানিতে কী প্রভাব পড়তে পারে?

ড. ফাহমিদা খাতুন: বাংলাদেশের ওষুধশিল্প এলডিসি হিসেবে মেধাস্বত্বের বিশেষ ছাড় পেয়ে আসছে। এর ফলে নির্দিষ্ট কিছু ওষুধের ক্ষেত্রে পেটেন্ট-সংক্রান্ত বাধা ছাড়াই জেনেরিক ওষুধ উৎপাদনের সুযোগ রয়েছে। উত্তরণের পর এই সুবিধার ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বিশেষ করে নতুন ও পেটেন্টযুক্ত ওষুধ উৎপাদনে লাইসেন্স ফি বা প্রযুক্তি ব্যবহারের খরচ বাড়তে পারে। এতে কিছু ওষুধের উৎপাদন ব্যয় ও দাম বাড়ার ঝুঁকি রয়েছে। রপ্তানির ক্ষেত্রেও নতুন জটিলতা দেখা দিতে পারে। তবে সব জেনেরিক ওষুধের উৎপাদন বন্ধ হয়ে যাবে, এমন নয়। যেসব ওষুধের পেটেন্টের মেয়াদ শেষ হয়েছে, সেগুলোর উৎপাদন চলতে পারবে।

সরকারকে মেধাস্বত্ব আইন, ওষুধশিল্পের গবেষণা সক্ষমতা এবং আন্তর্জাতিক মান নিশ্চিত করার প্রস্তুতি নিতে হবে। প্রয়োজনীয় ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের অনুমোদিত নমনীয়তা কাজে লাগাতে হবে। পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর ও গবেষণায় বিনিয়োগ বাড়ানো জরুরি।

জাতীয় অর্থনীতি: আন্তর্জাতিক ঋণের শর্ত কঠিন হওয়া এবং বিদেশি বিনিয়োগ কম থাকার পরিস্থিতিতে অর্থায়নের চাহিদা কীভাবে পূরণ করা সম্ভব?

ড. ফাহমিদা খাতুন: এলডিসি উত্তরণের ফলে বাংলাদেশ কিছু বিশেষ অর্থায়ন সুবিধা হারাতে পারে। তবে সব স্বল্পসুদে ঋণ সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে না। আন্তর্জাতিক ঋণের শর্ত নির্ভর করে দেশের আয়, ঋণ পরিশোধের সক্ষমতা এবং ঋণদাতা প্রতিষ্ঠানের নীতির ওপর। বাংলাদেশের জন্য বড় উদ্বেগ হলো বৈদেশিক ঋণ পরিশোধের চাপ বৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগের দুর্বল প্রবাহ। এই পরিস্থিতিতে আরও বেশি ঋণ নেওয়া সমাধান নয়। এখানে কয়েকটি পদক্ষেপ নেওয়া উচিত।

প্রথমত, অভ্যন্তরীণ রাজস্ব বাড়াতে হবে। দ্বিতীয়ত, অপ্রয়োজনীয় সরকারি ব্যয় কমিয়ে উৎপাদনশীল খাতে বিনিয়োগ বাড়াতে হবে। তৃতীয়ত, বিদেশি বিনিয়োগ আকর্ষণে নিরবচ্ছিন্ন জ্বালানি, উন্নত অবকাঠামো, নীতির ধারাবাহিকতা এবং দ্রুত প্রশাসনিক সেবা নিশ্চিত করতে হবে। জলবায়ু অর্থায়ন, সরকারি-বেসরকারি অংশীদারত্ব এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগের সুযোগও কাজে লাগাতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ঋণনির্ভর উন্নয়ন থেকে উৎপাদনশীল বিনিয়োগনির্ভর উন্নয়নের দিকে অগ্রসর হওয়া।

জাতীয় অর্থনীতি: এলডিসি উত্তরণের পর রাজস্ব খাতের সংস্কার কতটা জরুরি? সরকারের প্রধান অগ্রাধিকার কী হওয়া উচিত?

ড. ফাহমিদা খাতুন: রাজস্ব সংস্কার বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে জরুরি অগ্রাধিকারগুলোর একটি। দেশের কর-জিডিপি অনুপাত অত্যন্ত কম, প্রায় ৭ শতাংশের কাছাকাছি। এত কম রাজস্ব দিয়ে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, অবকাঠামো এবং ঋণ পরিশোধের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করা কঠিন। সরকারের লক্ষ্য হওয়া উচিত মধ্যমেয়াদে কর-জিডিপি অনুপাত অন্তত ১০ থেকে ১২ শতাংশে উন্নীত করা। তবে শুধু করের হার বাড়িয়ে এই লক্ষ্য অর্জন করা যাবে না। কর ফাঁকি কমানো, অযৌক্তিক কর ছাড় পর্যালোচনা, করদাতার সংখ্যা বৃদ্ধি এবং কর প্রশাসনের ডিজিটাল ব্যবস্থা শক্তিশালী করতে হবে। প্রত্যক্ষ করের ওপর গুরুত্ব বাড়াতে হবে, যাতে নিম্নআয়ের মানুষের ওপর অতিরিক্ত চাপ না পড়ে। একই সঙ্গে রাজস্বনীতি প্রণয়ন ও কর আদায়ের কার্যক্রমের মধ্যে কার্যকর পৃথকীকরণ প্রয়োজন। রাজস্ব বাড়ানোর পাশাপাশি সরকারি অর্থের অপচয় বন্ধ এবং ব্যয়ের জবাবদিহি নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।

জাতীয় অর্থনীতি: ব্যবসার পরিবেশ, ব্যাংকিং খাত, আমলাতান্ত্রিক জটিলতা ও সুশাসনের ক্ষেত্রে কাঙ্ক্ষিত অগ্রগতি কতটা হয়েছে?

ড. ফাহমিদা খাতুন: এসব ক্ষেত্রে কিছু উদ্যোগ নেওয়া হলেও সামগ্রিক অগ্রগতি সন্তোষজনক নয়। ব্যবসা শুরু করা, অনুমোদন পাওয়া, জমি ও অবকাঠামোর সুবিধা নিশ্চিত করা এবং পণ্য আমদানি-রপ্তানিতে এখনো নানা জটিলতা রয়েছে। এতে ব্যবসার খরচ বাড়ে এবং বিনিয়োগ নিরুৎসাহিত হয়। ব্যাংকিং খাতের খেলাপি ঋণ, দুর্বল ব্যবস্থাপনা ও মূলধনের ঘাটতি অর্থনীতির জন্য বড় সমস্যা। ব্যাংকিং খাত দুর্বল থাকলে উৎপাদনশীল উদ্যোক্তারা প্রয়োজনীয় অর্থায়ন পান না। বাংলাদেশ ব্যাংকের স্বাধীনভাবে তদারকি করার সক্ষমতা, ঋণ আদায় এবং ব্যাংক পরিচালনায় জবাবদিহি বাড়াতে হবে। পাশাপাশি শুল্ক প্রশাসন, বন্দর, বিনিয়োগ অনুমোদন ও সরকারি সেবায় সময় এবং খরচ কমাতে হবে। এলডিসি উত্তরণের প্রস্তুতি শুধু বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নয়; এটি সরকারের সামগ্রিক অর্থনৈতিক সংস্কারের বিষয়।

জাতীয় অর্থনীতি: প্রযুক্তিনির্ভর উৎপাদন বাড়লে কর্মসংস্থান, মজুরি ও শ্রমিকদের নিরাপত্তায় কী ধরনের ঝুঁকি তৈরি হতে পারে?

ড. ফাহমিদা খাতুন: প্রযুক্তির ব্যবহার বাড়লে কিছু প্রচলিত কাজের চাহিদা কমতে পারে। বিশেষ করে যেসব কাজে একই ধরনের কাজ বারবার করতে হয়, সেখানে স্বয়ংক্রিয় যন্ত্রের ব্যবহার শ্রমিকের প্রয়োজন কমাতে পারে। এতে স্বল্পদক্ষ শ্রমিক এবং নারী শ্রমিকদের একটি অংশ বেশি ঝুঁকিতে পড়তে পারেন। তবে প্রযুক্তি মানেই কর্মসংস্থান কমে যাওয়া নয়। উন্নত প্রযুক্তির মাধ্যমে উৎপাদনশীলতা, পণ্যের মান এবং রপ্তানি বাড়লে নতুন ধরনের কর্মসংস্থানও তৈরি হতে পারে।

এ জন্য শ্রমিকদের নতুন প্রযুক্তি ব্যবহারের প্রশিক্ষণ দিতে হবে। কারখানায় দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করা এবং চাকরি হারানো শ্রমিকদের পুনঃপ্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন। প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে গিয়ে শ্রমিকের মজুরি কমানো বা কর্মপরিবেশের নিরাপত্তা দুর্বল করা গ্রহণযোগ্য নয়। বরং উৎপাদনশীলতা বৃদ্ধির সুফল শ্রমিক ও উদ্যোক্তা উভয়ের মধ্যে ভাগ হওয়া উচিত। বাংলাদেশকে কম মজুরির প্রতিযোগিতা থেকে দক্ষতা, গুণগত মান ও উৎপাদনশীলতার প্রতিযোগিতায় যেতে হবে।

জাতীয় অর্থনীতি: অতিরিক্ত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন না হলে উত্তরণের পর সবচেয়ে বড় অর্থনৈতিক ঝুঁকিগুলো কী হতে পারে?

ড. ফাহমিদা খাতুন: প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন না হলে বাংলাদেশ একসঙ্গে কয়েকটি বড় ঝুঁকির মুখোমুখি হতে পারে। প্রথমত, আন্তর্জাতিক বাজারে শুল্কসুবিধা হারানোর ফলে রপ্তানি প্রতিযোগিতা কমতে পারে। এতে রপ্তানি আয়, শিল্পের উৎপাদন এবং কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হবে। দ্বিতীয়ত, রপ্তানি আয় ও বিদেশি বিনিয়োগ প্রত্যাশিত মাত্রায় না বাড়লে বৈদেশিক মুদ্রার ওপর চাপ তৈরি হতে পারে। তৃতীয়ত, ঋণ পরিশোধের ব্যয় বাড়লে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় সরকারি ব্যয় সংকুচিত হওয়ার আশঙ্কা থাকবে। চতুর্থত, ব্যাংকিং খাতের দুর্বলতা ও বিনিয়োগের স্থবিরতা অব্যাহত থাকলে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি বাধাগ্রস্ত হবে।

এই ঝুঁকি মোকাবিলায় সরকারের একটি বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনা প্রয়োজন। বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক, সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান, উদ্যোক্তা ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। ২০২৯ সাল পর্যন্ত পাওয়া অতিরিক্ত সময় বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ। এই সময়ের মধ্যে কার্যকর সংস্কার, বিনিয়োগ বৃদ্ধি এবং রপ্তানি বহুমুখীকরণ নিশ্চিত করতে পারলেই এলডিসি উত্তরণ বাংলাদেশের জন্য টেকসই উন্নয়নের নতুন অধ্যায় হয়ে উঠবে।

Get latest updates of CPD's research, policy discourse, publications, and events.