
১২ জুলাই সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) ও এফ্যারটস ফর রুরাল এডভ্যান্সমেন্ট (ইরা)- এর যৌথ উদ্যোগে নাগরিকতা–সিভিক এনগেজমেন্ট ফান্ডের আওতায় বাস্তবায়নাধীন “সাম্য ও সমতার বাংলাদেশ: জনগণের অংশগ্রহণে টেকসই উন্নয়ন” শীর্ষক প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে “সুনামগঞ্জ জেলায় নারীর ক্ষমতায়নের পথে অন্তরায়: কর্মসংস্থান ও নারীর বৃত্তিমূলক শিক্ষার সুযোগ ও চ্যালেঞ্জ” বিষয়ে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপনে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সুনামগঞ্জ জেলার সদর, তাহিরপুর, দোয়ারাবাজার ও বিশ্বম্বভরপুর উপজেলায় নারী শিক্ষা, কর্মদক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ে নাগরিকদের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও মতামত তুলে ধরা হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মিনহাজুর রহমান। এছাড়া সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ মতিউর রহমান খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব সুনজিত কুমার চন্দ, সহকারী কমিশনার জনাব সাকিবুর রহমান, বিভিন্ন খাতভিত্তিক জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, স্থানীয় কর্তৃপক্ষের প্রতিনিধি এবং সিটিজেনস গ্রুপের সদস্যবৃন্দ।
সভায় সামাজিক নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত ফলাফল উপস্থাপনের পর জেলা প্রশাসক মহোদয় পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময়ে অংশগ্রহণ করেন। এ সময় তিনি তাঁদের অভিজ্ঞতা, মতামত ও সুপারিশ মনোযোগসহকারে শোনেন। পরবর্তীতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ উপস্থাপিত ফলাফল ও সুপারিশ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং সুপারিশসমূহ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)-এর সিনিয়র রিসার্চার ও প্রকল্প কোঅর্ডিনেটর ড. দ্বিজেন মল্লিক, প্রকল্প পরামর্শক জনাব মোজাহিদুল ইসলাম, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অ্যাসোসিয়েট জনাব মো. জাওয়াদুল করিম, ইরা এর প্রোগ্রাম ডিরেক্টর জনাব মো. কামরুজ্জামান, নাগরিকতা–ইরা কর্মসূচির ফিল্ড কোঅর্ডিনেটর তৃপ্তি দে , কমিউনিটি ভলান্টিয়ারসহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিনিধিবৃন্দ।
এখানে উল্লেখ্য যে, Embassy of Switzerland in Bangladesh, Canada’s Foreign Policy—Global Affairs Canada, European Union in Bangladesh এর যৌথ সমর্থনে GFA Consulting Group GmbH Centre for Policy Dialogue (CPD) এই কার্যক্রমটি পরিচালনা করছে


