Originally posted in বাংলাদেশ প্রতিদিন on 23 November 2026
মজুরি পর্যালোচনার জন্য স্থায়ী মজুরি কমিশন গঠন জরুরি

ড. নাজনীন আহমেদ সিপিডির নির্বাহী পরিচালক হিসেবে যোগদানের আগে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিতে কাজ করেছেন। ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ইকোনমিস্ট হিসেবে দুই বছর এবং এরপর নিউইয়র্কে ইউএনডিপিতে পলিসি অ্যাডভাইজার হিসেবে তিন বছর দায়িত্ব পালন করেন। এর আগে তিনি বিআইডিএসে ২৫ বছর কাজ করেছেন
বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে ড. নাজনীন আহমেদ বলেন, ২০২৩ সালে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল ১২ হাজার ৫০০ টাকা। এরপর খাদ্য, বাসাভাড়া, শিক্ষা ও চিকিৎসাসহ জীবনযাত্রার প্রায় সব খরচ বেড়েছে। সিপিডির হিসাবে, শুধু মূল্যস্ফীতি সমন্বয় করলেও ওই মজুরি এখন ১৬ হাজার ৩৫১ টাকা হওয়া প্রয়োজন। অন্যদিকে শ্রমিক ও তাঁর পরিবারের মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য প্রয়োজনীয় লিভিং ওয়েজ বা জীবনধারণের উপযোগী মজুরি ২৪ হাজার ২০৪ টাকা। এসব বিবেচনায় সিপিডি ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকার মজুরি সীমা প্রস্তাব করেছে। তবে এ প্রস্তাবের বিরোধিতা করেছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
মজুরি প্রস্তাবের ব্যাখ্যায় তিনি বলেন, সিপিডি তিনটি বিষয় বিবেচনায় নিয়েছে-আগের মজুরির সঙ্গে মূল্যস্ফীতি সমন্বয়, শ্রমিককে দারিদ্র্যসীমার নিচে না রাখা এবং পরিবারের মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য প্রয়োজনীয় আয় নিশ্চিত করা। ১৬ হাজার ৩৫১ টাকা কেবল আগের মজুরির ক্রয়ক্ষমতা ধরে রাখবে, প্রকৃত আয় বাড়াবে না। তবে প্রস্তাবিত মজুরিসীমা চূড়ান্ত সিদ্ধান্ত নয়, আলোচনার ভিত্তি। এ হিসাবের ক্ষেত্রে পরিবারের সদস্য চারজন এবং উপার্জনক্ষম সদস্য ১ দশমিক ৫৮ জন ধরা হয়েছে।
বাসাভাড়ার খরচ দুবার হিসাব করার অভিযোগ নাকচ করে তিনি বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর খানা আয়-ব্যয় জরিপের খাদ্যবহির্ভূত ব্যয়ের হিসাব থেকে বাসস্থানের খরচ বাদ দিয়ে পরে আলাদা গবেষণার ভিত্তিতে ১০ হাজার টাকা বাসাভাড়া যুক্ত করা হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, যাতায়াতসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যয় ধরা হয়েছে ১২ হাজার ২৬৭ টাকা।
গত ১০ বছরে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি ১৩৬ শতাংশ বেড়েছে-মালিকপক্ষের এমন বক্তব্যের বিষয়ে তিনি বলেন, শুধু বৃদ্ধির হার দিয়ে মজুরি মূল্যায়ন করা যাবে না। এ সময়ে জীবনযাত্রার ব্যয়, শ্রমিকের সংখ্যা ও উৎপাদনশীলতার পরিবর্তনও বিবেচনা করতে হবে। যান্ত্রিকীকরণ ও প্রযুক্তির ব্যবহারে রপ্তানি বাড়লেও শ্রমিকের সংখ্যা একই হারে বাড়ছে না। পাশাপাশি রানা প্লাজার পর কারখানাগুলো নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নে বড় বিনিয়োগ করেছে। এসব বিষয় মালিকের সক্ষমতা নির্ধারণে বিবেচনায় নেওয়া প্রয়োজন।
মজুরি নির্ধারণের বর্তমান প্রক্রিয়া পরিবর্তনের তাগিদ দিয়ে সিপিডির নির্বাহী পরিচালক বলেন, মজুরি বোর্ড গঠনের পর অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত দিতে হওয়ায় প্রয়োজনীয় গবেষণা ও তথ্য সংগ্রহের সুযোগ থাকে না। এ জন্য স্থায়ী মজুরি কমিশন গঠন করা দরকার। শ্রম আইনে মজুরি নির্ধারণের ১১টি মানদণ্ড রয়েছে। জীবনযাত্রার মান, উৎপাদনশীলতা ও ব্যবসার অবস্থা বিবেচনায় প্রতিবছর মজুরি পর্যালোচনা করা হলে শ্রমিক অসন্তোষের ঝুঁঁকি কমবে।
তিনি আরও বলেন, শ্রমিকের মজুরি বাড়ানোর পাশাপাশি শিল্পের ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে হবে। নিরবচ্ছিন্ন জ্বালানি, কার্যকর বন্দর, দ্রুত আমদানি প্রক্রিয়া ও দুর্নীতিমুক্ত ব্যবস্থা প্রয়োজন। সুশাসনের অভাবে ব্যবসায় যে বাড়তি খরচ হয়, তার দায় শ্রমিকের ওপর চাপানো ঠিক নয়।
দেশের অর্থনীতি প্রসঙ্গে তিনি বলেন, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ৪ শতাংশের আশপাশে নেমে আসা বিনিয়োগের দুর্বলতা নির্দেশ করে। অন্যদিকে ৮ শতাংশের বেশি মূল্যস্ফীতিতে শ্রমিক ও মধ্যবিত্ত উভয়েই চাপে রয়েছেন। এ পরিস্থিতিতে শুধু সামাজিক সহায়তা নয়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নিতে হবে।
শ্রমিক অসন্তোষ নিরসনে তিনি মালিকপক্ষ, সরকার ও শ্রমিক নেতাদের আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর আহ্বান জানান। তাঁর মতে, কারখানা বন্ধ বা উৎপাদন ব্যাহত হলে শ্রমিক, মালিক ও দেশের অর্থনীতি-সব পক্ষই ক্ষতিগ্রস্ত হবে।


