Originally posted in প্রতিদিনের বাংলাদেশ on 11 November 2026
বহুজাতিক কোম্পানির কর ফাঁকি রোধে উদ্যোগ
মুনাফা স্থানান্তরের মাধ্যমে বহুজাতিক কোম্পানির কর ফাঁকি ঠেকানো এবং বিদেশি বিনিয়োগকারীদের কর সংক্রান্ত সেবা সহজ করতে আন্তর্জাতিক কর বিভাগ পুনর্গঠন করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ উদ্যোগের অংশ হিসেবে ট্রান্সফার প্রাইসিং সেলকে আন্তর্জাতিক কর ইউনিটের (আইটিইউ) অধীনে আনা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন কর অঞ্চলে ছড়িয়ে থাকা বহুজাতিক কোম্পানির কর নথি একটি ইউনিটের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এনবিআর সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক কর ব্যবস্থাপনা জোরদার করতে ইউনিটটির জন্য আলাদা কার্যালয় ভাড়া নেওয়া হবে। প্রথম বছরে আয়কর আইনের আন্তর্জাতিক কর ও ট্রান্সফার প্রাইসিং-সংক্রান্ত বিধান পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের সুপারিশ করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক করবিধি আরও কার্যকর করার বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে।
ট্রান্সফার প্রাইসিং কী
ট্রান্সফার প্রাইসিং হলো বহুজাতিক কোম্পানির এক দেশের শাখা বা সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে অন্য দেশের শাখা বা সহযোগী প্রতিষ্ঠানের মধ্যে পণ্য, সেবা বা সম্পদ কেনাবেচার মূল্য নির্ধারণের পদ্ধতি। সহজভাবে বললে, একটি বহুজাতিক কোম্পানির বাংলাদেশে একটি প্রতিষ্ঠান এবং বিদেশে আরেকটি প্রতিষ্ঠান রয়েছে। এক প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানকে পণ্য বা সেবা বিক্রি করলে যে দাম নির্ধারণ করা হয়, সেটিই ট্রান্সফার প্রাইসিংয়ের আওতায় পড়ে।
এদিকে, সরকার বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বিভিন্ন দেশের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) করার উদ্যোগ নিয়েছে। এ প্রেক্ষাপটে আন্তর্জাতিক কর ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ানোকে গুরুত্ব দিচ্ছে এনবিআর। নতুন ইউনিটটি শুধু বহুজাতিক কোম্পানির কর নথি দেখভাল করবে না, দেশের স্থানীয় কোম্পানির সঙ্গে বিদেশি প্রতিষ্ঠানের আন্তঃসীমান্ত লেনদেনও পর্যবেক্ষণ করবে।
বর্তমানে বহুজাতিক কোম্পানিগুলোর কর নথি দেশের ৩৩টি কর অঞ্চলে ছড়িয়ে রয়েছে। এসব প্রতিষ্ঠানের কিছু নথি বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) অধীনে, আবার কিছু রয়েছে অন্যান্য কর অঞ্চলে। নতুন ব্যবস্থায় এসব নথি একটি ইউনিটের আওতায় আনা হবে। এতে কর সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনা ও তদারকির মধ্যে সমন্বয় বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এনবিআর আন্তর্জাতিক কর ইউনিটের আওতা ও এখতিয়ার নির্ধারণে আপিল কমিশনার শাহ আলীর নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে। ইউনিটটি নির্বাহী বিভাগ হিসেবে বহুজাতিক কোম্পানিগুলোকে কর সংক্রান্ত সেবা দেওয়ার পাশাপাশি তাদের কর নথি তদারকি করবে। ইতোমধ্যে একজন কমিশনারকে ইউনিটটির দলনেতা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বিদেশি নাগরিকদের আয়কর পরিশোধের নথি বর্তমানে কর অঞ্চল-১১ তদারক করে। নতুন ইউনিটের অধীনে বিদেশি নাগরিকদের কর সংক্রান্ত বিভিন্ন সেবাও সমন্বিতভাবে পরিচালনার পরিকল্পনা রয়েছে। দ্বৈত কর পরিহার চুক্তির আওতায় সনদ, বিদেশে যাওয়ার আগে কর ছাড়পত্র এবং বিভিন্ন অনুমোদন পেতে কর কার্যালয়ের সঙ্গে যোগাযোগের জটিলতা কমানোর দায়িত্বও ইউনিটটিকে দেওয়া হতে পারে।
আন্তর্জাতিক করব্যবস্থার বড় চ্যালেঞ্জ হলো বহুজাতিক কোম্পানির মুনাফা এক দেশ থেকে অন্য দেশে সরিয়ে নেওয়া। বিভিন্ন দেশে তাদের সহযোগী প্রতিষ্ঠানের মধ্যে পণ্য ও সেবা কেনাবেচার মূল্য নির্ধারণের মাধ্যমে প্রকৃত মুনাফা কম দেখানোর সুযোগ তৈরি হয়। এভাবে যে দেশে ব্যবসা করে, সেখানে প্রকৃত আয় অনুযায়ী কর না দিয়ে অন্য দেশে মুনাফা স্থানান্তর করতে পারে প্রতিষ্ঠানগুলো। এ ধরনের লেনদেন পর্যবেক্ষণের ব্যবস্থাই ট্রান্সফার প্রাইসিং নামে পরিচিত।
এনবিআর ২০১৪ সালে আয়কর আইনের বিধান অনুযায়ী ট্রান্সফার প্রাইসিং সেল গঠন করেছিল। এর উদ্দেশ্য ছিল আন্তঃসীমান্ত লেনদেনের মাধ্যমে মুনাফা স্থানান্তর ও কর ফাঁকি প্রতিরোধ করা। তবে গত তিন বছর ধরে বহুজাতিক কোম্পানির লেনদেন পর্যবেক্ষণ এবং আন্তর্জাতিক লেনদেনের বিবরণী (এসআইটি) সংগ্রহের কার্যক্রম কার্যত স্থবির রয়েছে। কর্মকর্তাদের ভাষ্য, ট্রান্সফার প্রাইসিং সেলের দায়িত্ব আন্তর্জাতিক কর ইউনিটের অধীনে যাওয়ায় বর্তমান সেলটি কার্যকরভাবে কাজ করছে না।
এনবিআরের বিভিন্ন পর্যালোচনা অনুযায়ী, বাংলাদেশে শাখা ও লিয়াজোঁ কার্যালয়সহ অন্তত ৫০০টি বিদেশি কোম্পানি রয়েছে। ট্রান্সফার প্রাইসিং সেলের নির্দেশনার পর এসব প্রতিষ্ঠানের কাছ থেকে আন্তর্জাতিক লেনদেনের বিবরণী জমা নেওয়া হয়েছে।
এ কার্যক্রমে দক্ষ জনবল ধরে রাখাও একটি চ্যালেঞ্জ। ট্রান্সফার প্রাইসিং বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কারিগরি সহায়তায় এনবিআরের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। কিন্তু প্রশিক্ষণ পাওয়া কয়েকজন কর্মকর্তাকে পরবর্তী সময়ে অন্য কর অঞ্চলে বদলি করা হয়। ফলে বিশেষায়িত প্রশিক্ষণের সুফল পুরোপুরি কাজে লাগানো যায়নি বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এনবিআরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ট্রান্সফার প্রাইসিং সেল বা আন্তর্জাতিক কর ইউনিটে নির্দিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব না দিলে প্রশিক্ষণের সুফল পাওয়া যাবে না। তার ভাষ্য অনুযায়ী, এ বিষয়ে আলোচনা করতে পোল্যান্ডের একটি প্রতিনিধিদলের বাংলাদেশে আসার কথা রয়েছে। প্রশিক্ষণ পাওয়া কর্মকর্তাদের সঙ্গেও তারা আলোচনা করতে আগ্রহী।
আন্তর্জাতিক করব্যবস্থার দুর্বলতার আর্থিক প্রভাবও রয়েছে। ট্যাক্স জাস্টিস নেটওয়ার্কের হিসাব অনুযায়ী, ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ করপোরেট ও ব্যক্তিশ্রেণির কর রাজস্বে প্রায় ১২৭ কোটি ডলার হারিয়েছে। এর মধ্যে করপোরেট করের ক্ষতির পরিমাণ প্রায় ১২০ কোটি ডলার।
সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান মনে করেন, বহুজাতিক কোম্পানির মুনাফা স্থানান্তরের মাধ্যমে কর ফাঁকি হচ্ছে কি না, তা শনাক্ত করতে এনবিআরের তাৎক্ষণিক তথ্য ব্যবস্থায় প্রবেশাধিকার থাকা প্রয়োজন। তার মতে, আন্তর্জাতিক কর ইউনিট গঠনের উদ্যোগ ইতিবাচক। তবে ট্রান্সফার প্রাইসিংয়ের কার্যকর তদারকি নিশ্চিত করতে হবে। অতীতের বাস্তবায়ন-সংক্রান্ত সমস্যাগুলো থেকেও শিক্ষা নেওয়া দরকার। শুধু প্রকল্পের অর্থায়নের ওপর নির্ভর করলে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে।


