সুশাসনের অর্থনীতি – ফাহমিদা খাতুন

Originally posted in সমকাল on 29 November 2026

বাংলাদেশ গত কয়েক দশকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য হ্রাস, শিক্ষা, স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়নের বিভিন্ন সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। কিন্তু এই অগ্রগতির সুফল সমাজের সব শ্রেণি ও অঞ্চলের মানুষের কাছে সমানভাবে পৌঁছায়নি। অর্থনীতির আকার বেড়েছে, মানুষের গড় আয় বৃদ্ধি পেয়েছে, নতুন শিল্প ও সেবা খাতের সম্প্রসারণ ঘটেছে। একই সঙ্গে আয় ও সম্পদের বৈষম্য বেড়েছে, কর্মসংস্থানের মান নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে এবং বিপুলসংখ্যক মানুষ অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছেন। বিশেষ করে তরুণ, নারী, নিম্ন আয়ের মানুষ এবং অনানুষ্ঠানিক খাতে কর্মরত জনগোষ্ঠীর জন্য অর্থনৈতিক সুযোগ এখনও সীমিত।

এই বাস্তবতায় বাংলাদেশের উন্নয়ন আলোচনায় ন্যায্য অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত। ন্যায্য অর্থনীতি বলতে কেবল আয় পুনর্বণ্টন কিংবা দরিদ্র মানুষের জন্য আর্থিক সহায়তা বোঝায় না। এর মূল কথা হলো, অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ সবার জন্য উন্মুক্ত করা, শ্রমের ন্যায্যমূল্য নিশ্চিত করা, উৎপাদনশীল সম্পদ ও অর্থায়নে প্রবেশাধিকার বাড়ানো এবং অর্থনৈতিক সংকটের সময় মানুষের জীবন ও জীবিকা রক্ষার ব্যবস্থা গড়ে তোলা। অর্থাৎ প্রবৃদ্ধির পাশাপাশি দেখতে হবে কারা সেই প্রবৃদ্ধিতে অবদান রাখছেন, কারা এর সুফল পাচ্ছেন এবং কারা পিছিয়ে থাকছেন।

প্রবৃদ্ধি ও বৈষম্যের মধ্যে ক্রমবর্ধমান ব্যবধান

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খানা আয় ও ব্যয় জরিপ ২০২২ অনুযায়ী, জাতীয় পর্যায়ে আয়বৈষম্য পরিমাপের জিনি সহগ ২০১০ সালের ০.৪৫৮ থেকে ২০১৬ সালে ০.৪৮২ এবং ২০২২ সালে ০.৪৯৯-এ পৌঁছেছে। জিনি সহগ যত বেশি হয়, আয়বৈষম্য তত বেশি বোঝায়। একই জরিপে দেখা যায়, দেশের সর্বোচ্চ আয়ের ৫ শতাংশ পরিবার মোট আয়ের ৩০.০৪ শতাংশ পায়, অথচ সর্বনিম্ন আয়ের ৫ শতাংশ পরিবারের অংশ মাত্র ০.৩৭ শতাংশ। এটি অর্থনৈতিক সুযোগ ও আয়ের বণ্টনে বড় ধরনের অসমতার প্রতিফলন।

বৈষম্য শুধু আয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের সমাজে ভোগ বৈষম্য এবং সম্পদ বৈষম্যও বিদ্যমান। অর্থাৎ জমি, মূলধন, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রযুক্তি এবং আর্থিক প্রতিষ্ঠানের সেবা পাওয়ার ক্ষেত্রেও উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। উচ্চ আয়ের পরিবারের সন্তানরা তুলনামূলক ভালো শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশিক্ষণ ও পেশাগত যোগাযোগের সুযোগ পায়। অন্যদিকে নিম্ন আয়ের পরিবারের অনেক তরুণের দক্ষতা অর্জন ও চাকরি খোঁজার ব্যয় বহন করাই কঠিন। ফলে এক প্রজন্মের অর্থনৈতিক অসুবিধা এবং সংকট পরবর্তী প্রজন্মেও থেকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।

বিশ্বব্যাংকের বাংলাদেশ পভার্টি অ্যান্ড ইকুইটি অ্যাসেসমেন্ট ২০২৫ প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালের পর অর্থনৈতিক প্রবৃদ্ধি আগের তুলনায় কম অন্তর্ভুক্তিমূলক হয়েছে। ২০১০ থেকে ২০২২ সালের মধ্যে দারিদ্র্য কমলেও প্রবৃদ্ধির তুলনায় দারিদ্র্য হ্রাসের হার দক্ষিণ এশিয়ার গড়ের চেয়ে কম ছিল। অর্থাৎ অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল দরিদ্র জনগোষ্ঠীর কাছে যথেষ্ট পরিমাণে পৌঁছায়নি।

দারিদ্র্য কমলেও অর্থনৈতিক নিরাপত্তা বাড়েনি

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর খানা আয় ও ব্যয় জরিপ ২০২২ অনুযায়ী, জাতীয় দারিদ্র্যের হার ছিল ১৮.৭ শতাংশ এবং চরম দারিদ্র্যের হার ছিল ৫.৬ শতাংশ। তবে দারিদ্র্যসীমার ওপরে থাকা মানেই অর্থনৈতিক নিরাপত্তা অর্জন করা নয়। অনেক পরিবারের আয় এতটাই সীমিত যে অসুস্থতা, চাকরি হারানো, মূল্যস্ফীতি কিংবা প্রাকৃতিক দুর্যোগের মতো একটি বড় ধাক্কাই তাদের আবার দারিদ্র্যের মধ্যে ঠেলে দিতে পারে।

এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, বিপুলসংখ্যক মানুষের অর্থনৈতিক ধাক্কা সামলানোর সক্ষমতা কতটুকু। নিম্ন ও মধ্যম আয়ের অনেক পরিবারের নিয়মিত সঞ্চয় নেই। চিকিৎসা ব্যয় মেটাতে ঋণ নিতে হয়, সম্পদ বিক্রি করতে হয় কিংবা সন্তানের শিক্ষা ও পুষ্টির ব্যয় কমাতে হয়। মূল্যস্ফীতির কারণে প্রকৃত আয় কমলে এই পরিস্থিতি আরও কঠিন হয়। তাই ন্যায্য অর্থনীতির জন্য শুধু দারিদ্র্যসীমার নিচে থাকা জনগোষ্ঠী নয়, দারিদ্র্যের ঝুঁকিতে থাকা পরিবারগুলোকেও নীতির আওতায় আনতে হবে।

কর্মসংস্থানের অভাব ও কাজের মানের সংকট

বাংলাদেশের অর্থনীতির অন্যতম বড় দুর্বলতা হলো, প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে পর্যাপ্ত মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। বিবিএসের শ্রমশক্তি জরিপ ২০২৪ অনুযায়ী, বেকারত্বের হার ৩.৬৬ শতাংশ।

কিন্তু এই হার শ্রমবাজারের প্রকৃত সংকট পুরোপুরি প্রকাশ করে না। কারণ স্বল্প আয়, অনিয়মিত কাজ কিংবা পর্যাপ্ত কর্মঘণ্টা না পাওয়ার পরও অনেকে কর্মরত হিসেবে গণ্য হন। তা ছাড়া মোট কর্মসংস্থানের প্রায় ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে। যুব বেকারত্বের হার ৮.০৭ শতাংশ এবং উচ্চশিক্ষিতদের বেকারত্বের হার ১৩.৫৪ শতাংশ। অন্যদিকে ১৫-২৯ বছর বয়সী তরুণদের ২০.৩ শতাংশ শিক্ষা, কর্মসংস্থান বা প্রশিক্ষণ–কোনোটিতেই যুক্ত নেই। এটি শুধু চাকরির সংখ্যার সমস্যা নয়। কাজের উৎপাদনশীলতা, মজুরি, নিরাপত্তা ও ভবিষ্যৎ উন্নতির সুযোগেরও সমস্যা। কৃষি থেকে শ্রমিকের শিল্প ও সেবা খাতে স্থানান্তর ঘটলেও পর্যাপ্ত উৎপাদনশীল ও উচ্চ আয়ের কর্মসংস্থান সৃষ্টি হয়নি। শিল্পায়ন কয়েকটি খাতে কেন্দ্রীভূত রয়েছে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা অর্থায়ন, বাজার, প্রযুক্তি এবং নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের সমস্যায় পড়ছেন।

এই পরিস্থিতি পরিবর্তনে বিনিয়োগনীতির কেন্দ্রে কর্মসংস্থানকে রাখতে হবে। কৃষিভিত্তিক প্রক্রিয়াজাত শিল্প, হালকা প্রকৌশল, স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তি, পরিবেশবান্ধব উৎপাদন ও স্থানীয় সেবা খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ রয়েছে। পাশাপাশি কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণকে শিল্পের বাস্তব চাহিদার সঙ্গে যুক্ত করতে হবে। শুধু প্রশিক্ষণপ্রাপ্ত মানুষের সংখ্যা নয়, প্রশিক্ষণের পর কতজন স্থায়ী ও উপযুক্ত আয়ের কাজে যুক্ত হচ্ছেন, সেটিই হওয়া উচিত সাফল্যের মাপকাঠি।

নারীর অর্থনৈতিক অংশগ্রহণে অসমতা

বাংলাদেশে মেয়েদের শিক্ষা ও নারীর কর্মসংস্থানে অগ্রগতি হলেও অর্থনৈতিক অংশগ্রহণে নারী-পুরুষের ব্যবধান এখনও বড়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, নারীর শ্রমশক্তিতে অংশগ্রহণের হার ২০২২ সালের ৪২.৭৭ শতাংশ থেকে ২০২৩ সালে ৪১.৫ শতাংশ এবং ২০২৪ সালে ৩৮.৪ শতাংশে নেমে এসেছে। অর্থাৎ দুই বছরের ব্যবধানে নারীর শ্রমশক্তিতে অংশগ্রহণের হার ৪.৩৭ শতাংশ পয়েন্ট কমেছে। নারীদের কর্মসংস্থানের বাধা শুধু দক্ষতা বা শিক্ষার ঘাটতি নয়। নিরাপদ যাতায়াত, শিশু পরিচর্যার ব্যবস্থা, কর্মক্ষেত্রের নিরাপত্তা, সামাজিক দৃষ্টিভঙ্গি, সম্পদের মালিকানা এবং অর্থায়নের সীমাবদ্ধতাও গুরুত্বপূর্ণ। পরিবারে শিশু, প্রবীণ ও অসুস্থ সদস্যদের পরিচর্যার অবৈতনিক দায়িত্বের বড় অংশ নারীদের ওপর পড়ে। ফলে অনেক শিক্ষিত নারীও নিয়মিত চাকরি বা উদ্যোক্তা কার্যক্রমে যুক্ত হতে পারেন না। ন্যায্য অর্থনীতি গড়তে কর্মক্ষেত্রে সমান সুযোগ ও সমমূল্যের কাজের জন্য সমান মজুরি নিশ্চিত করতে হবে। সাশ্রয়ী শিশুযত্ন কেন্দ্র, নিরাপদ গণপরিবহন, মাতৃত্বকালীন সুরক্ষা, নারীবান্ধব কর্মপরিবেশ এবং নারী উদ্যোক্তাদের জন্য কার্যকর অর্থায়ন প্রয়োজন। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জবাবদিহির ক্ষেত্রেও নারীর নিয়োগ, পদোন্নতি, মজুরি ও নেতৃত্বে অংশগ্রহণের তথ্য নিয়মিত প্রকাশ করা উচিত।

সামাজিক সুরক্ষাব্যবস্থার দুর্বলতা

অর্থনৈতিকভাবে দুর্বল জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা অপরিহার্য। কিন্তু বাংলাদেশে সামাজিক সুরক্ষার আওতা, ভাতার পরিমাণ এবং উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে বড় ধরনের দুর্বলতা রয়েছে। সবচেয়ে দরিদ্র পরিবারগুলোর মধ্যে সবাই সামাজিক সুরক্ষা পায় না। আবার যাদের সহায়তা দরকার নেই তারা সামাজিক সুরক্ষার অধীনে সুবিধা পাচ্ছে। এটি সরকারি সহায়তা বণ্টনের অদক্ষতার বহিঃপ্রকাশ। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সামাজিক সুরক্ষার জন্য এক লাখ ৪৪ হাজার ৩৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতা সম্প্রসারণের উদ্যোগও রয়েছে। তবে বরাদ্দ বৃদ্ধি পেলেই সুরক্ষা কার্যকর হবে না। প্রকৃত দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলো সুবিধা পাচ্ছে কিনা এবং প্রাপ্ত অর্থ দিয়ে ন্যূনতম প্রয়োজন মেটানো সম্ভব হচ্ছে কিনা, তা মূল্যায়ন করতে হবে।

বাংলাদেশে একটি সমন্বিত সামাজিক সুরক্ষাব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন, যেখানে দারিদ্র্য, কর্মহীনতা, অসুস্থতা, প্রতিবন্ধিতা ও বার্ধক্যের ঝুঁকি বিবেচিত হবে। বিশেষ করে অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের জন্য স্বল্প ব্যয়ের স্বাস্থ্য বীমা, দুর্ঘটনা সুরক্ষা এবং ধাপে ধাপে বেকারত্বকালীন সহায়তা চালু করা যেতে পারে। উপকারভোগীর তথ্য নিয়মিত হালনাগাদ এবং সরাসরি ডিজিটাল অর্থ স্থানান্তরের মাধ্যমে অপচয় ও অনিয়ম কমানো সম্ভব।

ন্যায্য করব্যবস্থা ও সরকারি ব্যয়ের অগ্রাধিকার

ন্যায্য অর্থনীতির জন্য রাজস্বনীতির সংস্কারও জরুরি। বাংলাদেশের করব্যবস্থা এখনও পরোক্ষ করের ওপর অতিরিক্ত নির্ভরশীল। মূল্য সংযোজন করের মতো করের বোঝা নিম্ন আয়ের মানুষের ওপর তুলনামূলক বেশি পড়ে, কারণ তারা আয়ের বড় অংশ নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবায় ব্যয় করেন। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের কর-জিডিপি অনুপাত ছিল মাত্র ৬.৮ শতাংশ। এত সীমিত রাজস্ব দিয়ে মানসম্মত শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা ও অবকাঠামোয় পর্যাপ্ত বিনিয়োগ করা কঠিন।
করব্যবস্থাকে আরও প্রগতিশীল করতে উচ্চ আয়ের ব্যক্তি ও প্রতিষ্ঠানের কর পরিপালন নিশ্চিত করতে হবে। অযৌক্তিক করছাড় কমানো, সম্পদ ও আয়ের তথ্য সমন্বয় এবং কর ফাঁকি প্রতিরোধ জরুরি। একই সঙ্গে শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্যসেবা, পুষ্টি, দক্ষতা উন্নয়ন এবং দরিদ্র জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষায় সরকারি ব্যয়ের কার্যকারিতা বাড়াতে হবে।

অর্থনৈতিক সুযোগে সমতা প্রতিষ্ঠা

বাংলাদেশে ন্যায্য অর্থনীতি প্রতিষ্ঠার আরেকটি শর্ত হলো, উৎপাদনশীল সম্পদ ও বাজারে প্রবেশের সুযোগ বাড়ানো। ক্ষুদ্র কৃষক, নারী উদ্যোক্তা, তরুণ এবং ছোট ব্যবসা প্রতিষ্ঠান অনেক সময় জামানতের অভাব ও উচ্চ ঋণব্যয়ের কারণে অর্থায়ন পায় না। অন্যদিকে প্রভাবশালী ঋণগ্রহীতাদের কাছে ব্যাংকঋণ কেন্দ্রীভূত হলে অর্থনৈতিক বৈষম্য আরও গভীর হয়।

এ জন্য ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ নিশ্চয়তা ব্যবস্থা, বিকল্প জামানত, বাজার সংযোগ এবং প্রযুক্তিগত সহায়তা সম্প্রসারণ প্রয়োজন। সরকারি ক্রয়ব্যবস্থায় যোগ্য ক্ষুদ্র প্রতিষ্ঠানের অংশগ্রহণের সুযোগও বাড়ানো যেতে পারে। তবে শুধু সহজ শর্তে ঋণ দিলেই উদ্যোক্তা তৈরি হবে না; ব্যবসার পরিবেশ, অবকাঠামো, প্রশিক্ষণ এবং পণ্যের বাজার নিশ্চিত করাও প্রয়োজন।

অঞ্চলভিত্তিক বৈষম্য কমাতে ঢাকার বাইরে উৎপাদনশীল বিনিয়োগ, স্বাস্থ্যসেবা, শিক্ষা, পরিবহন ও ডিজিটাল অবকাঠামো উন্নত করতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত উপকূলীয় ও দুর্যোগপ্রবণ এলাকার মানুষের জন্য বিকল্প জীবিকা এবং পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করাও ন্যায্য অর্থনীতির অংশ।

Get latest updates of CPD's research, policy discourse, publications, and events.