Originally posted in বণিকবার্তা on 14 November 2026

বৈদেশিক খাতের কিছু উন্নতি অর্থনীতিকে সাময়িক স্বস্তি দিলেও ঝুঁকি রয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, ৫ নভেম্বর পর্যন্ত বিপিএম৬ পদ্ধতিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৯ দশমিক ৯৯ বিলিয়ন, যা আগের বছরের একই সময়ে ছিল ২৭ দশমিক ৮১ বিলিয়ন ডলার।
বাংলাদেশের অর্থনীতি কয়েক বছর ধরে নানা চাপের মধ্যে রয়েছে। মূল্যস্ফীতি এখনো বেশি, বিনিয়োগ দুর্বল, কর্মসংস্থানের সুযোগ সীমিত এবং মানুষের ক্রয়ক্ষমতা কমেছে। এর মধ্যে রেমিট্যান্স ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের সূচকে অনেকটাই উন্নতি হয়েছে। কিন্তু এসব উন্নতি সামগ্রিক অর্থনীতির দুর্বলতা কাটাতে পারেনি। উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশিত গতি আসেনি। ফলে অর্থনীতির স্থবিরতা কাটিয়ে কীভাবে পুনরুদ্ধারের পথে এগোনো যায়, সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন।
অর্থনীতির একটি বড় সমস্যা হলো অভ্যন্তরীণ চাহিদার দুর্বলতা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুযায়ী, গত অক্টোবরে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৭, আর মজুরি বৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৬৩ শতাংশ। অর্থাৎ মূল্যস্ফীতির তুলনায় মজুরি বৃদ্ধির হার কম। দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চলতে থাকায় শ্রমজীবী মানুষের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো খাদ্য, বাসাভাড়া, চিকিৎসা, শিক্ষা ও যাতায়াতের ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে। প্রয়োজনীয় খরচ মেটানোর পর অন্যান্য পণ্য ও সেবার জন্য পরিবারের হাতে অর্থ কম থাকছে। এতে বাজারে চাহিদা দুর্বল হচ্ছে, যার প্রভাব পড়ছে ব্যবসা ও উৎপাদনে।
বিনিয়োগে স্থবিরতা অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরো দুর্বল করছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, সেপ্টেম্বর ২০২৫ থেকে সেপ্টেম্বর ২০২৬ সময়ে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমে এসেছে ৪ দশমিক শূন্য ৯ শতাংশে। এত কম ঋণ প্রবৃদ্ধি বেসরকারি খাতের দুর্বল অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা, উচ্চ সুদহার, ব্যবসা পরিচালনার বাড়তি ব্যয় এবং ভবিষ্যৎ বাজার সম্পর্কে অনিশ্চয়তা নতুন বিনিয়োগকে নিরুৎসাহিত করছে। বিনিয়োগ না বাড়লে নতুন শিল্প-কারখানা গড়ে উঠবে না, উৎপাদন বাড়বে না এবং কর্মসংস্থানের সুযোগও সীমিত থাকবে।
কর্মসংস্থানের সংকট অর্থনীতির স্থবিরতাকে আরো দীর্ঘায়িত করছে। প্রতি বছর বিপুলসংখ্যক তরুণ শ্রমবাজারে প্রবেশ করলেও তাদের জন্য পর্যাপ্ত মানসম্পন্ন কাজের সুযোগ তৈরি হচ্ছে না। শিক্ষিত তরুণদের একটি অংশ দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন। নারীদের শ্রমবাজারে অংশগ্রহণের ক্ষেত্রেও নানা বাধা রয়েছে। অন্যদিকে অনানুষ্ঠানিক খাতে কর্মরত বিপুলসংখ্যক মানুষের আয় অনিয়মিত এবং সামাজিক সুরক্ষা সীমিত। কর্মসংস্থান ও আয় না বাড়লে মানুষের ভোগব্যয় বাড়বে না। ফলে উৎপাদন ও বাজারের চাহিদাও দুর্বল থাকবে। অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য তাই কর্মসংস্থান সৃষ্টি একটি কেন্দ্রীয় অগ্রাধিকার হওয়া উচিত।
বৈদেশিক খাতের কিছু উন্নতি অর্থনীতিকে সাময়িক স্বস্তি দিলেও ঝুঁকি রয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, ৫ নভেম্বর পর্যন্ত বিপিএম৬ পদ্ধতিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৯ দশমিক ৯৯ বিলিয়ন, যা আগের বছরের একই সময়ে ছিল ২৭ দশমিক ৮১ বিলিয়ন ডলার। তবে জুলাই-সেপ্টেম্বর চলতি হিসাবে ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ১৩৩ কোটি ডলার। এর অর্থ হলো, রেমিট্যান্স বাড়লেও আমদানি ও অন্যান্য বৈদেশিক লেনদেনের ব্যয় বৈদেশিক খাতে চাপ সৃষ্টি করছে। জ্বালানি আমদানির ব্যয় ও বৈদেশিক ঋণ পরিশোধের চাপও রয়েছে। ফলে রেমিট্যান্স ও রিজার্ভের উন্নতি দিয়ে সামগ্রিক অর্থনীতির দুর্বলতা কাটানো সম্ভব নয়।
রফতানি খাতে বহুমুখিতার অভাব একটি উদ্বেগের বিষয়। বাংলাদেশের পণ্য রফতানি এখনো প্রধানত তৈরি পোশাক শিল্পের ওপর নির্ভরশীল। আন্তর্জাতিক বাজারে চাহিদার পরিবর্তন, প্রতিযোগিতা, বাণিজ্যনীতি ও উৎপাদন ব্যয়ের চাপ এ খাতকে প্রভাবিত করছে। শ্রমিক অসন্তোষ ও উৎপাদন ব্যাহত হওয়ার ঘটনা ব্যবসায়িক আস্থার জন্য ক্ষতিকর। রফতানি ধরে রাখতে উৎপাদনশীলতা বৃদ্ধি, প্রযুক্তির ব্যবহার, শ্রমিকের দক্ষতা উন্নয়ন এবং নতুন বাজারে প্রবেশ জরুরি। একই সঙ্গে পোশাকের বাইরে অন্যান্য সম্ভাবনাময় খাতের বিকাশে বাস্তবসম্মত সহায়তা প্রয়োজন।
সরকারের সীমিত আর্থিক সক্ষমতা অর্থনৈতিক পুনরুদ্ধারের আরেকটি বাধা। রাজস্ব আদায় প্রয়োজনের তুলনায় কম হওয়ায় শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা ও উৎপাদনশীল অবকাঠামোয় পর্যাপ্ত বিনিয়োগ করা কঠিন হচ্ছে। ঋণের সুদ ও অন্যান্য অনিবার্য ব্যয়ও বাজেটের ওপর চাপ সৃষ্টি করছে। এ অবস্থায় শুধু ব্যয় কমানো নয়, ব্যয়ের গুণগত মান বাড়ানো জরুরি। কম গুরুত্বপূর্ণ প্রকল্পের পরিবর্তে কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে সরাসরি অবদান রাখে এমন খাতে সম্পদ বরাদ্দ দিতে হবে। পাশাপাশি করের আওতা বাড়ানো, কর ফাঁকি কমানো এবং রাজস্ব প্রশাসনের দক্ষতা উন্নত করা প্রয়োজন।
অর্থনীতির স্থবিরতা কাটাতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিনিয়োগ ও উৎপাদন বাড়াতে হবে। মুদ্রানীতির সঙ্গে রাজস্বনীতি, সরবরাহ ব্যবস্থাপনা ও বিনিয়োগবান্ধব পদক্ষেপের সমন্বয় প্রয়োজন। খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, বাজারে প্রতিযোগিতা নিশ্চিত করা এবং দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য লক্ষ্যভিত্তিক সামাজিক সুরক্ষা জোরদার করতে হবে। একই সঙ্গে নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ, সহজ ব্যবসায়িক প্রক্রিয়া এবং ব্যাংক খাতের সংস্কার বিনিয়োগের পরিবেশ উন্নত করতে পারে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অর্থনৈতিক নীতির বাস্তবায়নে ধারাবাহিকতা ও সমন্বয় নিশ্চিত করা। নীতির ঘন ঘন পরিবর্তন ও বাস্তবায়নের অনিশ্চয়তা বিনিয়োগকারীদের আস্থা দুর্বল করে। অর্থনীতির স্থবিরতা কাটাতে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় জরুরি। যেমন বাংলাদেশ ব্যাংক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি অনুসরণ করলেও সরকারের অতিরিক্ত ব্যাংক ঋণ বেসরকারি বিনিয়োগের সুযোগ সংকুচিত করতে পারে। আবার বাণিজ্য মন্ত্রণালয় শিল্পের কাঁচামাল আমদানি সহজ করতে চাইলেও জাতীয় রাজস্ব বোর্ডের জটিল শুল্ক ব্যবস্থা কিংবা বৈদেশিক মুদ্রার ঘাটতি হলে উৎপাদন বাধাগ্রস্ত হতে পারে। একইভাবে বিনিয়োগ উৎসাহিত করা হলেও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। তাই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নীতি ও কার্যক্রমে সমন্বয় প্রয়োজন।
অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার পাশাপাশি বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান ও মানুষের প্রকৃত আয় বাড়ানোর উদ্যোগ নিতে হবে। অর্থনীতির স্থবিরতা কাটানোর প্রকৃত সাফল্য বোঝা যাবে তখনই, যখন ব্যবসায়িক কর্মকাণ্ড বাড়বে, নতুন কাজের সুযোগ তৈরি হবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় তার ইতিবাচক প্রভাব পড়বে।


