Sunday, May 24, 2026
spot_img
Home CPD in the Media

দেশের অনেক মানুষ ভয়াবহ দারিদ্র্যের মাঝে আছে: ড. মোয়াজ্জেম

Originally posted in সময় নিউজ on 22 May 2026

দেশের অনেক মানুষ ভয়াবহ দারিদ্র্যের মাঝে আছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।

তিনি বলেছেন, তিন মাসের অর্থনীতিতে নতুন সরকারকে দেশের ভেতরে ও বাইরের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। অর্থনীতি যে জায়গায় দাঁড়িয়ে আছে তা খুব একটা ভালো না। বেসরকারি খাতে ঋণ প্রবাহ ৫ শতাংশের নিচে।

শুক্রবার (২২ মে) জাতীয় প্রেসক্লাবে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ আয়োজিত ‘বিএনপি সরকারের তিন মাস-প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় খন্দকার গোলাম মোয়াজ্জেম এসব কথা বলেন।

তিনি বলেন, মূল্যস্ফীতি কমবে না। সরকার বলছে, সাড়ে সাত শতাংশ। যদিও মূল্যস্ফীতি নয় শতাংশ। সরকার রাজস্ব আদায় বাড়াতে পারছে না।

ড. মোয়াজ্জেম বলেন, রফতানিও ভালো অবস্থায় নেই। এতে রিজার্ভে টান পড়ছে। শুধু রেমিট্যান্স ভালো আছে। তবে ঈদের পর ভিন্ন চিত্র দেখা যাবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে মানুষ যেতে পারছে না। আগামী অর্থ বছরে প্রচুর ভর্তুকি দিতে হবে। সরকার মোটামুটি ভালো প্রস্তুতি নিয়ে বাজেট তৈরি করছে। সরকারের সুদূরপ্রসারী চিন্তাভাবনা রয়েছে।

খাল খনন কিংবা স্বাস্থ্য কার্ডে যেন স্থানীয় নেতারা প্রভাব ফেলতে না পারেন সরকারের প্রতি সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ছয় মাসের টার্গেট থাকলেও, মন্ত্রীদের ও মন্ত্রণালয়ের পারফরম্যান্স গড়পড়তা। শুধু সচিবালয় না প্রান্তিক পর্যায়ের মন্ত্রীর পরিচয় জানবে, আমরা সেটা চাইবো।

ড. মোয়াজ্জেম বলেন, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক সংস্কার করেনি। করলে আমরা আরও গুণগত মানসম্মত সংসদ পেতাম।

তিনি বলেন, দেশে দুর্নীতি থাকবে। দুর্নীতি একেবারে দমন সম্ভব না। তবে লাগাম টানা সম্ভব। এটাই দেখার বিষয় যে দুর্নীতিতে জড়িতদের কতটা বিচার করছে সরকার।

সিপিডির গবেষণা পরিচালক বলেন, ইনহেরিটেন্স কর নিতে হবে। এতে রাজস্ব আদায়ে সুফল পাওয়া যাবে। ভ্যাট ১৫% কমিয়ে ৯% আনার সুযোগ আছে।

তিনি আরও বলেন, অল্প সময়ে বাজেট ঘোষণা করা উচিত না। দ্রুত সংসদীয় কমিটি গঠন করা। বাজেটের আগেই যে স্থায়ী কমিটিগুলো গঠনের আহ্বান। বাজেট অধিবেশনে বিরোধীদলের আরও সক্রিয় ভূমিকা দরকার।

Get CPD's latest research, policy insights, publications, and event updates.