Originally posted in কালেরকন্ঠ on 22 November 2026
বর্তমানে দেশের অর্থনীতি সংকটময় অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। রেমিট্যান্স, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং রপ্তানি আয়ে কিছুটা ইতিবাচক প্রবণতা দেখা গেলেও দেশীয় বিনিয়োগ ও উৎপাদনে কাঙ্ক্ষিত গতি ফিরে আসছে না।
বিশ্ববাজারে জ্বালানি তেলসহ বিভিন্ন পণ্যের উচ্চমূল্য এবং চড়া দামে এলএনজি বা গ্যাস আমদানির কারণে আমদানি ব্যয়ের ওপর বড় ধরনের চাপ তৈরি হয়েছে। বাহ্যিক খাতের এই চাপ কিছুটা কমানো সম্ভব হলেও অভ্যন্তরীণ সামষ্টিক অর্থনীতি এখনো বেশ কয়েকটি সংকটজনক জায়গায় অবস্থান করছে।
অভ্যন্তরীণ অর্থনীতির ক্ষেত্রে দুটি বড় চাপের জায়গা স্পষ্ট। প্রথমটি হলো ক্রমাগত উচ্চ মূল্যস্ফীতি, যা কিছুটা কমলেও কাঙ্ক্ষিত পর্যায়ে নামছে না।
দ্বিতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটি হলো সরকারি অর্থ ব্যবস্থাপনা। এই খাতে সময়মতো ও নিয়মিত বাস্তবভিত্তিক তথ্য-উপাত্ত না পাওয়ার কারণে প্রকৃত আর্থিক চাপের চিত্র সঠিকভাবে চিহ্নিত করা কঠিন হয়ে পড়ে। একদিকে ভর্তুকির চাপ ধারাবাহিকভাবে বাড়ছে, অন্যদিকে পে কমিশনের আর্থিক প্রভাব যুক্ত হয়ে সরকারি ব্যয়ে নতুন চাপ তৈরি করেছে। একই সঙ্গে লক্ষ্যমাত্রা অনুযায়ী, রাজস্ব আদায় না হওয়া এবং ঋণ ব্যবস্থাপনা চাপে থাকায় ঘোষিত বাজেটটি তার জায়গায় ধরে রাখা সম্ভব হবে না।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চলমান আলোচনার ক্ষেত্রে সরকারি ঋণ ব্যবস্থাপনা এবং ব্যাংক খাত—এই দুটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান সরকার বিগত ঋণের শর্তাবলি থেকে বের হয়ে আসার কথা বললেও অর্থনৈতিক সংস্কারের দায়বদ্ধতা কিন্তু বজায় রয়েছে। সে ক্ষেত্রে আইএমএফের যুক্তির জায়গা এবং সরকারের নিজস্ব সময়সীমার মধ্যে একটি সমন্বয় তৈরি করা জরুরি। সরকার তার কৌশলগত কাঠামোতে আগামী এক থেকে দুই বছরের মধ্যে অর্থনৈতিক পুনরুদ্ধারের যে লক্ষ্য নির্ধারণ করেছে, বর্তমান বাস্তবতায় নির্দিষ্ট সময়ে তা অর্জন করা কঠিন এবং এই সময়সীমা কিছুটা বিলম্বিত হতে পারে।
অর্থনৈতিক পুনরুদ্ধার বিলম্বিত হওয়ার এই বাস্তবতায় অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকারের দুটি বড় পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
প্রথমত, বিদ্যমান মধ্যমেয়াদি কাঠামোর বাইরে গিয়ে একটি কার্যকর ও বাস্তবমুখী বিকল্প পরিকল্পনা বা ‘প্ল্যান-বি’ উপস্থাপন করা উচিত। দ্বিতীয়ত, ঘোষিত বাজেটের মূল কাঠামো ধরে রাখা সম্ভব হবে না, তাই অনতিবিলম্বে একটি ছোট কিন্তু শতভাগ বাস্তবায়নযোগ্য ‘কোর বাজেট’ তৈরি করা প্রয়োজন, যা বাজেটের আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করবে।
বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর জন্য সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা এবং বিদ্যুৎ-জ্বালানি সংকটের নিরসন অপরিহার্য। পাশাপাশি সময়াবদ্ধ অর্থনৈতিক সংস্কার নিশ্চিত করতে হবে। এই সংস্কারপ্রক্রিয়ায় সরকারকে নিজেদের পছন্দসই ব্যবস্থার বাইরে গিয়ে কিছু রাজনৈতিক ও অর্থনৈতিক কঠিন সিদ্ধান্ত নিতে হবে। সরকার যদি এসব কঠোর পদক্ষেপের বিষয়ে অংশীজনদের সঙ্গে স্পষ্ট ও স্বচ্ছভাবে যোগাযোগ বা মতবিনিময় না করে, তবে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফেরানো সম্ভব হবে না।
রাজস্ব আদায় বাড়ানো এবং ব্যয়ের অগ্রাধিকার ঠিক করার মতো পদক্ষেপগুলো দীর্ঘ এক দশক ধরে আলোচিত হয়ে আসছে। তবে বর্তমান পরিস্থিতিতে তাড়াহুড়া করে দ্রুত প্রবৃদ্ধি অর্জনের চেষ্টা না করে অর্থনীতিকে আগে সামলিয়ে ও গুছিয়ে নিতে হবে। অর্থনীতিকে একটি টেকসই ভিত্তিতে দাঁড় করানোর পরই দ্রুত গতি বা বিকাশ সম্ভব; অন্যথায় প্রবৃদ্ধির কাঙ্ক্ষিত স্পিড বা গতি ধরে রাখা সম্ভব হবে না।
লেখক : গবেষণাপ্রধান, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)


