Originally posted in খবরের কাগজ on 10 November 2026

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের দায়িত্ব শুধু মুদ্রানীতির ওপর ছেড়ে দেওয়া উচিত নয়। রাজস্বনীতি, বাণিজ্যনীতি, জ্বালানিনীতি এবং বাজার ব্যবস্থাপনার মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। আমদানি প্রক্রিয়া সহজ করা, পরিবহন ও সরবরাহ ব্যয় কমানো, বাজারে প্রতিযোগিতা নিশ্চিত করা এবং নিম্ন আয়ের মানুষের জন্য সামাজিক সুরক্ষা জোরদার করা জরুরি। বিশেষ করে খাদ্যপণ্যের সরবরাহ ও বাজার ব্যবস্থাপনায় কার্যকর নজরদারি এবং দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছানোর ব্যবস্থা মূল্যস্ফীতির সামাজিক প্রভাব কমাতে সাহায্য করতে পারে।…
একটি দেশের অর্থনৈতিক অগ্রগতি শুধু কতটা প্রবৃদ্ধি অর্জিত হলো, তা দিয়ে বিচার করা যায় না। সেই প্রবৃদ্ধি মানুষের জীবনযাত্রায় কতটা স্বস্তি আনল, কত মানুষের জন্য কাজের সুযোগ সৃষ্টি করল এবং ভবিষ্যতের উন্নয়নের ভিত্তি কতটা শক্তিশালী করল, সেটিও সমান গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এখন এমন এক সময়ে দাঁড়িয়ে আছে, যখন অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার পাশাপাশি উন্নয়নের গতিপথকে নতুনভাবে সাজানোর প্রয়োজন দেখা দিয়েছে।
নির্বাচনের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণকারী নতুন সরকার অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে। ব্যাংকিং খাতের সুশাসন, বিনিয়োগবান্ধব পরিবেশ, কর্মসংস্থান সৃষ্টি, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং জনগণের জীবনযাত্রার উন্নয়ন এসব প্রতিশ্রুতির গুরুত্বপূর্ণ অংশ। এগুলো বাস্তবায়িত হলে অর্থনীতিতে আস্থা ও গতিশীলতা ফিরিয়ে আনার সুযোগ তৈরি হতে পারে। তবে সংস্কারের প্রকৃত সাফল্য নির্ভর করবে ঘোষণার চেয়ে বাস্তবায়নের ওপর। বিশেষ করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, উৎপাদন ও বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিকে বিচ্ছিন্ন লক্ষ্য হিসেবে না দেখে একটি সমন্বিত অর্থনৈতিক কৌশলের অংশ হিসেবে বিবেচনা করতে হবে।
বাংলাদেশের অর্থনীতি বর্তমানে এক জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও প্রবাসী আয়ের মতো কয়েকটি সূচকে ইতিবাচক পরিবর্তন দেখা গেলেও উচ্চমূল্যস্ফীতি, বেসরকারি বিনিয়োগের স্থবিরতা, শিল্প উৎপাদনের অনিশ্চয়তা এবং ব্যাংকিং খাতের দুর্বলতা অর্থনীতির পুনরুদ্ধারকে বাধাগ্রস্ত করছে। বিশেষ করে দীর্ঘদিন ধরে উচ্চমূল্যস্ফীতির কারণে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতার ওপর চাপ অব্যাহত রয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে গড় মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৬৮ শতাংশ। আগের অর্থবছরে তা ছিল ১০ দশমিক ০৩ শতাংশ। অর্থাৎ মূল্যস্ফীতির হার কিছুটা কমলেও তা এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। ২০২৬ সালের সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। একই সময়ে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ২২ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৩০ শতাংশ। খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি তুলনামূলক বেশি থাকার বিষয়টি জীবনযাত্রার সামগ্রিক ব্যয়ের ওপর অব্যাহত চাপের ইঙ্গিত দেয়।
এখানে মনে রাখা প্রয়োজন, মূল্যস্ফীতির হার কমার অর্থ পণ্যের দাম কমে যাওয়া নয়। বরং দাম আগের তুলনায় ধীরগতিতে বাড়ছে। ফলে কয়েক বছর ধরে জমে ওঠা উচ্চ জীবনযাত্রার ব্যয় মানুষের জন্য বড় সমস্যা হিসেবেই রয়ে গেছে। যাদের আয় মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে বাড়েনি, বিশেষ করে নির্দিষ্ট আয়ের মানুষ, স্বল্প মজুরির শ্রমিক এবং অনানুষ্ঠানিক খাতে কর্মরত জনগোষ্ঠী, তাদের ওপর এই চাপ আরও বেশি।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক দীর্ঘ সময় ধরে সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করেছে। নীতি সুদহার বাড়িয়ে ঋণ গ্রহণ ও সামগ্রিক চাহিদা কমানোর মাধ্যমে মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে। তবে বাংলাদেশের মতো আমদানিনির্ভর অর্থনীতিতে মূল্যস্ফীতির প্রকৃতি বিবেচনায় শুধু চাহিদা নিয়ন্ত্রণের ওপর নির্ভর করা কতটা কার্যকর, তা নতুনভাবে মূল্যায়ন করা প্রয়োজন।
সুদের হার কমালেই মূল্যস্ফীতি স্বয়ংক্রিয়ভাবে কমবে, এমন ধারণা সঠিক নয়। ঋণপ্রবাহ বৃদ্ধির ফলে সামগ্রিক চাহিদা বেড়ে গেলে মূল্যস্ফীতির চাপ আবারও বাড়তে পারে। আমদানির চাহিদা বাড়লে বৈদেশিক মুদ্রার বাজারেও নতুন চাপ সৃষ্টি হতে পারে। তাই সুদের হার কমানোর সম্ভাব্য সুফলের পাশাপাশি এসব ঝুঁকিও বিবেচনায় নিতে হবে। মুদ্রানীতির সিদ্ধান্ত হতে হবে তথ্যভিত্তিক এবং মূল্যস্ফীতির প্রত্যাশা ও আর্থিক খাতের স্থিতিশীলতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
বর্তমান বিনিয়োগ পরিস্থিতি মুদ্রানীতির এই ভারসাম্য রক্ষার প্রয়োজনীয়তাকে আরও স্পষ্ট করে। সাম্প্রতিক বছরগুলোতে জিডিপির অনুপাতে বেসরকারি ও মোট বিনিয়োগের নিম্নমুখী প্রবণতা অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। নতুন উৎপাদন সক্ষমতা তৈরি না হলে কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির সম্ভাবনাও সীমিত হয়ে পড়ে।
বিনিয়োগের স্থবিরতার জন্য শুধু উচ্চ সুদের হারকে দায়ী করা যাবে না। নীতিগত অনিশ্চয়তা, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের অভাব, ব্যাংকিং খাতের দুর্বলতা, নিয়ন্ত্রক জটিলতা এবং ব্যবসার উচ্চ ব্যয়ও গুরুত্বপূর্ণ প্রতিবন্ধকতা। একজন বিনিয়োগকারী দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নেওয়ার সময় করনীতি, শুল্ক, জ্বালানির মূল্য ও বৈদেশিক মুদ্রার প্রাপ্যতা সম্পর্কে পূর্বানুমানযোগ্যতা প্রত্যাশা করেন। এসব ক্ষেত্রে অনিশ্চয়তা থাকলে শুধু ঋণের সুদ কমিয়ে নতুন বিনিয়োগে কাঙ্ক্ষিত গতি আনা কঠিন।
আমদানি পরিস্থিতির মধ্যেও অর্থনীতির এই জটিলতা প্রতিফলিত হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে মোট পণ্য আমদানি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ২০ শতাংশ বেড়ে প্রায় ১২ দশমিক ৯০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। একই সময়ে মধ্যবর্তী পণ্য বা শিল্পে ব্যবহৃত উপকরণের আমদানি ১৯ দশমিক ১৩ শতাংশ বেড়েছে। কিন্তু মূলধনি পণ্যের আমদানি কমেছে ১৯ দশমিক ৯৫ শতাংশ এবং মূলধনি যন্ত্রপাতির আমদানি কমেছে ৩২ দশমিক ৪৭ শতাংশ। বিদ্যমান উৎপাদন ও বাণিজ্যিক কার্যক্রমের জন্য উপকরণের আমদানি বাড়লেও নতুন উৎপাদন সক্ষমতা তৈরির সঙ্গে সম্পর্কিত মূলধনি যন্ত্রপাতির আমদানি কমার বিষয়টি বিশেষভাবে লক্ষণীয়।
বৈদেশিক খাতের পরিস্থিতি কিছুটা স্বস্তি দিলেও সতর্কতা প্রয়োজন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম৬ পদ্ধতিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল প্রায় ২৭ দশমিক ৫৮ বিলিয়ন ডলার, যা ২০২৬ সালের সেপ্টেম্বরে বেড়ে ৩১ দশমিক ২০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তবে একই বছরের জুনের তুলনায় সেপ্টেম্বরে রিজার্ভ কিছুটা কমেছে। ফলে মুদ্রানীতির যেকোনো পরিবর্তনের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রার স্থিতিশীলতাকে গুরুত্ব দিতে হবে।
অর্থনৈতিক পুনরুদ্ধারের আলোচনায় আরেকটি বিষয় বিশেষ গুরুত্ব পাওয়া প্রয়োজন, সেটি হলো নারীর অর্থনৈতিক অংশগ্রহণ। মূল্যস্ফীতি, বিনিয়োগ ও কর্মসংস্থানের সংকট নারী ও পুরুষকে একইভাবে প্রভাবিত করে না। নিম্ন আয়ের পরিবারে খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্য ব্যয়ের চাপ সামলাতে নারীদের অনেক সময় নিজেদের প্রয়োজন সংকুচিত করতে হয়। অন্যদিকে ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের জন্য ঋণ, বাজার, প্রযুক্তি ও ব্যবসায়িক সহায়তা পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান বাধাগুলো উচ্চ সুদের পরিবেশে আরও কঠিন হয়ে উঠতে পারে।
বাংলাদেশে নারীর শিক্ষা ও অর্থনৈতিক অংশগ্রহণে অগ্রগতি হলেও শ্রমবাজারে তাদের সম্ভাবনার পূর্ণ ব্যবহার এখনো সম্ভব হয়নি। অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন পর্যায়ে নারীদের জন্য মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি, নারী উদ্যোক্তাদের প্রাতিষ্ঠানিক অর্থায়নে প্রবেশাধিকার এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে শিশুযত্ন ও পরিচর্যার সেবার সম্প্রসারণ নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই বিনিয়োগ ও শিল্পনীতিতে নারী উদ্যোক্তা এবং নারী শ্রমিকদের প্রয়োজনকে মূলধারায় আনতে হবে। এটি শুধু সামাজিক ন্যায়বিচারের প্রশ্ন নয়, অর্থনীতির উৎপাদনশীলতা ও প্রবৃদ্ধির সম্ভাবনা বাড়ানোরও একটি গুরুত্বপূর্ণ উপায়।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের দায়িত্ব শুধু মুদ্রানীতির ওপর ছেড়ে দেওয়া উচিত নয়। রাজস্বনীতি, বাণিজ্যনীতি, জ্বালানিনীতি এবং বাজার ব্যবস্থাপনার মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। আমদানি প্রক্রিয়া সহজ করা, পরিবহন ও সরবরাহ ব্যয় কমানো, বাজারে প্রতিযোগিতা নিশ্চিত করা এবং নিম্ন আয়ের মানুষের জন্য সামাজিক সুরক্ষা জোরদার করা জরুরি। বিশেষ করে খাদ্যপণ্যের সরবরাহ ও বাজার ব্যবস্থাপনায় কার্যকর নজরদারি এবং দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছানোর ব্যবস্থা মূল্যস্ফীতির সামাজিক প্রভাব কমাতে সাহায্য করতে পারে।
বাংলাদেশের অর্থনীতিতে এখনো বড় অভ্যন্তরীণ বাজার, তরুণ শ্রমশক্তি, উদ্যোক্তা সক্ষমতা ও রপ্তানি বহুমুখীকরণের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। কিন্তু এসব সম্ভাবনাকে বাস্তব অর্থনৈতিক অগ্রগতিতে রূপ দিতে হলে নীতিগত ধারাবাহিকতা, দক্ষ প্রতিষ্ঠান এবং বিনিয়োগকারীদের আস্থা প্রয়োজন। নতুন সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ হবে সংস্কারের অগ্রাধিকারগুলো সুস্পষ্ট করা এবং বাস্তবায়নের সময়সীমা ও দায়িত্ব নির্ধারণ করা। ব্যাংকিং খাতের সংস্কার, জ্বালানির নির্ভরযোগ্য সরবরাহ, ব্যবসার ব্যয় হ্রাস, দক্ষতা উন্নয়ন এবং নারী-পুরুষের জন্য সমান অর্থনৈতিক সুযোগ সৃষ্টির মতো বিষয়গুলোতে দৃশ্যমান অগ্রগতি অর্থনীতিতে আস্থা ফিরিয়ে আনতে পারে।
বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ যেমন আছে, তেমনি অর্থনৈতিক ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পরিবর্তন আনার সুযোগও রয়েছে। সেই সুযোগ কাজে লাগাতে সরকার, বাংলাদেশ ব্যাংক, বেসরকারি খাত এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সংস্কারের মাধ্যমে এমন একটি অর্থনীতি গড়ে তোলাই লক্ষ্য হওয়া উচিত, যেখানে উৎপাদনশীল বিনিয়োগ বাড়বে, নারী ও পুরুষের জন্য মানসম্মত কাজের সুযোগ সৃষ্টি হবে, মানুষের ক্রয়ক্ষমতা সুরক্ষিত থাকবে এবং উন্নয়নের সুফল আরও বিস্তৃতভাবে বণ্টিত হবে।
লেখক: নির্বাহী পরিচালক, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)


