Tuesday, February 24, 2026
spot_img
Home CPD in the Media

শুভংকরের ফাঁকি আছে সামাজিক নিরাপত্তা খাতে – ফাহমিদা খাতুন

Originally posted in বণিক বার্তা on 11 June 2024

বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেছেন, ‘প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা খাত নিয়ে শুভংকরের ফাঁকি রয়েছে। এ খাতের বরাদ্দ ফুলিয়ে-ফাঁপিয়ে দেখানো হয়েছে। পেনশন, সঞ্চয়পত্রের সুদ ও কৃষি ভর্তুকিকে বলা হয়েছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, যা উচিত নয়।’

গতকাল রাজধানীতে ‘সম্পাদক পরিষদ’ ও সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনারস’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ফাহমিদা খাতুন বলেন, ‘বাজেট বক্তব্যের শুরুর দিকে ভালো ভালো কথা থাকে। তা কাজে লাগানো হয় না। বরং সুবিধাবাদীদের স্বার্থ রক্ষায় করের প্রস্তাব দেয়া হয়। এ ধরনের নৈতিক ও অর্থনৈতিক ভিত্তিহীন দর্শন যে বাজেটে থাকে, তাতে সংবিধানে উল্লেখিত বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলার মূল উদ্দেশ্য ধূলিসাৎ হয়ে যায়।’

ফাহমিদা খাতুনের মতে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কথা শুনে যোগ-বিয়োগ করে নতুন বাজেট করা হয়েছে। কিন্তু প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়া রাজস্ব আহরণের লক্ষ্য অর্জন সম্ভব নয়। তিনি বলেন, ‘বিভিন্ন খাতকে চলমান রাখতে প্রয়োজন ভালো ব্যাংক খাত। অথচ খাতটি ভঙ্গুর থেকে ভঙ্গুরতর হয়ে গেছে। এ খাতে সাধারণ মানুষের জন্য কিছু নেই, আস্থাও নেই।’

ফাহমিদা খাতুন বলেন, ‘কর্মসংস্থান সৃষ্টির সক্ষমতা কমে গেছে অর্থনীতির। বলা হচ্ছে, বেকারত্বের হার ৩ দশমিক ৬ শতাংশ। এ হিসাব কীভাবে করা হয়, তা তো আমরা জানি। সপ্তাহে ১ ঘণ্টা কাজ করলেও তা যুক্ত হচ্ছে। বাস্তবে বেকারত্বের হার ১০ দশমিক ৬ শতাংশ। কিছুদিন আগে একটা পত্রিকায় এসেছে, চাকরির জন্য এসএসসি পাস দরকার, অথচ আবেদন বেশি এসেছে মাস্টার্স ডিগ্রিধারীদের।’