প্রাতিষ্ঠানিক কাঠামোর অনুপস্থিতি থেকেই বিশ্বাসের ঘাটতি ও অস্থিরতা – তৌফিকুল ইসলাম খান

Originally posted in বাংলা স্ট্রিম on 25 November 2026

স্ট্রিম গ্রাফিক্স

তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য ন্যূনতম মাসিক মজুরি ১৭ হাজার টাকা সুপারিশ করেছে মজুরি বোর্ড। মজুরি নির্ধারণের ক্ষেত্রে এবারও অতীতের সেই ঐতিহাসিক ধারাই অব্যাহত থাকতে দেখা গেল। আমাদের হিসাব অনুযায়ী, গত তিন বছরে শহরাঞ্চলে যে গড় মূল্যস্ফীতি হয়েছে, প্রস্তাবিত এই ১৭ হাজার টাকা হয়তো কেবল সেটুকুকেই সামাল দিতে পারবে।

ন্যূনতম মজুরি নির্ধারণের ক্ষেত্রে সিপিডির একটি সুস্পষ্ট প্রস্তাবনা ছিল। আমরা হিসাব করে দেখিয়েছিলাম যে, একজন শ্রমিককে যদি দারিদ্র্যসীমার ওপরে রাখতে হয়, তবে তার ন্যূনতম মজুরি হওয়া প্রয়োজন ১৮ হাজার ৫৭৮ টাকা। শেষদিকে শ্রমিক প্রতিনিধিরাও ১৮ হাজার টাকার যে দাবি তুলেছিলেন, তা মূলত এই দারিদ্র্যসীমার হিসাবটিরই কাছাকাছি। অন্যদিকে, আমরা যদি ন্যূনতম জীবনধারণের মজুরি বা ‘লিভিং ওয়েজ’-এর কথা বলি, তবে তা দাঁড়ায় প্রায় ২৪ হাজার টাকায়। আমাদের প্রত্যাশা ছিল, মজুরি নির্ধারণের দরকষাকষিটি এই ১৮ হাজার ৫০০ থেকে ২৪ হাজার টাকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

মজুরি বোর্ডের এই প্রস্তাবটি এখন শ্রম মন্ত্রণালয়ে যাবে এবং গেজেট আকারে প্রকাশিত হবে। সেই দিক থেকে চূড়ান্ত অনুমোদনের আগে সরকারের নীতিনির্ধারকদের সামনে এই সিদ্ধান্তটি হয়তো পুনর্বিবেচনা করার সুযোগ এখনও রয়েছে।

বর্তমান প্রক্রিয়ার ভেতর দিয়ে দুটি বিষয় অত্যন্ত স্পষ্টভাবে আমাদের সামনে উঠে এসেছে। প্রথমত, মজুরি নির্ধারণ প্রক্রিয়ায় মালিক ও শ্রমিক—এই দুই পক্ষের মধ্যে চরম আস্থার ঘাটতি রয়েছে। শ্রমিকদের একটি বড় অংশ এই মজুরিতে সন্তুষ্ট হতে পারেননি। এর মূল কারণ হলো, ন্যায্যভাবে মজুরি নির্ধারণের জন্য যে ধরনের বস্তুনিষ্ঠ তথ্য-উপাত্তের প্রয়োজন, বাংলাদেশে সেই প্রক্রিয়াটি এখনও বেশ দুর্বল। কারখানা পর্যায়ে মালিকদের প্রকৃত সক্ষমতা, শ্রমিকদের উৎপাদনশীলতা এবং স্থানীয় পর্যায়ে জিনিসপত্র ও পরিষেবার দামের কোনো সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত পাওয়া যায় না। এ ক্ষেত্রে মালিকদের করা দাবিগুলো স্বাধীনভাবে খতিয়ে দেখার সুযোগ হয় না। শ্রমিকদের দাবির ক্ষেত্রেও একই পরিস্থিতি। সামনের দিনে এই তথ্য-উপাত্তের ঘাটতি মেটানো অত্যন্ত জরুরি।

দ্বিতীয়ত, মজুরি নির্ধারণের জন্য একটি শক্তিশালী ও স্থায়ী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা প্রয়োজন। ২০২৬ সালের আইনে তিন বছর পর পর মজুরি নির্ধারণের কথা বলা থাকলেও, বাস্তবে এর কোনো সুস্পষ্ট প্রাতিষ্ঠানিক কাঠামো এখনও নেই। ঐতিহাসিকভাবে, শ্রমিকরা যখন রাস্তায় নেমে অসন্তোষ প্রকাশ করেন, তখনই কেবল মজুরি বোর্ড বসানোর তোড়জোড় শুরু হয়। আগে থেকেই যদি সময় নির্দিষ্ট করা থাকে যে কখন বোর্ড বসবে, তবে শ্রমিকদের দাবি আদায়ের জন্য আন্দোলন বা ভাঙচুরের পথ বেছে নিতে হবে না।

মজুরি নির্ধারণ প্রক্রিয়াটি কেবল কারিগরি বা অর্থনৈতিক কোনো বিষয় নয়, এটি গভীরভাবে রাজনৈতিকও। তাই সরকারের উচিত হবে কারিগরি দিকগুলোর পাশাপাশি রাজনৈতিক দিক থেকেও এটিকে এগিয়ে নেওয়া। মালিকপক্ষ, শ্রমিকপক্ষ, সরকার এবং রাজনৈতিক দলগুলোকে সম্মিলিতভাবে এই সংকটের সমাধানে কাজ করতে হবে।
মজুরি বৃদ্ধির আলোচনায় মালিকপক্ষ প্রায়শই নানাবিধ চ্যালেঞ্জের কথা বলে থাকেন। গুণগত অবকাঠামোর ঘাটতি, উৎপাদন খরচ বৃদ্ধি, প্রতিযোগী দেশগুলোর তুলনায় আমাদের পণ্যের দাম কম হওয়া, বিভিন্ন পর্যায়ে ঘুষ বা চাঁদা দেওয়ার বাধ্যবাধকতা এবং কারখানায় কাঁচামালের অপচয়—এই বিষয়গুলো মালিকপক্ষ সামনে আনেন। এই চ্যালেঞ্জগুলোর যে বাস্তব ভিত্তি রয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হলো, এই কাঠামোগত দুর্বলতা ও অব্যবস্থাপনার দায় কেন শেষ পর্যন্ত শ্রমিককে বহন করতে হবে? এটি শ্রমিকদের প্রতি এক ধরনের অবিচার।

এই খাতে আন্তর্জাতিক ক্রেতা বা বায়ারদের মূল্য নির্ধারণে একচেটিয়া আধিপত্য রয়েছে। মালিকপক্ষকে এই বায়ারদের সাথে সম্মিলিতভাবে দরকষাকষির সক্ষমতা বাড়াতে হবে। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কূটনৈতিক প্রক্রিয়াও থাকতে হবে। একইসঙ্গে, সরকারকে তার সহায়ক নীতি ও সুশাসনের জায়গাটি উন্নত করতে হবে। শিল্পের বিকাশে নিরবচ্ছিন্ন সরবরাহ ব্যবস্থা ও লজিস্টিকস সুবিধার উন্নয়ন এবং সার্বিক সুশাসন নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এগুলো বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারেও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মজুরি বৃদ্ধির সুফল। আমরা প্রায়ই দেখি, মজুরি বৃদ্ধির ঘোষণার সাথে সাথেই শিল্পাঞ্চলগুলোতে বাসাভাড়া এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাফিয়ে লাফিয়ে বেড়ে যায়। ফলে প্রকৃত আয় না বাড়ায় শ্রমিকরা মজুরি বৃদ্ধির কোনো সুফলই ভোগ করতে পারেন না। এই সমস্যার সমাধানে আইনি কাঠামো শক্তিশালী করার পাশাপাশি কিছু প্রায়োগিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন। যেমন—শিল্পাঞ্চলগুলোকে কেন্দ্র করে সরকারি-বেসরকারি উদ্যোগে শ্রমিকদের জন্য বাসস্থানের প্রকল্প গ্রহণ করা যেতে পারে। মালিকপক্ষ এখানে বিনিয়োগ করলে তা লাভজনকও হবে এবং শ্রমিকরাও ন্যায্য ভাড়ায় উন্নত পরিবেশে থাকার সুযোগ পাবেন।

মজুরি নির্ধারণ প্রক্রিয়াটি কেবল কারিগরি বা অর্থনৈতিক কোনো বিষয় নয়, এটি গভীরভাবে রাজনৈতিকও। তাই সরকারের উচিত হবে কারিগরি দিকগুলোর পাশাপাশি রাজনৈতিক দিক থেকেও এটিকে এগিয়ে নেওয়া। মালিকপক্ষ, শ্রমিকপক্ষ, সরকার এবং রাজনৈতিক দলগুলোকে সম্মিলিতভাবে এই সংকটের সমাধানে কাজ করতে হবে।

পোশাক খাতে চলমান এই অস্থিরতা ও অচলাবস্থা কারোর জন্যই মঙ্গলজনক নয়। বিজিএমইএ-এর সাম্প্রতিক জরিপে দেখা যাচ্ছে, শ্রমিক অসন্তোষ ও অস্থিতিশীলতার কারণে বিদেশি ক্রেতারা এরই মধ্যে বাংলাদেশ থেকে অনেক নিশ্চিত অর্ডার অন্য দেশে সরিয়ে নিচ্ছেন। এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে বাংলাদেশের পোশাক খাত নিয়ে আস্থার সংকট তৈরি হবে এবং পণ্যের দাম নির্ধারণে আমাদের দরকষাকষির ক্ষমতা আরও কমে যাবে।

এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন দ্রুততম সময়ের মধ্যে একটি সন্তোষজনক সমাধান। কালক্ষেপণ না করে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যকার এই মতবিরোধ দূর করতে হবে। যেহেতু উভয় পক্ষের মধ্যে আস্থার সংকট প্রকট—মালিকের যুক্তি শ্রমিকের কাছে এবং শ্রমিকের দাবি মালিকের কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না—তাই নিরপেক্ষ ও নৈর্ব্যক্তিকভাবে তথ্য-উপাত্ত এবং গবেষণার ভিত্তিতেই মজুরির চূড়ান্ত ফয়সালা হওয়া উচিত।

মনে রাখতে হবে, শ্রমিকরা যদি একটি উন্নততর জীবনের দিকে এগোতে না পারেন, তবে কেবল রপ্তানি বৃদ্ধির পরিসংখ্যান দিয়ে জাতীয় পর্যায়ে এই শিল্পের প্রকৃত বিকাশকে কখনোই অর্থবহ বলা যাবে না।

তৌফিকুল ইসলাম খান: গবেষণা প্রধান, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)

Get latest updates of CPD's research, policy discourse, publications, and events.