স্বাস্থ্য অবকাঠামোর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজন দক্ষ জনবল ও কার্যকর পরিকল্পনা — ড. নাজনীন আহমেদ

Originally posted in জাগো নিউজ ২৪ on 7 November 2026

স্বাস্থ্যখাতে দেশি অর্থায়নে রেকর্ড ৫৭ হাজার কোটি টাকা ব্যয়ের ছক

দেশি অর্থায়নে এর আগে এত বড় প্রকল্প নেওয়া হয়নি/ছবি: এআই নির্মিত

কোথাও পড়ে আছে কোটি টাকার হাসপাতাল ভবন। কোথাও বাক্সবন্দি অবস্থায় নষ্ট হচ্ছে চিকিৎসার যন্ত্রপাতি। চিকিৎসক-নার্সের সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। এর মধ্যেই উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নতুন অবকাঠামো নির্মাণে প্রায় ৫৭ হাজার কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা করছে সরকার, যা দেশি অর্থায়নে সবচেয়ে বড় প্রকল্প।

পুরোনো সম্পদের ব্যবহার নিশ্চিত না করে নতুন এই বিশাল বিনিয়োগ কতটা সুফল দেবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

যেমন, কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রকল্পের কাজ এক যুগেও শেষ হয়নি। তিন দফা মেয়াদ বাড়ানোর পর প্রকল্পের ব্যয় বেড়েছে প্রায় ৪০৭ কোটি টাকা। এরই মধ্যে ২০২৩ সালের ১৪ নভেম্বর নির্মাণাধীন হাসপাতাল ভবনের একটি ব্লকে বহির্বিভাগ চালু হয়েছে। সেখানে মেডিসিন ও শিশু ওয়ার্ডের পাশাপাশি স্বল্প পরিসরে হৃদরোগ ইউনিট চালু আছে। কিছু রোগীকে ক্যানসারের কেমোথেরাপিও দেওয়া হচ্ছে। তবে পুরোপুরি চালু হয়নি কুষ্টিয়া মেডিকেল। এমনকি ১০০ কোটি টাকার যন্ত্রপাতি পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। কোটি টাকার ভবন পড়ে থাকলেও কুষ্টিয়া সরকারি হাসপাতালের মেঝেতে গড়াগড়ি খাচ্ছেন হাজারো রোগী।

শুধু কুষ্টিয়া নয়, দেশজুড়েই হাসপাতালের অবকাঠামো নির্মাণ ও যন্ত্রপাতি কেনাকাটায় বিগত সরকারের আমলে গুরুত্ব দেওয়া হলেও স্বাস্থ্যসেবায় তেমন উন্নতি হয়নি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সময় কেনা ২১ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম ছয় বছর ধরে বাক্সবন্দি অবস্থায় পড়ে আছে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে।

সরকারি স্বাস্থ্যখাতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর তীব্র সংকটের মধ্যেই উপজেলা হাসপাতাল সম্প্রসারণ ও গ্রামীণ প্রাথমিক স্বাস্থ্যসেবা উন্নয়নে প্রায় ৫৭ হাজার কোটি টাকার দুটি বড় প্রকল্প নেওয়ার প্রস্তাব করা হয়েছে। দেশি অর্থায়নে এর আগে কোনো খাতে এত বড় প্রকল্প নেওয়া হয়নি।

এর মধ্যে উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামো নির্মাণ, পুনর্নির্মাণ, উন্নীতকরণ ও সংস্কারে ৪৪ হাজার ৭৫৭ কোটি টাকা এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক গড়ে তুলতে ১১ হাজার ৯৯৩ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে। দুই প্রকল্পে মোট ব্যয় প্রস্তাব করা হয়েছে ৫৬ হাজার ৭৫০ কোটি ২৬ লাখ টাকা। দেশি অর্থায়নে এত বড় ব্যয়ের প্রকল্প আগে নেওয়া হয়নি। ব্যয়ের পরিমাণ পদ্মা সেতু প্রকল্পের ব্যয়ের চেয়েও বেশি।

বিদ্যমান অবকাঠামো ও যন্ত্রপাতি অব্যবহৃত থাকার মধ্যেও নতুন করে এত বড় প্রকল্প নেওয়া প্রসঙ্গে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি জাগো নিউজকে বলেন, ‘কোন হাসপাতালের অবকাঠামো বন্ধ, কোন হাসপাতালে যন্ত্রপাতি ব্যবহার হয় না তার তালিকা দেন। তালিকা পেলে অবশ্যই অ্যাকশনে যাবো।’

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলা হাসপাতাল সম্প্রসারণ প্রকল্পটি ২০২৬ সালের ডিসেম্বর থেকে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদে বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করবে। নির্মাণকাজ করবে গণপূর্ত অধিদপ্তর ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। সদর উপজেলা বাদে দেশের অন্য সব উপজেলায় প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

দুটি প্রকল্প অনুমোদনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে। কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগ প্রকল্প দুটির ওপর প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা করেছে। সভায় জনবল সংকটের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

কমিশন বলেছে, ভবন নির্মাণের পাশাপাশি চিকিৎসক, নার্স, ল্যাবকর্মী, দক্ষ টেকনিশিয়ান ও প্রয়োজনীয় সহায়ক জনবল নিয়োগের ব্যবস্থা রাখতে হবে, যাতে প্রকল্প শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা চালু করা যায়। এছাড়া ১৯৫টি উপজেলায় চিকিৎসক, নার্স ও অন্য কর্মীদের আবাসনের জন্য চারটি করে আবাসিক ভবন নির্মাণের প্রস্তাব রয়েছে।

সংসদে চলতি বছরের জুনে উপস্থাপিত তথ্য অনুযায়ী, সরকারি স্বাস্থ্য খাতে মোট ২৩ হাজার ২২৩টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে চিকিৎসকের ৯ হাজার ৪০৭টি, নার্সের ৫ হাজার ৩২টি এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীর ৮ হাজার ৭৮৪টি পদ খালি।

বাংলাদেশ স্বাস্থ্য জনবল কৌশলপত্র ২০২৪-এ স্বাস্থ্যকর্মীর ঘাটতি, অসম বণ্টন ও বিভিন্ন পেশার মধ্যে ভারসাম্যহীনতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সরকারি চিকিৎসক ও নার্সদের প্রায় তিন-চতুর্থাংশ শহরাঞ্চলে কর্মরত। ফলে উপজেলা ও গ্রামীণ পর্যায়ে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা-উন্নয়ন) প্রফেসর ফোয়ারা তাসমিম জাগো নিউজকে বলেন, ‘উপজেলায় সবগুলো হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে। গ্রামীণ মাতৃসেবা নিশ্চিত হবে।’

বিদ্যমান অনেক অবকাঠামো ও যন্ত্রপাতি পড়ে থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা সবগুলো পর্যায়ক্রমে চালু করবো। কুষ্টিয়া মেডিকেল কলেজও পুরোদমে চালু করা হবে। তবে নতুন প্রকল্প শুধু ভবন বা অবকাঠামো নির্মাণ নয়, কিছু জনবলও নিয়োগ দেওয়া হবে। চিকিৎসক ছাড়া ফিজিওথেরাপির জন্য ফিজিশিয়ান নিয়োগ দেওয়া হবে।’

মানুষকে যথাযথ সেবা দিতে হবে জানিয়ে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ঢাকায় রোগীর চাপ অনেক বেশি। উপজেলায় প্রাথমিক চিকিৎসা উন্নত হলে চাপ কমবে। কিছু সেবা আছে মা ও শিশুদের, এটা প্রাথমিকভাবে উপজেলায় দেওয়া সম্ভব। আমরা প্রকল্পের আওতায় ওষুধ সরবরাহ করবো। শুধু কাঠামো-যন্ত্রপাতি নয়, সেবা নিশ্চিত করতে প্রকল্পটি নেওয়া হচ্ছে।’

পরিকল্পনা কমিশনের সুপারিশ

পরিকল্পনা কমিশন প্রকল্প দুটির ব্যয় ও বাস্তবায়ন নিয়েও বেশকিছু সুপারিশ দিয়েছে। এর মধ্যে প্রচার ও বিজ্ঞাপন খাতে ৩১ কোটি টাকা এবং কনসালটেন্সি খাতে ১৫ কোটি টাকা ব্যয় কমিয়ে যৌক্তিকীকরণ, ২০০টি মোটরসাইকেল ও চিকিৎসা সরঞ্জাম কেনার ব্যয় কারিগরি কমিটির মাধ্যমে যাচাই ও সারা দেশের ৪৪৩টি উপজেলায় একযোগে প্রকল্প বাস্তবায়ন সম্ভব কি না, তা যাচাই করে জমির প্রাপ্যতা, বিরোধ, অবৈধ দখল, পুনর্বাসন ও অধিগ্রহণের জটিলতা বিবেচনায় অগ্রাধিকারভিত্তিতে ধাপে ধাপে কাজ করার পরামর্শ দিয়েছে কমিশন। এছাড়া ভবনের উন্মুক্ত ছাদের ৫০ শতাংশ সবুজায়নের আওতায় আনার সুপারিশ রয়েছে।

কোন খাতে কত বরাদ্দ

উপজেলা হাসপাতাল সম্প্রসারণ প্রকল্পে হাসপাতাল, আবাসিক ভবন ও সেবাকেন্দ্র নির্মাণে ১৯ হাজার ৫৬১ কোটি ১১ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এসব স্থাপনার মোট আয়তন হবে প্রায় ৪১ লাখ ৬২ হাজার বর্গমিটার। চিকিৎসা সরঞ্জাম কেনার জন্য প্রস্তাব করা হয়েছে ১২ হাজার ১৫ কোটি ১৫ লাখ টাকা। ৬০টি সদর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স বাদে অন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১৫১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

২৪টি উপজেলায় নতুন ১৫১ শয্যার হাসপাতাল, ৩০৫টি উপজেলায় ১০১ শয্যা, ৮৩টি উপজেলায় ১৩২ শয্যা ও ১৩টি উপজেলায় ১২০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রস্তাব রয়েছে। পাশাপাশি ৪৪০টি উপজেলায় বহুতল সমন্বিত সেবাভবন নির্মাণ করা হবে।

প্রকল্পের আওতায় আইসিইউ, হৃদরোগীদের জন্য করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ), স্ট্রোক, দুর্ঘটনাজনিত আঘাত ও সংক্রামক রোগের চিকিৎসা চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কিডনি ডায়ালাইসিস, চোখের চিকিৎসা, ক্যানসার শনাক্তকরণ, ফিজিওথেরাপি এবং মাতৃ ও শিশুসেবা সম্প্রসারণের প্রস্তাব করা হয়েছে। তবে এসব বিশেষায়িত সেবা চালু করতে বিশেষজ্ঞ চিকিৎসক, প্রশিক্ষিত নার্স ও টেকনিশিয়ান প্রয়োজন।

আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের যুগ্ম-প্রধান (স্বাস্থ্য উইং) মানস মিত্র জাগো নিউজকে বলেন, ‘প্রকল্পটি ফিজিবিলিটি স্টাডি করেই নেওয়া হচ্ছে। স্বাস্থ্যসংক্রান্ত কোথায় কী আছে সবকিছুই থাকছে প্রকল্পে। ঢালাওভাবে শুধু নির্মাণ নয়। ভবন নির্মাণ-যন্ত্রপাতি কেনার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যসেবা ব্যবস্থা নিশ্চিত করা হবে। প্রকল্পটি মাত্রই স্বাস্থ্য অধিদপ্তর আমাদের কাছে পাঠিয়েছে। আমরা পিইসি সভা করেছি, কিছু সুপারিশও দিয়েছি। প্রকল্পটিতে সরকারের প্রায়োরিটি আছে।’

১১ হাজার ৯৯৩ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ের গ্রামীণ প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রকল্পের আওতায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ১৬ হাজার ২৬৫টি স্থাপনা নির্মাণ, পুনর্নির্মাণ ও সংস্কারের পরিকল্পনা রয়েছে। এ প্রকল্পে মোট জনবলের প্রয়োজন দেখানো হয়েছে ৫৬ হাজার ২২২ জন। এর মধ্যে নতুন পদ ১৪ হাজার ৬৬১টি। প্রকল্পের লক্ষ্য ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নিরাপদ, জলবায়ু-সহনশীল ও টেকসই প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র গড়ে তোলা। এতে মা ও শিশু স্বাস্থ্য, নারী স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, বয়োজ্যেষ্ঠ ও প্রতিবন্ধীদের উপযোগী সেবা, মৌলিক ল্যাব, ফার্মেসি ও রেফারেল ব্যবস্থার অবকাঠামো গড়ে তোলার কথা বলা হয়েছে।

তবে এ প্রকল্পের জনবল পরিকল্পনা চূড়ান্ত হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র পুনর্নির্মাণের অন্য একটি প্রকল্পের সঙ্গে কাজের পুনরাবৃত্তি হবে কি না, সেটিও পর্যালোচনার পরামর্শ দিয়েছে কমিশন।

নতুন অবকাঠামো নির্মাণের আগে জনবল নিয়োগ এবং বিদ্যমান ভবন ও যন্ত্রপাতির সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন অর্থনীতিবিদেরা।

বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ নাজনীন আহমেদ জাগো নিউজকে বলেন, ‘স্বাস্থ্য বিভাগে আমাদের অনেক অবকাঠামো রয়েছে, তবে সেটার যথাযথ ব্যবহার নেই, কারণ যথাযথ লোকবলও নেই। এখানে কর্মদক্ষতা দেখা হয়নি, কাজেই সেই দিকটা দেখতে হবে।’

তিনি বলেন, ‘এই অবকাঠামো আগেও তৈরি হয়েছে, সেগুলোর একটি স্টক চেক করতে হবে যে এগুলো কতখানি ইউটিলাইজ হচ্ছে আর কতখানি ইউটিলাইজ হচ্ছে না। আরেকটা বড় বিষয় হচ্ছে ঢাকার বাইরে গ্রাম-গঞ্জে অবকাঠামো অনেক জায়গায় পড়ে আছে, কিন্তু যথাযথ লোকজন সেখানে দেখতে পাচ্ছে না। এই যন্ত্রপাতি কি শহরে ব্যবহার হবে না গ্রামে ব্যবহার হবে? গ্রামে হলে লোকজন সেখানে যাবে কি না, থাকবে কি না- সেই ব্যবস্থা করে তারপরে গ্রামে এসব জিনিসপত্র পাঠানো উচিত।’

সংশ্লিষ্টরা বলছেন, দুটি প্রকল্পের মাধ্যমে গ্রামীণ স্বাস্থ্যসেবার অবকাঠামো ও চিকিৎসার পরিধি বাড়ানোর পরিকল্পনা করা হলেও বিপুল বিনিয়োগের সুফল নির্ভর করবে প্রয়োজনীয় জনবল নিয়োগ, ওষুধ সরবরাহ, যন্ত্রপাতির ব্যবহার এবং নিয়মিত পরিচালন ব্যয় নিশ্চিত করার ওপর। বিদ্যমান জনবল সংকটের মধ্যে নতুন সেবাকেন্দ্রগুলো কার্যকরভাবে চালু রাখাই হবে বড় চ্যালেঞ্জ।

Get latest updates of CPD's research, policy discourse, publications, and events.