Wednesday, February 18, 2026
spot_img
Home CPD in the Media

ভারত-পাকিস্তান উত্তেজনা বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের জন্য উদ্বেগের – মোস্তাফিজুর রহমান

Originally posted in The Business Standard on 26 April 2025

আজ রাজধানীর চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজিত শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির প্রশ্নোত্তরে এসব কথা বলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক মোস্তাফিজুর রহমান।

গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক মোস্তাফিজুর রহমান মনে করেন, ভারত-পাকিস্তানের বর্তমান যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের জন্য ভালো নয়। তিনি বলেন, দুই দেশের মধ্যে উত্তেজনা বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের জন্য বড় শঙ্কার কারণ না হলেও উদ্বেগের। কেননা, পারমাণবিক শক্তিধর দেশগুলোর সংঘাত কেবল তাদের মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে।

আজ শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজিত শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির প্রশ্নোত্তরে তিনি এসব কথা বলেন। মোস্তাফিজুর রহমান বলেন, ভারত-পাকিস্তানের উত্তেজনা আঞ্চলিক সহযোগিতার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। সার্ক দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সার্কের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছেন, তবে এই উত্তেজনা সে প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে। তিনি আশা প্রকাশ করেন, অতীতের মতো এবারও আলোচনার মাধ্যমে সংকট এড়ানো যাবে।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ভারত থেকে বিপুল পরিমাণে পণ্য আমদানি করে, তবে রপ্তানির পরিমাণ তুলনামূলক কম। ভারতের বাজারে বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা পায়। সে দেশে এক বিলিয়ন ডলার রপ্তানিতে ৪০ বছর লেগেছিল, পরবর্তী সাত বছরে তা বেড়ে দুই বিলিয়ন ডলার হয়েছে। বর্তমান পরিস্থিতিতে ভারত যদি সামরিক খাতে বেশি মনোযোগ দেয়, তাহলে তাদের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হতে পারে, যার প্রভাব বাংলাদেশের ওপরও পড়বে।’

বিনিয়োগ প্রসঙ্গে মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিনিয়োগের প্রতিশ্রুতি শেষ কথা নয়; সহায়ক পরিবেশ তৈরি করতে হবে। কোনো কারণে যদি নির্বাচন বিলম্বিত হয়, তা বিনিয়োগে অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে।’

‘সাম্প্রতিক বিনিয়োগ সম্মেলন বিদেশি বিনিয়োগের সম্ভাবনা সৃষ্টি করেছে’—শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় বিরোধী দলের ভূমিকায় থাকা ইডেন কলেজের দল বিজয়ী হয়। সরকারি দলের হয়ে প্রতিযোগিতায় অংশ নেয় ঢাকা কলেজের দল। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।