মূল্যস্ফীতি কমলেও মানুষের ক্রয়ক্ষমতায় স্বস্তি নেই – ফাহমিদা খাতুন

Originally posted in বণিকবার্তা on 10 November 2026

জ্বালানির দাম বাড়লেও মূল্যস্ফীতি ও মজুরির হার কমার তথ্য দিল বিবিএস

ছবি : বণিক বার্তা

বিবিএস গতকাল অক্টোবরের মূল্যস্ফীতি ও মজুরি হারের তথ্য প্রকাশ করেছে। সংস্থাটির হিসাবে, সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ।

জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়ার প্রভাব বিভিন্ন পণ্য ও সেবার ব্যয়ের ওপর পড়লেও অক্টোবরে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমেছে বলে তথ্য দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। সংস্থাটির হিসাবে, এ মাসে মূল্যস্ফীতি নেমে এসেছে ৮ দশমিক ২৭ শতাংশে। একই সময়ে কমেছে শ্রমিকের মজুরি বৃদ্ধির হারও। অক্টোবরে এ হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৬৩ শতাংশে। খাদ্যপণ্যের দাম কমায় সার্বিক মূল্যস্ফীতিতে কিছুটা স্বস্তি এলেও খাদ্যবহির্ভূত পণ্য ও সেবার মূল্যচাপ এবং মজুরি বৃদ্ধির মন্থরগতি সাধারণ মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।

বিবিএস গতকাল অক্টোবরের মূল্যস্ফীতি ও মজুরি হারের তথ্য প্রকাশ করেছে। সংস্থাটির হিসাবে, সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। সে হিসাবে এক মাসের ব্যবধানে তা কমেছে দশমিক শূন্য ৭ শতাংশীয় পয়েন্ট। তবে ২০২৫ সালের অক্টোবরের ৮ দশমিক ১৭ শতাংশের তুলনায় এবারের মূল্যস্ফীতি বেশি। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় পণ্য ও সেবার দাম বাড়ার চাপ এখনো উঁচুতে রয়েছে।

বিবিএসের তথ্যানুযায়ী, অক্টোবরে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৪০ শতাংশে। সেপ্টেম্বরে এ হার ছিল ৭ দশমিক ২২ শতাংশ। গত বছরের অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক শূন্য ৮ শতাংশ। মূলত বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় খাদ্যপণ্যের দামে কিছুটা স্বস্তি এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে খাদ্যবহির্ভূত পণ্য ও সেবার ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। অক্টোবরে এ খাতে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ। সেপ্টেম্বরে এ হার ছিল ৯ দশমিক ৩০ শতাংশ। জ্বালানি তেল ও গ্যাসের দাম বৃদ্ধির প্রভাবে বাড়ি ভাড়া, পরিবহন, পোশাকসহ বিভিন্ন পণ্য ও সেবার ব্যয় বেড়েছে। ফলে খাদ্যপণ্যের দাম কমলেও জীবনযাত্রার অন্যান্য ব্যয়ে চাপ অব্যাহত রয়েছে।

বিবিএসের কর্মকর্তারা জানান, সাধারণত দেশের ১৫৪টি হাটবাজারের তথ্যের ভিত্তিতে মূল্যস্ফীতির হিসাব তৈরি করা হয়। অক্টোবরে এসব বাজারে খাদ্যপণ্যের দাম কমার প্রবণতা দেখা গেলেও খাদ্যবহির্ভূত পণ্য ও সেবার দাম ঊর্ধ্বমুখী ছিল। জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধিই মূলত বিভিন্ন খাতের ব্যয় বাড়ানোর অন্যতম কারণ।

অন্যদিকে সার্বিক মূল্যস্ফীতির বার্ষিক হার কমলেও মাসিক হিসাবে দাম বাড়ার গতি বেড়েছে। সেপ্টেম্বরে মাসিক মূল্যস্ফীতি ছিল ১ দশমিক ১২ শতাংশ। আর অক্টোবরে তা বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ৮২ শতাংশে। একই সময়ে মূল্যস্ফীতির সূচক ১৫৩ দশমিক ৩৩ থেকে বেড়ে ১৫৬ দশমিক ১৩ পয়েন্ট হয়েছে। অর্থাৎ বার্ষিক মূল্যস্ফীতি কমলেও বাজারে পণ্য ও সেবার দাম বাড়ার প্রবণতা পুরোপুরি থামেনি।

গ্রাম ও শহরাঞ্চলের মূল্যস্ফীতির চিত্রেও পার্থক্য রয়েছে। অক্টোবরে গ্রামাঞ্চলে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। আর শহরাঞ্চলে এ হার ছিল ৮ দশমিক ২৫ শতাংশ। অর্থাৎ শহরের তুলনায় গ্রামে মূল্যস্ফীতির চাপ সামান্য বেশি ছিল।

এদিকে মূল্যস্ফীতির সঙ্গে কমেছে শ্রমিকের মজুরি বাড়ার হারও। অক্টোবরে এ হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৬৩ শতাংশে। বিবিএসের মজুরি হার সূচক অনুযায়ী, কৃষি, শিল্প ও সেবা—তিন খাতেই মজুরি বাড়ার গতি কমেছে। কৃষি খাতে এ হার সেপ্টেম্বরে ৭ দশমিক ৮৯ শতাংশ থাকলেও অক্টোবরে কমে হয়েছে ৭ দশমিক ৫৫ শতাংশ। শিল্প খাতে মজুরি বাড়ার হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৬২ শতাংশ ও সেবা খাতে ৭ দশমিক ৯৬ শতাংশে।

বিশেষজ্ঞদের মতে, মূল্যস্ফীতির তুলনায় মজুরি বাড়ার হার কম থাকলে মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতা হ্রাস পায়। কারণ আয় বাড়লেও পণ্য ও সেবার দাম তুলনামূলক বেশি হারে বাড়লে আগের মতো কেনাকাটার সক্ষমতা থাকে না। বিশেষ করে নিম্ন আয়ের ও নির্দিষ্ট আয়ের মানুষের ওপর এর প্রভাব বেশি পড়ে। ফলে খাদ্যপণ্যের দাম কমে মূল্যস্ফীতির হার নিম্নমুখী হলেও খাদ্যবহির্ভূত ব্যয়ের ঊর্ধ্বগতি ও মজুরি বাড়ার হারে মন্থরগতি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় সামলানোর চ্যালেঞ্জকে আরো জটিল করে তুলছে।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. ফাহমিদা খাতুনের মতে, মূল্যস্ফীতি কমিয়ে আনার মনিটরিং পদ্ধতি কাজ করছে না। তিনি বণিক বার্তাকে বলেন, ‘মূল্যস্ফীতি কমার গতির চেয়ে মজুরি কমার গতি যদি বেশি হয় তাহলে মানুষের ক্রয়ক্ষমতা ও প্রকৃত আয় দুটোই কমে। খাদ্যে কিছুটা স্বস্তি দেখা গেলেও জ্বালানি, পরিবহন, বাসা ভাড়া, চিকিৎসার মতো খাদ্যবহির্ভূত খাতগুলো মানুষের ব্যয় বাড়াচ্ছে। এ কারণে সামগ্রিক মূল্যস্ফীতি সামান্য কমলেও বাজারে কোনো প্রভাব রাখতে পারছে না। অনেকে ঋণ করে সংসার চালাচ্ছেন। বাজারে সরবরাহ কমলে স্বাভাবিকভাবেই দাম বাড়ে। তাই সরকারকে সরবরাহ বৃদ্ধি ও তদারকি আরো জোরদার করতে হবে।’

Get latest updates of CPD's research, policy discourse, publications, and events.