আন্দোলনের আগে মজুরি বোর্ড গঠন হলে অস্থিতিশীলতা এড়ানো যেত: নাজনীন আহমেদ

Originally posted in The Business Standard on 13 November 2026

অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ার পর শ্রমিকদের মজুরি বাড়ানোর উদ্যোগ নেওয়া কাম্য নয়। আন্দোলন শুরুর আগে মজুরি বোর্ড গঠন করা হলে এই অস্থিতিশীলতা এড়ানো সম্ভব হতো বলে মনে করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ।

শুক্রবার ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘মজুরি বৃদ্ধির চেয়ে নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা পোশাক খাতের স্থিতিশীলতার জন্য বেশি জরুরি’ শীর্ষক বিতর্ক অনুষ্ঠানে নাজনীন আহমেদ বলেন, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় নির্ধারণে দেশের বড় অংশের জনগোষ্ঠীর কাছ থেকে তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া উচিত সরকারের।

তিনি বলেন, মূল্যস্ফীতির হার, জীবনযাত্রার ব্যয় এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার ব্যয় বিবেচনায় নিয়ে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা উচিত।

নাজনীন আহমেদ বলেন, ‘২০২৩ সালের পর ২০২৬ সালে মজুরি বোর্ড গঠন করার কথা ছিল। কিন্তু আন্দোলন শুরুর আগে সরকার মজুরি বোর্ড গঠন না করে করল আন্দোলন শুরুর পরে।’

তিনি বলেন, পোশাক খাতে মজুরি ও কর্মপরিবেশ সন্তোষজনক নয়। মালিকদের ক্ষেত্রেও তাই। জ্বালানি সংকট, বন্দর ব্যবস্থাপনা ও উৎপাদনশীলতা বাড়ানোর ক্ষেত্রেও মালিকেরা সব সময় সন্তোষজনক অবস্থায় নেই। তাই ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকদের সামর্থ্যও বিবেচনায় নিতে হবে।

তিনি বলেন, ‘শুধু গার্মেন্টস খাত নয়, সব খাতের শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি নির্ধারণ করা এবং কর্মপরিবেশ সুরক্ষিত ও নিরাপদ হওয়া উচিত। সরকার, মালিক ও শ্রমিকপক্ষ একত্রে এ খাতে স্থিতিশীলতা রক্ষা করতে পারে।’

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মজুরি বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে তৈরি পোশাক খাতের শ্রমিকদের বিক্ষোভ, সংঘাত, সড়ক অবরোধ ও ভাঙচুরের মধ্য দিয়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এখনো স্থিতিশীলতা ফিরে আসেনি।

তিনি বলেন, এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। বিদেশি ক্রেতাদের আস্থা হারানোর ঝুঁকি বাড়ছে। এতে রপ্তানি কমবে। এই অস্থিতিশীলতা চলমান থাকলে তৈরি পোশাক খাত কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবে। তাই পোশাক খাতের স্থিতিশীলতার জন্য যৌক্তিক বেতনকাঠামোর পাশাপাশি নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা—উভয়ই প্রয়োজন।

বিতর্ক অনুষ্ঠানে ঢাকা কলেজকে পরাজিত করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি বিজয়ী হয়।

Get latest updates of CPD's research, policy discourse, publications, and events.