ন্যায্যতার নিশ্চয়তা – অধ্যাপক রওনক জাহান

সহিষ্ণু সমাজ সমৃদ্ধ আগামী

Originally posted in সমকাল on 26 November 2026

রওনক জাহান, রাষ্ট্রবিজ্ঞানী সম্মাননীয় ফেলো, সিপিডি

চারপাশে একটা আক্ষেপ আজকাল শোনা যায়। মানুষের সহনশীলতা কমে যাচ্ছে। পত্রিকার পাতা খুললে প্রায় রোজই চোখে পড়ে গণপিটুনির খবর, তুচ্ছ বিষয়ে মতের অমিল, তারপর মারধর, কখনও মৃত্যু। নাগরিক সমাজের বিশিষ্টজন আর শিক্ষাবিদরা অনেক বছর ধরে বলে আসছেন, রাজনৈতিক বিরোধ মেটাতে হবে সংযত আলাপে, সংলাপে। আমি নিজেও এ কথা বলেছি বহুবার। এ বছরের জানুয়ারিতে এক বিতর্ক প্রতিযোগিতায় তরুণদের সামনে বলেছিলাম, গণতন্ত্র ফেরাতে হলে আমাদের আরেকটু সহনশীল হতে হবে। তবে সত্যি কথা হলো, এসব শুভকামনা কাজে আসছে না। অসহিষ্ণুতা বেড়েই চলেছে। তাই মনে হয়, ‘সমাজে আরও সহনশীলতা চাই’– এই কথা বারবার আওড়ানোর চেয়ে প্রশ্নটা ঘুরিয়ে করা দরকার। মানুষ কেন অসহিষ্ণু হয়ে উঠছে? কোন কারণগুলো তাকে এদিকে ঠেলে দিচ্ছে? কারণ চেনা গেলে তবেই প্রতিকারের পথ খোঁজা যায়।

অনিশ্চয়তা ও নতুন বিভাজন

চব্বিশের জুলাইয়ে ছত্রিশ দিনের গণঅভ্যুত্থান দেড় দশকের কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটিয়েছিল। বায়ান্ন, উনসত্তর বা নব্বইয়ের মতো এবারও সামনে ছিল ছাত্ররা। এবার কোনো রাজনৈতিক দল প্রকাশ্যে নেতৃত্বে ছিল না। প্রাণহানিও হয়েছে আগের যে কোনো আন্দোলনের চেয়ে বেশি। মানুষ আশা করেছিল, এবার আলোচনা, বিতর্ক আর প্রতিযোগিতার পরিসর খুলবে। কিছুটা খুলেছেও।

কিন্তু সেই বছরের ডিসেম্বরেই সমকালকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলাম, কর্তৃত্ববাদী সরকারের পতনের পর গণতন্ত্রের পথে যাত্রা কখনোই মসৃণ হয় না। পুরোনো অগণতান্ত্রিক চর্চা থেকে যায়। নতুন করে যারা ক্ষমতায় আসেন, তাদের কাছেও পুরোনো পথে হাঁটাই সহজ মনে হয়। আরেকটা বিষয় তখনই চোখে পড়েছিল। আন্দোলন শেষ হতে না হতেই তর্ক শুরু হলো, কার অবদান কতটুকু, কে কী পেল। আগের কোনো আন্দোলনের পর এত দ্রুত এমন বিভাজন দেখিনি। মানুষের মনে তখন সবচেয়ে প্রবল অনুভূতি রাজনৈতিক অস্থিরতা নয়, অনিশ্চয়তা। সবাই একটা নতুন ধরনের রাজনীতি দেখতে চেয়েছিল; কিন্তু তা দেখতে কেমন হবে, কেউ জানত না।

ভয়ের নতুন চেহারা

সেই অনিশ্চয়তার মধ্যেই ভয়ের চেহারা বদলেছে। আগে এ দেশে ভয় আসত মূলত রাষ্ট্রের দিক থেকে। অভ্যুত্থানের আগেও জননিরাপত্তা বড় সংকটে ছিল এবং আজও বজায় আছে। পার্থক্য হলো, পুরোনো ভয়ের ওপর এখন চেপে বসেছে অসহিষ্ণুতার নতুন পরিবেশ। এখন ভয় আসে নানা গোষ্ঠীর কাছ থেকে, সামাজিক মাধ্যম থেকে। অনেক সময় মানুষ বুঝতেই পারে না, বিপদটা ঠিক কোথা থেকে আসছে।

অসহিষ্ণুতা শুধু রাজনৈতিক দলের সমস্যা নয়। ভিন্নমতের প্রতি সহনশীলতা আর শ্রদ্ধার অভাব নাগরিক সমাজেও কম নয়। সামাজিক মাধ্যম একে আরও উসকে দিয়েছে। সেখানে মানুষ চট করে রায় দিয়ে ফেলে, অন্যের গায়ে তকমা সেঁটে দেয়। কাউকে একেবারে বাতিল করে দেওয়ার প্রবণতা, যাকে বলা হয় ‘ক্যানসেল কালচার’– দিন দিন বাড়ছে। মিথ্যা তথ্য ছড়ায়, ঘৃণা উসকে ওঠে। ক্ষমতার বাইরে থাকা কেউ সমালোচনা করলেই হয়রানি আর হুমকি শুরু হয়। নারী, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য এই চাপ আরও বেশি। কারণ সমাজে ও অর্থনীতিতে তাদের ক্ষমতা সমান নয়। ‘জাতীয় নিরাপত্তা’র মতো ভারী শব্দও ঢিলেঢালাভাবে ব্যবহার করে সমালোচককে চুপ করানোর চেষ্টা আমরা দেখেছি। কেউ কিছু লিখেছেন বা বলেছেন বলেই নিরাপত্তা বিপন্ন হয় না। এর জন্য সুনির্দিষ্ট প্রমাণ লাগে।

গণতন্ত্র মানে নানা মতের পাশাপাশি থাকা, ভিন্নমত মুছে ফেলা নয়। গণতন্ত্রে প্রশ্ন তোলা মানুষের অধিকার। কিন্তু প্রশ্ন তোলা মানে কারও সম্পত্তি ভাঙচুর করা নয়, কাউকে গিয়ে মারধর করা নয়।

আইন হাতে তুলে নেওয়ার নেপথ্যে

আইন নিজের হাতে তুলে নেওয়া নিঃসন্দেহে চরম অসহিষ্ণুতার লক্ষণ। একে কোনোভাবেই সমর্থন করা যায় না। তবু প্রশ্ন করতে হবে, মানুষ কেন এমন করছে? বিচারব্যবস্থার ওপর আস্থা রাখতে না পারার জন্য কি সত্যিই সাধারণ মানুষকে দোষ দেওয়া যায়?

আমরা প্রায়ই দেখি, ক্ষমতাবান ও প্রভাবশালীরা বিশেষ ছাড় পান, যেন তারা আইনের ঊর্ধ্বে। মানুষ বারবার দেখে, অপরাধী শাস্তি এড়িয়ে পার পেয়ে যায়। এই অভিজ্ঞতা জমতে জমতে মানুষের মনে একটা বিশ্বাস দানা বাঁধে যে আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হয় না। এ ছাড়াও নিয়ম মেনে চললে অনেক সময় ন্যায়বিচার মিলে না।

আমাদের সমস্যা আইন বা নিয়মের অভাব নয়। সমস্যা হলো রাষ্ট্র সেগুলো সবার জন্য সমানভাবে প্রয়োগ করে না, আইন ভাঙলে শক্তিশালী মানুষদের জবাবদিহির মুখোমুখি হতে হয় না। স্বাধীনতার পর একের পর এক সরকারের আমলে এই চর্চা শিকড় গেড়েছে। প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ক্ষয় করা হয়েছে। যে দল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে, সে নিজের সুবিধার জন্য আর বিরোধীদের শাস্তি দিতে আইন ভাঙতে শুরু করে। আইন যদি ক্ষমতাসীনের হাতের অস্ত্র হয়ে ওঠে, সাধারণ মানুষ তার ওপর ভরসা রাখবে কীভাবে?

অভ্যুত্থানের পরও এই ছবি পুরোপুরি বদলায়নি। জুলাইকে ঘিরে অসংখ্য মামলা হয়েছে। অনেককে মাসের পর মাস জামিন ছাড়াই আটক রাখা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো এ নিয়ে উদ্বেগ জানিয়েছে। অপরাধের বিচার অবশ্যই হতে হবে, কিন্তু সেই বিচার হতে হবে ন্যায্য প্রক্রিয়ায়। ন্যায্য বিচার কোনো একপক্ষের পাওনা নয়, সব নাগরিকের অধিকার।

তাই মানুষকে শুধু ধৈর্য ধরতে বলায় সমাধান নেই। সংস্কারের অগ্রাধিকার হওয়া উচিত রাজনীতি ও রাজনৈতিক দলের মধ্যে; যাতে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় গেলে প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ– এগুলোকে দলীয় কাজে ব্যবহার করতে না পারে। বিচারব্যবস্থাকে এমনভাবে গড়তে হবে যাতে সাধারণ মানুষ বিশ্বাস করতে পারে, নিয়ম মানলে শেষ পর্যন্ত সে ন্যায়বিচার পাবে। আস্থা রাখার মতো বিচারব্যবস্থা দাঁড় করাতে পারলে তবেই আশা করা যায়, মানুষ আর আইন হাতে তুলে নেবে না।

প্রত্যাশা ও বাস্তবতার ব্যবধান

সামাজিক অসহিষ্ণুতা শুধু বাংলাদেশের সমস্যা নয়। সারা পৃথিবীতেই এর নানা রূপ দেখা যাচ্ছে। এর একটা ব্যাখ্যা হলো, মানুষের প্রত্যাশা বেড়েছে। বিশ্বায়ন আর প্রযুক্তির কল্যাণে আজ গরিব দেশের প্রত্যন্ত গ্রামের একটি দরিদ্র শিশুও জানে, উন্নত দেশের ধনীরা কেমন জীবন কাটান। সে-ও তেমন জীবন চায়। চিরকাল নিচুতলায় পড়ে থাকার নিয়তি সে মানতে রাজি নয়। ভাগ্য বদলাতে সে অবিশ্বাস্য ঝুঁকিও নেয়।

এই আকাঙ্ক্ষা সমাজে বিপুল পরিবর্তন এনেছে। শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য কমানো আর কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণে বাংলাদেশ যে অগ্রগতি করেছে, তার মূলে আছে এ মানুষেরাই। আমাদের খনিজ সম্পদ তেমন নেই। যা করেছি, মানুষের শ্রম আর উদ্ভাবনী শক্তি দিয়েই করেছি। চব্বিশের অভ্যুত্থানও এই আকাঙ্ক্ষারই প্রকাশ। শুধু বাংলাদেশে নয়, শ্রীলঙ্কা, নেপাল, ইন্দোনেশিয়া এবং ভারতেও তরুণরা রাস্তায় নেমেছে রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে এবং ন্যায্যতার দাবিতে। এই মানুষ আর এমন কোনো সমাজব্যবস্থা মানতে চায় না, যেখানে তার আকাঙ্ক্ষার জায়গা নেই, ব্যবস্থাটা যতই স্থিতিশীল হোক।

পুরোনো সমাজব্যবস্থা ভেঙে পড়লে বিশৃঙ্খলা আর অসহিষ্ণুতা দেখা দেয়। যতদিন পর্যন্ত না আমরা নতুন ও আরও ন্যায্য ব্যবস্থা গড়ে তুলতে না পারি, ততদিন হয়তো এ রকম অসহিষ্ণুতা দেখতে হতে পারে। আমাদের কাজ পুরোনো অন্যায্য ব্যবস্থা ফিরিয়ে আনা নয়। আমাদের চেষ্টা হওয়া উচিত আরও ন্যায্য, আরও অন্তর্ভুক্তিমূলক একটি সমাজ গড়া।

বিভেদ ও প্রতিহিংসার রাজনীতি

অসহিষ্ণুতার একটা বড় অংশ তৈরি করছেন রাজনীতিবিদদের একাংশ। ক্ষমতায় টিকে থাকতে তারা বিভেদের রাজনীতি করেন। রাজনৈতিকভাবে বানানো সামাজিক বিভাজন আজ সারাবিশ্বেই বাড়ছে। ভারত বা যুক্তরাষ্ট্রের দিকে তাকালেও দেখি, নির্বাচিত সরকারও নিয়ম উপেক্ষা করতে পারে, বিচার বিভাগের মতো প্রতিষ্ঠানকে দলীয় রঙে রাঙাতে পারে, সংখ্যালঘুকে কোণঠাসা করতে পারে। নিজেদের সমর্থকগোষ্ঠী পোক্ত রাখতে উগ্রচিন্তার রাজনীতিবিদরা সামাজিক মাধ্যমে ঘৃণা ছড়াচ্ছেন, প্রতিপক্ষকে দানব বানিয়ে তুলছেন।

আমাদের দেশে এর শিকড় অনেক গভীরে। প্রধান দলগুলো সমর্থন জোগাড় করতে আর ধরে রাখতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, টাকা, পেশিশক্তি আর সহিংসতাকে হাতিয়ার বানিয়েছে। দলের ভেতরেও গণতন্ত্রের চর্চা নেই। বড় সিদ্ধান্ত নেন শীর্ষ কয়েকজন নেতা, কখনও অন্যদের পরামর্শ উপেক্ষা করেই। যে দল নিজের ভেতরের ভিন্নমত সইতে পারে না, সে বাইরের প্রতিপক্ষকে সইবে কীভাবে? অভ্যুত্থানের পরপরই সতর্ক করেছিলাম, পুরোনো রাজনৈতিক বিভাজনের জায়গায় যেন নতুন বিভাজন বসানো না হয়, প্রতিহিংসার রাজনীতি যেন ফিরে না আসে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর একই কথা আবার লিখেছি। বাংলাদেশ বারবার গণতন্ত্রে ফিরেছে, কিন্তু তা টিকিয়ে রাখতে পারেনি। এর বড় কারণ, জয়ীরা সব নিয়ে নিতে চায়, প্রতিপক্ষকে নির্মূল করতে চায়। প্রতিটি নতুন সরকার প্রশাসন, পুলিশ আর রাষ্ট্রের প্রতিষ্ঠানে নিজের লোক বসায়। হেরে যাওয়া দলও প্রায়ই পুরো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে। অথচ গণতন্ত্রে প্রতিযোগিতা মানেই কেউ জিতবে, কেউ হারবে। প্রতিপক্ষকে সহ্য করতে না পারলে গণতন্ত্র টেকে না। সমালোচনা, মতপ্রকাশ, সংগঠন করার স্বাধীনতা আর চাপমুক্ত সংবাদমাধ্যম ছাড়া গণতন্ত্রের কোনো অর্থ থাকে না।

টাকার শাসন

ক্রমবর্ধমান অর্থনৈতিক বৈষম্য আর অতিধনীদের সীমাহীন লোভ অসহিষ্ণুতার আরেকটি উৎস। আমাদের দেশেও কিছু মানুষ বিপুল সম্পদ গড়েছেন, বৈষম্য বেড়েছে। সবখানে রাজনীতির লাগাম এখন টাকার হাতে। টাকার জোরে মিথ্যা বয়ান তৈরি হচ্ছে; যাতে মানুষে মানুষে বিভেদ আর সংঘাত বাধে।
আমাদের নির্বাচন এত ব্যয়বহুল যে ধনী ছাড়া কারও পক্ষে প্রার্থী হওয়া কঠিন। ইউনিয়ন পরিষদ থেকে সংসদ পর্যন্ত ধনী ব্যবসায়ীরাই বারবার জিতে আসেন। জিতে এসে ক্ষমতা কাজে লাগিয়ে আরও ধনী হন। বৈষম্য থেকে নির্বাচনী টাকা, টাকা থেকে ক্ষমতার অপব্যবহার, অপব্যবহার থেকে দুর্নীতি, তারপর আরও বৈষম্য। চক্রটা ঘুরতেই থাকে। টাকা, পেশিশক্তি আর রাজনীতির অনৈতিক বাঁধন ভাঙতে আইন করতে হবে, সেই আইন প্রয়োগও করতে হবে। দলগুলোর তহবিলের উৎস স্বচ্ছ না হলে এই বাঁধন ছেঁড়া যাবে না। অভ্যুত্থানের পরও সে কাজ অসমাপ্ত। বিশ্বজুড়ে গণতন্ত্রের মান যে নামছে, তার সঙ্গেও এই বৈষম্যের সম্পর্ক গভীর। মুখে আমরা গণতন্ত্র আর ন্যায়ের কথা বলি আর বাস্তবে সমাজ ও অর্থনীতিতে বৈষম্য বাড়তে দিই। এ ফারাকই মানুষের ক্ষোভকে অসহিষ্ণুতায় রূপ দেয়।

সংস্কারের বাস্তবতা

অভ্যুত্থানের পর সংস্কার নিয়ে অনেক আলোচনা হয়েছে। প্রায় সব দল আলোচনায় বসেছে, অনেক প্রস্তাবে একমতও হয়েছে। এটা ইতিবাচক। কিন্তু আলোচনার বড় অংশ ঘুরেছে সংবিধান, কাঠামো আর আইন নিয়ে। আলোচনা ছিল ঢাকাকেন্দ্রিক, দলের শীর্ষ নেতৃত্বনির্ভর। তৃণমূলের মানুষের কণ্ঠ সেখানে কমই শোনা গেছে। অথচ আমাদের আসল সমস্যা আইনের অভাব নয়, শিকড় গেড়ে বসা অগণতান্ত্রিক চর্চা। আইন একা সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে না। মানুষের আচরণ আর প্রতিষ্ঠানের গণতান্ত্রিক রূপান্তর ছাড়া নতুন আইনও পুরোনো ধাঁচেই প্রয়োগ হয়ে থাকবে।

সহনশীলতাও এমনই এক চর্চা। এটা উপদেশ শুনে জন্মায় না, গড়ে ওঠে ন্যায্যতার অভিজ্ঞতা থেকে। মানুষ যখন দেখবে ক্ষমতাবান অপরাধ করলে তারও বিচার হয়, নিয়ম মানলে ঠকতে হয় না, ভিন্নমত বললে হয়রানির শিকার হতে হয় না, তখন সে নিজেই নিয়ম মানবে, অপরের মতকেও জায়গা দেবে। গণতন্ত্র একবার এসে গেলেই কাজ ফুরিয়ে যায় না। একে প্রতিদিন লালন করতে হয়, চর্চা করতে হয়। নির্বাচিত মানুষদের সারাক্ষণ জবাবদিহির মধ্যে রাখার দায়ও নাগরিকের। সেই কাজটুকু না করলে নিজের অধিকারও রক্ষা করতে পারবে না। বাংলাদেশে আমরা বারবার স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছি, স্বৈরশাসককে ক্ষমতা থেকে সরাতেও পেরেছি। কিন্তু রাজনীতির চর্চা গণতান্ত্রিক পথে আনতে পারিনি। তাই আমাদের সামনের চ্যালেঞ্জ হলো রাজনীতির মোড় ঘোরানো। পরিচয়ের বিতর্ক আর বিভাজন থেকে সরে এসে আলোচনা হতে হবে নীতির পার্থক্য নিয়ে। রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত এমন বাস্তব পদক্ষেপ খুঁজে বের করা, যাতে সাধারণ মানুষের প্রতিদিনের জীবন আরও ভালো হয়।

দলগুলোর মধ্যে বিতর্ক হবে তাদের নীতি নিয়ে। তাদের নেতা বা সেই নেতাদের ঐতিহাসিক ভূমিকা নিয়ে নয়। জুলাই-পরবর্তী তরুণ রাজনীতিকরা যারা রাজনীতিতে এগোতে চান, তাদের উচিত সাধারণ মানুষের কথা শোনা। মানুষ নিজের জীবনে যে প্রয়োজন টের পায়, তার ওপর ভিত্তি করেই তাদের রাজনৈতিক কর্মসূচি গড়তে হবে। কোন নীতি আর কোন বাস্তব পদক্ষেপ সুশাসন আনবে এবং সবাইকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক ও ন্যায্য একটি ব্যবস্থা গড়বে, সেটা তাদের খুঁজে বের করতে হবে।

Get latest updates of CPD's research, policy discourse, publications, and events.