কর্মক্ষম গোষ্ঠীকে কাজে লাগাতে না পারলে বোঝা হয়ে দাঁড়াবে – ফাহমিদা খাতুন

Originally posted in আগামীর সময় on 15 November 2026

একসময় দেশের বিপুল কর্মক্ষম জনগোষ্ঠীকে অর্থনীতির বড় সম্ভাবনা বা ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ মনে করা হলেও বর্তমানে তা বেকারত্ব ও দক্ষতাহীনতার এক উদ্বেগজনক বাস্তবে পরিণত হয়েছে। শিক্ষাব্যবস্থার সঙ্গে শিল্প খাতের চাহিদার অসামঞ্জস্য, বিনিয়োগে ধীরগতি এবং কাঠামোগত দুর্বলতার কারণে এ সম্ভাবনাময় মানবসম্পদ আজ দেশের জন্য বোঝা হতে চলেছে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের এ গভীর সংকট থেকে উত্তরণের উপায়সহ অর্থনীতির নানা দিক নিয়ে আগামীর সময়ের সঙ্গে কথা বলেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. ফাহমিদা খাতুন। সাক্ষাৎকার নিয়েছেন বিজনেস এডিটর মিজান চৌধুরী।

আগামীর সময়: দেশে বিপুল কর্মক্ষম মানুষ থাকা সত্ত্বেও তা কাজে লাগানো যাচ্ছে না। বিষয়টি কীভাবে দেখছেন?

ড. ফাহমিদা খাতুন: আমাদের শ্রমবাজারে প্রতি বছর ২০ থেকে ২২ লাখ মানুষ প্রবেশ করে; কিন্তু সবাই কাজ পায় না। তারা কর্মক্ষম ও যোগ্য হওয়া সত্ত্বেও কাজ না পাওয়ায় আয় থেকে বঞ্চিত হচ্ছে, যা পরিবারের পাশাপাশি দেশের জন্য বড় চাপ সৃষ্টি করছে। ২০৪৫ সালের মধ্যে আমাদের ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ বা জনমিতিক লভ্যাংশের সময় শেষ হয়ে যাবে এবং দেশের বিপুল জনগোষ্ঠী বয়স্ক হয়ে যাবে। এখনই এদের কাজে লাগাতে না পারলে এ ডিভিডেন্ড আমাদের জন্য ডেমোগ্রাফিক বার্ডেন বা বোঝা হয়ে দাঁড়াবে এবং প্রভাব বিপরীতমুখী হবে।

আগামীর সময়: শিক্ষিত বেকার বাড়ার মূল কারণ কী? শিক্ষাব্যবস্থা কি এখানে দায়ী?

ড. ফাহমিদা খাতুন: এখানে শিক্ষিত তরুণদের সরবরাহ ও শিল্প খাতের চাহিদার মধ্যে বড় একটি ফারাক আছে। বিশ্ববিদ্যালয় থেকে যারা পড়াশোনা শেষ করে বের হচ্ছে, তাদের দক্ষতার সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের চাহিদার কোনো মিল নেই। একদিকে চাকরিপ্রার্থীরা কাজ পাচ্ছেন না, অন্যদিকে নিয়োগকর্তারা যোগ্য লোক পাচ্ছেন না। এ ছাড়া দেশের সবাইকে ডেস্ক জব দেওয়ার মতো আমাদের অর্থনীতির আকার এখনো ততটা বড় হয়নি। তাই গতানুগতিক মানসিকতা থেকে বেরিয়ে তরুণদের কারিগরি বা ভোকেশনাল শিক্ষার দিকে ঝুঁকতে হবে। বিদেশে মানুষ প্লাম্বিং বা ড্রাইভিং পেশা নিয়ে কাজ করে, আমাদের মানসিকতারও পরিবর্তন আনতে হবে।

আগামীর সময়: নারী কর্মসংস্থান কাঙ্ক্ষিত হারে বাড়ছে না কেন? সামাজিক বাধা কতটা দায়ী?

ড. ফাহমিদা খাতুন: শ্রমবাজারে নারীর অংশগ্রহণ ৪০ শতাংশের কাছাকাছি হলেও এর প্রায় ৯০ শতাংশ নারীই কাজ করছে অনানুষ্ঠানিক খাতে— যেখানে মজুরি কম ও কাজের কোনো নিশ্চয়তা নেই। এ ছাড়া প্রযুক্তির ব্যবহার বাড়ায় অনেক নারী খাপ খাওয়াতে পারছে না, ফলে তৈরি পোশাক খাত থেকেও তারা ধীরে ধীরে পিছিয়ে পড়ছে। পাশাপাশি দেশে পর্যাপ্ত দিবাযত্ন কেন্দ্র বা ডে কেয়ার না থাকাও কর্মজীবী নারীদের পিছিয়ে পড়ার একটি বড় কারণ। নারীদের কর্মক্ষেত্রে ধরে রাখতে হলে এসব সুযোগ-সুবিধা নিশ্চিত করাটা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি।

আগামীর সময়: কর্মসংস্থান সৃষ্টি না হওয়ার পেছনে কি শুধু বিনিয়োগের খরাই দায়ী?

ড. ফাহমিদা খাতুন: অবশ্যই। কারণ আমাদের অর্থনীতির ৮০ ভাগই হচ্ছে ব্যক্তি খাত। সরকারি খাতে কাজের সুযোগ মাত্র ৫-৬ শতাংশ। বেসরকারি খাতে বিনিয়োগ না বাড়লে কর্মসংস্থান কোনোভাবেই বাড়বে না। বিনিয়োগকারীরা দেশে তখনই আসবে, যখন রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে, ব্যবসা পরিচালনার খরচ কমবে ও জ্বালানি সুবিধা নিশ্চিত হবে। আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্নীতি কমিয়ে উপযুক্ত পরিবেশ তৈরি করা ছাড়া বিকল্প উপায় নেই।

আগামীর সময়: নতুন উদ্যোক্তা তৈরিতে সরকারের ভূমিকা কতটা জরুরি বলে আপনি মনে করেন?

ড. ফাহমিদা খাতুন: যারা নতুন উদ্যোক্তা হতে চায়, তাদের পুঁজি থাকে না, আবার ব্যাংক লোনও সহজে পায় না। কারণ ব্যাংক ঋণ দেওয়ার আগে লেনদেনের রেকর্ড দেখতে চায়। তাই বিকল্প কর্মসংস্থান হিসেবে উদ্যোক্তা তৈরিতে সরকারের নীতিগত সহায়তা ও সহজ শর্তে ঋণ প্রাপ্তি নিশ্চিত করতে হবে। বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোক্তা ফান্ড কাজে লাগাতে হবে। পাশাপাশি তরুণদের ব্যবসার প্রশিক্ষণ ও মূলধনের ব্যবস্থা করতে হবে।

আগামীর সময়: এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য পাওয়া তিন বছর সময় কীভাবে কাজে লাগানো যায়?

ড. ফাহমিদা খাতুন: এ তিন বছর খুব বেশি সময় নয়। আমাদের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা, সহজ শর্তের ঋণ ও মেধাস্বত্ব আইনের সুবিধাগুলো চলে যাবে। তাই এখনই শুল্ক কাঠামোতে পরিবর্তন আনতে হবে। অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বাড়াতে হবে এবং আন্তর্জাতিক বাজার থেকে বাণিজ্যিক শর্তে ঋণ নেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে। সার্বিক প্রস্তুতি নেওয়ার জন্য এখন আমাদের হাতে নষ্ট করার মতো আর একদিনও সময় নেই।

Get latest updates of CPD's research, policy discourse, publications, and events.